নৈরাজ্য সৃষ্টি না করে আলোচনায় আসুন
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:০৮
অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে বলেছেন, আর নৈরাজ্য সৃষ্টি না করে আলোচনায় আসুন। সহিংসতা চালিয়ে কোন কিছু পাবেন না। ইতিমধ্যে আপনার ৪৮ ঘণ্টার আলটিমেটামের জবাব তো পেয়েছেন। গতকাল রবিবার দুপুরে রাজধানীর কমলাপুরে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি-জামায়াত-হেফাজতের হরতাল, তাণ্ডব, পবিত্র কোরআন ও মসজিদ পোড়ানো এবং ইসলাম অবমাননার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীদের শাস্তি হচ্ছে। জামায়াতের ছাত্র সংগঠন এর বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করছে। আর তাদের সমর্থন দিচ্ছেন বিএনপির নেত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, মুক্তিযুদ্ধের সময় যুব সমাজ পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়ে দেশ স্বাধীন করেছে আমি বিশ্বাস করি যুবলীগ যদি রুখে দাঁড়ায় তাহলে বিএনপি-জামায়াত-হেফাজত পালানোর পথ পাবে না।
আওয়ামী লীগ ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, খালেদা জিয়াকে এই রক্তপাতের হিসেব দিতে হবে। যুবলীগ যখন জেগেছে তখন আপনি আর পালাবার পথ পাবেন না।
আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, রেশমার উদ্ধার আমাদের কাছে বাংলাদেশের প্রতিচ্ছবি। শত বাধা-বিপত্তি, হরতাল, নাশকতা, তাণ্ডবের পরও বাংলাদেশে যে উন্নয়নের অভিযাত্রা রেশমা তারই প্রতীক।