বেনাপোল বন্দর পরিস্থিতি

যশোরের বেনাপোল স্থল বন্দরে অস্থিরতা লাগিয়াই আছে। সর্বশেষ খবর অনুযায়ী এই বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্যরা ইউনিয়নের নিকট তাহাদের পাওনা ৪২ লক্ষ টাকা আদায়ের দাবিতে গত বৃহস্পতিবার হইতে কর্মবিরতি পালন করে। যাহা ইতোমধ্যে প্রত্যাহার করা হইয়াছে। প্রতিমাসে এই টাকা দেওয়ার কথা থাকিলেও ইউনিয়ন নেতৃবৃন্দ টালবাহানা করিতেছেন বলিয়া জানা যায়। এক পর্যায়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও অন্তর্কলহে দুই জন শ্রমিক আহত হয়। বলাবাহুল্য, এসব ঘটনায় বন্দরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। ইহার আগে চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করে বন্দর ব্যবহারকারী ছয়টি সংগঠন। সংগঠনগুলি হইল, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, যশোর চেম্বার অব কমার্স, বেনাপোল ট্রাক মালিক সমিতি, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন। তাহাদের দাবি ছিল বন্দর হইতে আমদানিকৃত পণ্য চুরি, লোড-আনলোডে অতিরিক্ত অর্থ আদায় ও হ্যান্ডলিং শ্রমিকদের বখশিশের নামে বলপূর্বক চাঁদাবাজি ইত্যাদি বন্ধ করিতে হইবে। এইসব দাবিতে তাহারা ইতোপূর্বে আলটিমেটামও দেয়। কিন্তু তাহাতে কোন কাজ হয় নাই। কোন প্রতিকার না পাইয়া তাহারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়। সাময়িকভাবে সেই কর্মসূচি স্থগিত করা হইলেও আবার লাগাতার ধর্মঘটে যাইতে পারেন ব্যবসায়ীরা। বেনাপোল বাংলাদেশের সর্ববৃহত্ স্থলবন্দর। আমদানি ও রফতানি নির্ভর বাণিজ্যের অন্যতম প্রাণভোমরা। কোন কারণে এই বন্দরের কার্যক্রম ব্যাহত হইলে সরকার প্রতিদিন প্রায় ১১ কোটি টাকার রাজস্ব হইতে বঞ্চিত হয়। বন্দরের অচলাবস্থা জাতীয় অর্থনীতির জন্য অশনি সংকেত ডাকিয়া আনে। তাই বেনাপোল বন্দরের সংকট নিরসনকে অগ্রাধিকার দেওয়া বাঞ্ছনীয়। উল্লেখ্য, ভারতের কলকাতা হইতে এই বন্দরের দূরত্ব মাত্র ৭৬ কিলোমিটার। ফলে প্রতিবেশী দেশের সহিত স্থলপথে দ্রুত আমদানি ও রফতানির জন্য ইহা সবচাইতে সহজ রুট হিসাবে বিবেচিত। এই কারণে বেনাপোলের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম ও অনস্বীকার্য। মূলত ব্যবসা-বাণিজ্যের প্রসার ও অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র বন্দরের তুলনায় স্থলবন্দরের ভূমিকা কম নহে। কিন্তু বেনাপোলের সংকটের সমাধান, বন্দরের সুযোগ-সবিধা বৃদ্ধি, সংস্কার ও উন্নয়নে আমাদের উদাসীনতাই লক্ষ্য করা যায়। কোনকিছুর প্রতিকার চাহিয়া তাহা না পাওয়া গেলে সংক্ষুব্ধ ব্যক্তিরা সর্বশেষ অস্ত্র হিসাবে ধর্মঘট পালন ছাড়া আর কিবা করিতে পারেন? বিক্ষুব্ধ সংগঠনগুলির ক্ষোভ প্রশমনে সরকারকে কার্যকরি উদ্যোগ গ্রহণ করিতে হইবে। চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে গ্রহণ করিতে হইবে যথাযথ পদক্ষেপ। প্রায়শ বন্দর হইতে মালামাল চুরির অভিযোগ পাওয়া যায় এবং সেই খবর প্রকাশিত হয় পত্র-পত্রিকায়। বলা যায়, বেনাপোলে পণ্য বোঝাই ট্রাক ছিনতাই ও চুরির আতঙ্ক অতীতে যেমন ছিল, তেমনি বর্তমানেও আছে। পরিবেশ-পরিস্থিতির বিশেষ কোন উন্নতি হয় নাই। তাই বন্দরের আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি হইয়া পড়িয়াছে। অভিযোগ আছে যে, শেড ইনচার্জ, শেডের ট্যান্ডল ও বন্দরের কতিপয় চোর সিন্ডিকেটের জ্বালায় অতিষ্ঠ ব্যবসায়ীরা। অতএব, অর্থনীতির জন্য অতীব গুরুত্বপূর্ণ বেনাপোল বন্দরের কার্যক্রমে যে করিয়াই হউক গতিশীলতা ও প্রাণচাঞ্চল্য ফিরাইয়া আনিতে হইবে। ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলির সহিত আলাপ-আলোচনার ভিত্তিতে সংকটের আশু সমাধান করিতে হইবে। বন্দরে আসা পরিবহন হইতে যথাসময়ে পণ্য খালাস না করিতে পারিলে প্রতিদিন যে ড্যামারেজ বা ক্ষতি গনিতে হয়, তাহাতে বাজারে সেসব পণ্যের মূল্য বাড়িয়া যায়। ইহাতে শিল্প-কারখানা ক্ষতিগ্রস্ত হইয়া সংকুচিত হয় কর্মসংস্থান। ইহার সুদূরপ্রসারী প্রভাবে সমাজে ভারসাম্যহীনতা ও অস্থিরতা দেখা যায়। সুতরাং বন্দরের সংকট নিয়া কোনরূপ অবহেলা প্রদর্শনের অবকাশ নাই। তত্ক্ষণাত্ উহার সমাধান কাম্য।