ক্যারি আন্ডারউড

শখ থেকে সফল ক্যারিয়ার

২০০৫ সালে ২২ বছর বয়সী শিল্পী ক্যারি আন্ডারউড আমেরিকান আইডল শিরোপা জিতেছিলেন। এরপর যেন তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। পেয়েছেন একের পর এক গ্র্যামি পুরস্কার, সেইসাথে শ্রোতাদের ভালোবাসা। ওকলাহোমায় জন্ম নেওয়া এই শিল্পী এখন শুধু আমেরিকায় নয়, সারা বিশ্বে সংগীতপ্রেমীদের কাছে সুপরিচিত। তার কান্ট্রি মিউজিকের খ্যাতি বিশ্বজোড়া। সেবার একাডেমী অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডের রাতে কৌতূহলী চোখ দেখার অপেক্ষায় ছিল কে জিতে নেয় দর্শকের ভোটে সেরা শিল্পীর পুরস্কারটি। সবাইকে তাক লাগিয়ে পুরস্কারটি ছিনিয়ে নেন ক্যারি আন্ডারউড। অনুষ্ঠানে কান্ট্রি মিউজিকের বাঘা বাঘা শিল্পীকে বাদ দিয়ে তার নাম ঘোষণা করা হলে অবাক ও আনন্দে বিগলিত হয়ে যান এই তারকা। এ ক্যাটাগরিতে তার পূর্বসূরিদের নামের তালিকা দেখলে তার এ উচ্ছ্বসিত আচরণ স্বাভাবিকই মনে হতে পারে। শুধু তাই নয়, একই অনুষ্ঠানে তিনি ট্রিপল ক্রাউন জেতার অনন্য রেকর্ড করেন তিনি। এ ছাড়াও বছরের সেরা এন্টারটেইনার, শীর্ষ গায়িকা এবং সেরা নবাগত গায়িকার ক্যাটাগরিতে প্রথম হওয়ার সুবাদে এ সম্মাননা জোটে তার কপালে। দুর্লভ কণ্ঠ আর অনন্য গায়কী দিয়ে পুরো আমেরিকাবাসীর চোখে রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছেন ক্যারি আন্ডারউড। তিনি যে শুধু গানেই পারদর্শী তা-ই নয়, তিনি এগিয়ে সৌন্দর্যের দিক দিয়েও। তার প্রমাণ ২০০৪ সালের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সুন্দরী প্রতিযোগিতা। মিস এনএসইউতে রানার্সআপ নির্বাচিত হন গ্ল্যামারাস চেহারা দিয়ে। এ ছিল ২০০৪ সালের ঘটনা। তবে তার জীবনের মোড় ঘুরে যায় পরের বছর অংশ নেওয়া আমেরিকান আইডল প্রতিযোগিতায়। ২০০৫ সালে অনুষ্ঠিত আমেরিকান আইডল প্রতিযোগিতায় ১০ মিলিয়ন দর্শকের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হন। ওকলাহোমায় জন্মগ্রহণকারী এই প্রতিভাময়ী গায়িকা সে সম্পর্কে বলেন, ‘যখন আমি প্রতিযোগিতায় ছিলাম তখন শুধু আরেকটি সপ্তাহ সেখানে থাকতে চেয়েছি। কিন্তু কখন যে আসরের শেষ সপ্তাহ পর্যন্ত টিকে গেলাম, সেটা আমার কাছেও অবিশ্বাস্য।’ তার রেকর্ডকৃত তিনটি অ্যালবাম বাজারে এসেছে এবং তিনটিই বাজিমাত করেছে। জায়গা করে নিয়েছে ইউএস টপ চার্টে। সর্বশেষ প্লে অন অ্যালবামটি শুধু মার্কিন বাজারেই বিক্রি হয়েছে ১১ মিলিয়ন কপির বেশি। সফলতা পেয়েছিল তার ক্যারিয়ারের প্রথম দুটি অ্যালবামও। প্রথম অ্যালবাম সাম হার্টস সাতটি প্লাটিনাম জয় করে। উঠে আসে কার্নিভাল রাইডের পাঁচ-পাঁচটি সিঙ্গেলস টপ চার্টে। গান গেয়ে তার পুরস্কারও পেয়েছেন। কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন দুই বার। আর সেই বছরসহ গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন একটানা চার বার। ব্যক্তিগত জীবনেও তিনি সমানভাবে সফল। ২০০৮ সালের শেষদিকে কানাডার অটোয়ায় কনসার্ট করতে যান। সেখানে গান গাইতে গিয়েই পরিচয় কানাডার জাতীয় দলের হকি খেলোয়াড় মাইক ফিশারের সঙ্গে। পরিচয় থেকে পরিণয়। ক্যারি গানের পাশাপাশি বাজনা বাজাতেও পারদর্শী। পিয়ানো এবং গিটার বাজাতে জানেন। গানের কথা লেখাতেও তার হাত বেশ পাকা। তার নিজের প্রিয় গানগুলোর মধ্যে ‘জেসাস’, ‘টেক দ্য হুইল’, ‘বিফোর হি চিটস’, ‘সো স্মল’, ‘অল আমেরিকান গার্ল’, ‘লাস্ট নেম’, ‘জাস্ট আ ড্রিম, ‘কাউবয় ক্যাসনোভা’ গানগুলো তার ভীষণ পছন্দের। এ মুহূর্তে ট্যুর নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খুব শিগগিরই শুরু করতে যাচ্ছেন নতুন স্টুডিও অ্যালবামের কাজ। সব মিলিয়ে এ বছর ভক্ত-শ্রোতাদের খুব কাছাকাছি থাকবেন তিনি।