প্রজন্মের কোয়ালিটি কন্ট্রোলার

ম তি উ ল ই স লা ম খা ন কোয়ালিটি অ্যাসিউরেন্স অফিসার জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড সানফ্লাওয়ার কিন্ডারগার্ডেন স্কুলে ভর্তি হওয়ার মধ্য দিয়ে মতিউল ইসলাম খানের শিক্ষাজীবনের শুরু। শৈশবের প্রথমাংশের অনেকটা সময়ই তার কাটে টাঙ্গাইলে। এর কিছুদিন পর বাবার চাকরির সুবাদে চলে আসেন ময়মনসিংহে। সেখানে প্রি-ক্যাডেট হাইস্কুলে ভর্তি হন। দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর আবার চলে আসেন টাঙ্গাইলে। আবার ভর্তি হন সানফ্লাওয়ার কিন্ডারগার্ডেন স্কুলে। সেখানে থেকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন বিন্দুভাষিণী বয়েজ হাইস্কুলে। সেখানে থেকে মাধ্যমিক পাস শেষে টাঙ্গাইলের মাহমুদুল হাসান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন, পরে ঢাকার এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ফার্মাসি বিভাগে পড়াশোনা শেষে ২০১১ সালে জেনারেল ফার্মাসিউটিক্যালস লি.-এ কোয়ালিটি অ্যাসিউরেন্স অফিসার হিসেবে যোগদান করেন মতিউল ইসলাম খান। মতিউল ইসলাম খানের পৈতৃক বাড়ি টাঙ্গাইলে। তাই টাঙ্গাইলের প্রতি তার একটি আলাদা টান রয়েছে। সময় পেলেই চলে যান টাঙ্গাইলে বন্ধুদের সাথে কাটিয়ে আসেন কয়েকটা দিন। পরিবারে দুই বোন দুই ভাইয়ের মাঝে মতিউল ইসলাম খানের অবস্থান তৃতীয়। বাবা অবসরপ্রাপ্ত চাকরিজীবী এবং গৃহিণী। ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মতিউল ইসলাম খান। পরের বছর ৩০ আগস্ট সংসারে আসেন নতুন অতিথি, তার মেয়ে। এ নিয়েই তার পারিবারিক আবহ। কেন এই পেশা বেছে নিলেন? উত্তরে মতিউল ইসলাম খান বলেন, ‘আসলে ফার্মেসি বিষয়টি আমার প্রথম পছন্দ ছিল না, ডেন্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল। এরপর পরিবারের ইচ্ছায় ফার্মেসিতে ভর্তি হই। যেহেতু ফার্মেসিতে পড়েছি সেহেতু ফার্মাসিউটিক্যালস কোম্পানিতেই চাকরি করার টার্গেট ছিল। এ ছাড়াও আমাদের দেশে এর গ্রহণযোগ্যতা আগের থেকে অনেক বেড়েছে। কারণ আমাদের দেশে প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে। এই পেশার আরেকটি সুবিধা হচ্ছে ফার্মেসি রিলেটেড আরও দুটি ক্ষেত্রেও কাজ করার অনেক সুযোগ রয়েছে, তা হচ্ছে মার্কেটিং এবং হসপিটাল ফার্মেসি। যা আমাদের ক্যারিয়ারের জন্য খুবই পজেটিভ। তো এসব মিলিয়েই মূলত আমার এই পেশায় আসা।’ আর এই প্রজন্ম সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে মতিউল ইসলাম খান বলেন, ‘এই প্রজন্ম যথেষ্ট স্মার্ট এবং তারা বিভিন্ন সৃজনশীল কাজ করছে। মানুষ যুগের সাথে সাথে তার চিন্তাভাবনাকেও পরিবর্তন করছে। এখন যারা কাজ করছে তারা অনেক বেশি টেকনোলজি গ্রহণ করছে। এটা খুবই ভালো। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, সৃষ্টিশীলতা নিজ থেকে তৈরি করতে হবে এবং তথ্যপ্রযুক্তি তাকে সাপোর্ট দেবে। সে জন্য টেকনোলজির সুবিধা বেশি নিতে গিয়ে নিজের সৃষ্টিশীলতাকে নষ্ট করা যাবে না। তবে আমি যা দেখেছি, নতুনরা খুবই বুদ্ধিমান। তারা ইন্টারনেট, মোবাইল ইত্যাদিকে ব্যবহার করে অনেক অ্যাডভান্স কাজ করে। যা একজন ফার্মাসিস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি দেখা যায় অনেকের জ্ঞান অর্জনের আগ্রহ কম। এ জন্য বেশি বেশি বই পড়তে হবে। ব্যবহারিক জ্ঞান আহরণ করে তা ব্যবসায় কাজে লাগাতে হবে। নতুন যারা সংক্ষিপ্ত রাস্তা ধরে এই পেশায় সাফল্য অর্জন করতে চায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলব, জ্ঞানের কোনো বিকল্প নেই এবং অধিক অধ্যয়ন ছাড়া এ পেশায় সফলতার কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। যেহেতু এই প্রজন্ম আগামীতে এ দেশের নেতৃত্ব দেবে এবং একুশ শতকের চ্যালেঞ্জটা তাদেরই মোকাবিলা করতে হবে তাই তাদের প্রতি আমার পরামর্শ রইল—জ্ঞান অর্জন এবং টেকনোলজি গ্রহণ করে এর প্রকৃত সমন্বয় ঘটাতে পারলেই ক্যারিয়ারে সফল হওয়া সম্ভব।’ মতিউল ইসলাম খানের ভবিষ্যত্ স্বপ্ন আরও সামনে এগিয়ে যাওয়া, এমন কিছু করা যা সকলের জন্য মঙ্গলকর অবস্থা বয়ে আনবে, হতে পারে তা চাকরি দিয়ে, হতে পারে তা নিজের মানসিকতা দিয়ে। তবে যেভাবেই হোক এটাই তার ভবিষ্যত্ স্বপ্ন। মতিউল ইসলাম খান ডাক নাম :আশিক জন্ম তারিখ ও স্থান :২ ডিসেম্বর ১৯৮৬, রাজশাহী মায়ের নাম :দিল আফরোজ বাবার নাম :আজিজুল ইসলাম খান প্রথম স্কুল :সানফ্লাওয়ার কিন্ডারগার্ডেন স্কুল, টাঙ্গাইল প্রিয় মানুষ :হযরত মুহাম্মদ (সা.) প্রিয় উক্তি :প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রিয় পোশাক :শার্ট ও জিন্স অবসর কাটে যেভাবে :খুব অল্প অবসর পাই এবং ঘুমাই। সাফল্যের সংজ্ঞা :পরিশ্রম এবং সৌভাগ্যের সম্মিলন। === মো. আ মি নু ল ই স লা ম মহা-ব্যবস্থাপক এফএম ইয়ার্ন ডায়িং লি. মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে গভ. আনন্দমোহন কলেজে এইচএসসি’তে ভর্তি হন, তারপর বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার পর সিনহা টেক্সটাইল মিলস লি.-এ যোগদান করেন। অতঃপর ২০০১ সালে স্কয়ার নিট কম্পোজিট লি.-এ যোগদান করে, বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন সবশেষে ২০০৮ সালে এফএম ইয়ার্ন ডায়িং লি.-এ যোগদান করেন। বলছিলাম প্রজন্মের মেধাবী জন এফএম ইয়ার্ন ডায়িং লি.-এর মহা-ব্যবস্থাপক আমিনুল ইসলাম সম্পর্কে। নিজের কাজের বিবরণে আমিনুল ইসলাম বলেন, ‘সত্যিকার অর্থে একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ওই প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের ব্যক্তিদের সমষ্টিগত প্রচেষ্টায়। তবে আমি মনে করি টিম ওর্য়াকের ক্ষেত্রে টিম লিডারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং তার পেশাগত দক্ষতা ও সঠিক নেতৃত্ব সাফল্যের জন্য অপরিহার্য। আমার কাজ হচ্ছে সুষ্ঠু, সুন্দর-সুশৃঙ্খলভাবে এ প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড পরিচালনা করা। সুদক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের প্রতি নজর রাখা জরুরি, তার মধ্যে নেটওর্য়াকিং অ্যাটমোসফেয়ার, প্রপার ডিসিপ্লিন মেইনটেনিং, কোয়ালিটি অব প্রোডাক্ট, প্রোডাক্টিভিটি, কর্পোরেট সোস্যাল রেসপেনসিবিলিটি, কনজারভেশন অব এনার্জি, রি-সাইকেল, রি-ইউজ এবং রি-ডিউস (ডিমপজাল আইটেম কমানো), সেইভ দি এনভায়রনমেন্ট ইত্যাদি। আমাদের দেশের বড় শক্তি হচ্ছে জনশক্তি এবং এই সেক্টরে তৈরি হয়েছে যথেষ্ট দক্ষ জনবল। বিশেষত আমিনুল ইসলাম মনে করেন, ‘বাংলাদেশের টেক্সটাইল শিল্পের কাণ্ডারী হিসেবে কর্মরত আছেন যথেষ্ট পেশাগত দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ বস্ত্র প্রযুক্তিবিদগণ, যাদের সঠিক দক্ষতা এবং যোগ্য নেতৃত্বের কারণে অনেক প্রতিষ্ঠান অতি অল্প সময়ের মধ্যে যথেষ্ট উন্নতি সাধন করেছে। বস্ত্র প্রকৌশলীদের এই শিল্পের বিভিন্ন পর্যায়ে দক্ষতার সাথে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। যেমন—মার্কেটিং, মার্চেন্ডাইজিং, বিভিন্ন ধরনের গুণগত মানসমৃদ্ধ উত্পাদন প্রক্রিয়া, নিটিং, ডায়িং, স্পিনিং, উভিং,গার্মেন্টস ইত্যাদি। আমি মনে করি আমরা এই সেক্টরে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে এখনও যথেষ্ট পিছিয়ে আছি এবং বস্ত্র প্রকৌশলীরা তাদের পেশাগত জ্ঞান এবং সুন্দর করেসপন্ডিংয়ের মাধ্যমে তা পূরণ করতে সক্ষম হবে।’ নতুনদের কাজের সম্পর্কে আমিনুল বলেন, ‘এ শিল্পে নতুনদের জন্য যথেষ্ট কাজের ক্ষেত্র এবং সুন্দর ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য যথেষ্ট পরিশ্রম অনিবার্য। আমি মনে করি একটা ভালো কর্ম পরিবেশে কাজ শেখার যথেষ্ট সুযোগ থাকে, তবে তা নতুনদের আগ্রহের উপর নির্ভর করে। নতুনদের প্রতি পরামর্শ জানতে চাইলে তিনি বলেন, ‘নতুনদের উদ্দেশ্যে আমি বলতে চাই প্রথমেই লক্ষ্য স্থির করতে হবে যে, কোন বিভাগে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক এবং তারপর ওই বিভাগে যোগদান করা। সেই বিভাগে একজন দক্ষ প্রকৌশলী হওয়ার জন্য সততার সাথে আত্মনিয়োগ করা প্রয়োজন। এখানে একটা ব্যাপার মনে রাখা অত্যন্ত জরুরি এবং তা হলো শুরুতেই টাকার পিছনে দৌড়ানো বাঞ্ছনীয় নয় বরং ঘন ঘন চাকরি পরিবর্তনের পরিনাম কখনও ফলদায়ক হয় না। কাজ শেখার আগ্রহ থাকলে সাফল্য অনিবার্য।’ মা-বাবা-স্ত্রী এবং একমাত্র মেয়ে আফিফা ইবনাতকে নিয়ে তার পারিবারিক আবহ। তার ভবিষত্ পরিকল্পনা এই শিল্পের সাথে সম্পৃক্ত থেকে এই শিল্পে ভূমিকা রাখা। মো. আমিনুল ইসলাম ডাক নাম :আমিনুল পিতার নাম :মো. আব্দুল গফুর জন্ম তরিখ ও স্থান :১ জানুয়ারি, টাঙ্গাইল প্রিয় পোশাক :জিন্স, পলো শার্ট প্রিয় উক্তি :হায়রে মানুষ রঙিন ফানুস, দম ফুরালে ঠুস। প্রিয় মানুষ :মা-বাবা অবসর কাটে যেভাবে :যেটুকু অবসর সময় পাই তার বেশির ভাগই আমি আমার পরিবারের সাথে ব্যয় করতে পছন্দ করি। সাফল্যে সংজ্ঞা :যেকোনো সাফল্য অর্জনের ক্ষেত্রে লক্ষ্যস্থির করা এবং সুপরিকল্পিতভাবে যথেষ্ট পরিশ্রম, সততা ও বুদ্ধিমত্তা দিয়ে গন্তব্যে পৌঁছানো। == মো. সা জ্জা দ হো সে ন ম্যানেজার, কোয়ালিটি অ্যাসিউরেন্স বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লি. ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে ভর্তি হন সাজ্জাদ হোসেন। অতঃপর ফার্মেসি পড়াশোনা শেষ করে জীবন যুদ্ধে যোগ দেন। ফার্মাসিউটিক্যালস কারখানা থেকে জীবন শুরু এবং বর্তমানে সেখানে তার অবস্থান। তার স্কুল জীবন কাটে কুষ্টিয়াতে। তারপর সপ্তম শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত কাটে ক্যাডেট কলেজে। নিজের কাজের পরিধির কথা জানাতে গিয়ে সাজ্জাদ বলেন, ‘এক কথায় আমার কাজ বলতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ওষুধের মান সার্বিকভাবে নিয়ন্ত্রণ ও নিশ্চিতকরণ। সর্বোপরি প্রতিষ্ঠানের লক্ষ্য কেন্দ্র করে দেশীয় ও বিশ্ববাজারে আমাদের পরিধি বৃদ্ধির পাশাপাশি সুনাম অক্ষুণ্ন রাখা। এই শিল্পে কাজের পরিধি অনেক বড় এবং যথারীতে এ ক্ষেত্রে দেশে ও বিদেশে কাজের অনেক সুযোগ রয়েছে।’ নতুনদের কাজের সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, ‘নতুনরা চাইলে অবশ্যই নিজেকে এ ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবে। কারণ এখানে মানুষ হয়ে মানুষের জন্য ভালো কিছু করার অনেক সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কাজ করতে হলে নতুনদের অবশ্যই পর্যবেক্ষণের ক্ষমতা বাড়াতে হবে। পাশাপশি ওষুধ তৈরি এবং বিভিন্ন প্রকৃতি সম্বন্ধে জানার পাশাপাশি ভ্যাটিডেট এবং রেগুলেশন সম্বন্ধে জানতে হবে।’ সফলতা সঠিক ব্যাখ্যা কী—এমন প্রশ্নের উত্তরে সাজ্জাদ হোসেন বলেন, ‘নিজের কাজের মাধ্যমে আমার আশপাশের মানুষের জন্য কী করতে পারলাম তা প্রথমে বিচার করা উচিত। কারও জন্য কিছু না করে শুধু নিজের অর্জনের সাম্রাজ্য গড়ে তুললাম—এটা আমার কাছে সাফল্য না। আমার মতে প্রতিটা মানুষের কর্মের এমন একটা দিক থাকা প্রয়োজন যাতে তার সেই কাজ থেকে অন্যরা কিছু শিখতে পারে। আমার মেধা আর মনন দিয়ে কাউকে কতটুকু স্বাবলম্বী করে তুলতে পারলাম—তার মূল্যই আমার কাছে বেশি আর সেটাই আমার কাছে সাফল্য। খুব কষ্ট লাগে যখন দেখি আমরা তথাকথিত শিক্ষিত মানুষেরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে ভুলে যাই সমাজের প্রতি আমাদের দায়িত্বের কথা। আজকে আমি একজন ফার্মাসিস্ট হয়ে যদি আমার ওষুধ বিষয়ক জ্ঞান সমাজের মানুষের স্বাস্থ্যগত উন্নতির ক্ষেত্রে ব্যবহার না করে শুধু নিজের অর্থ উপার্জনের পন্থা হিসেবেই চালিয়ে যাই তবে আমি হয়তোবা যথেষ্ট ভালো একজন ফার্মাসিস্ট হিসেবেই জীবন পার করে দিতে পারব। তখন সাময়িক আনন্দ হলেও আমি কিন্তু সফল না।’ বিবাহিত জীবনে দুই মেয়ের জনক সাজ্জাদ হোসেনের বড় মেয়ে মতিঝিল আইডিয়াল পুল অ্যান্ড কলেজে পড়ছে। সুখেই কাটছে তার দিনগুলো। সাজ্জাদ হোসেনের বড় দু’ভাই ইঞ্জিনিয়ার, ছোট বোন শিক্ষিকা। তার ভবিষ্যত্ পরিকল্পনা বর্তমান প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালকে বিশ্বের দরবারে সম্মানিত অবস্থানে পৌঁছে দেওয়া। মো. সাজ্জাদ হোসেন ডাক নাম :সাজ্জাদ বাবা :মৃত মো. এস্তাজ আলী মা :মৃত শাহানারা বেগম জন্ম তারিখ ও স্থান :মার্চ ০২, সিরাজগঞ্জ প্রিয় পোশাক :টি-শার্ট, প্যান্ট। প্রিয় উক্তি :God has no limitation but man has many limitation. প্রিয় মানুষ :বাবা অবসর কাটে যেভাবে :টিভি দেখে, পত্রিকা পড়ে, গান শুনে এবং সময় সুযোগ বুঝে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। == মো. শা মী ম মি য়া সিনিয়র এক্সিকিউটিভ, কোয়ালিটি কন্ট্রোল ওরিয়ন ফার্মা লিমিটেড এইচএসসি পাসের পর খুলনা বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ভর্তি হন শামীম মিয়া। তখন থেকে তার ফার্মাসিউটিক্যালসে কাজ করার আগ্রহ ছিল। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বায়োটিকনোলজি অ্যান্ড জেনিটিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি শেষ করার পর তিনি ফার্মাসিউটিক্যালসে চাকরি শুরু করেন। বর্তমানে তিনি ওরিয়ন ফার্মা লিমিটেডে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন। ব্যক্তিগত জীবনে শান্ত মানুষ শামীম মানুষকে সহযোগিতার ব্যাপারে যতটুকু তার সাধ্যের মধ্যে থাকে তা দিতে মূলত কার্পণ্য বোধ করেন না। সহানুভূতিশীল এবং পরিশ্রমী একজন সুস্থ মানুষ শামীমের তিন ভাই ছয় বোন। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বড় ভাই সহকারী উপজেলা শিক্ষা অফিসার। ছোট ভাই প্রভাষক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শামীম মিয়ার কাজের পরিধি জানতে চাইলে তিনি বলেন, ‘ফার্মাসিউটিক্যাল পণ্যের মান নিয়ন্ত্রণ করা। কাঁচামাল থেকে শুরু করে উত্পাদনের শেষ পর্যায় পর্যন্ত সকল স্তরে দ্রব্যের মান নিয়ন্ত্রণ এবং এ সম্পর্কিত সকল কাজ করা। আর সাথে প্রশিক্ষণ দেওয়া ও নেওয়া। সময়ে সময়ে জটিল এবং গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করা।’ এ ক্ষেত্রে কাজের সুযোগ কেমন? উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে কাজের ব্যাপক সুযোগ রয়েছে। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো বায়োটেক প্রোডাক্ট নিয়ে কাজ করছে, এখানে বায়োটেকনোলজিস্টের কাজের ব্যাপক সুযোগ রয়েছে’ নতুনদের কাজ সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, ‘নতুনদের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে কাজের ব্যাপক সুযোগ রয়েছে। মান নিয়ন্ত্রণ ছাড়া কোনো কোম্পানি কোনো পণ্য বাজারে ছাড়ে না। কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে সব সময় টেকনিক্যাল প্রফেশনালদের চাহিদা থাকে। নতুনরা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে তাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে। তবে তার আগে ভালো জ্ঞান, প্রশিক্ষণ, প্রস্তুতি ভালো কাজের ইচ্ছা সততা ও নিষ্ঠা একান্ত প্রয়োজন। যেকোনো পণ্যের মাণ নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফার্মা সিউটিক্যালস পণ্যের মান নিয়ন্ত্রণ সঠিক না হলে, সেটা জীবনরক্ষাকারী না হয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই ফার্মাসিউটিক্যালস পণ্যের মান নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট সকলের এ ব্যাপারে সার্বক্ষণিক সর্বোচ্চ সচেতনতা খুবই অপরিহার্য।’ শামীম মিয়ার ভবিষ্যত্ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমার বায়োটেক প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে, যদি সুযোগ হয়। এ ছাড়া এখন যে পর্যায়ের কাজ করছি সেটাকে আরও উন্নত এবং ভালো করার ইচ্ছা আছে।’ মো শামীম মিয়া ডাক নাম :শামীম পিতা :মো জয়নাল আবেদীন মাতা :হামিদা খাতুন জন্ম তারিখ ও স্থান :১৫ অক্টোবর, রাজবাড়ী প্রিয় পোশাক :পাঞ্জাবি-পায়জামা। অবসর কাটে যেভাবে :বই পড়ে, ইন্টারনেট ব্যবহার করে। প্রিয় উক্তি :সর্বোত্তম কাজ সম্পাদনের একমাত্র উপায় হচ্ছে ওই কাজকে ভালোবাসা। সাফল্যের সংজ্ঞা :নির্ধারিত কাজ যদি আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার তুষ্টির সঙ্গে শেষ করতে পারি, সেটাই আমার কাছে সাফল্য।