আচরণবিধি দেখভাল করতে মাঠে থাকবেন ৬০ ম্যাজিস্ট্রেট

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে চার সিটি এলাকায় নির্বাচনী আচরণবিধি দেখভাল করতে মাঠে থাকবেন ৬০ জন ম্যাজিস্ট্রেট। এর মধ্যে রয়েছেন ৪০ জন নির্বাহী (প্রশাসনিক) এবং ২০ জন বিচারিক (জুডিশিয়াল) ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশন (ইসি) থেকে গতকাল রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং বিচারিক ম্যাজিস্ট্রেট চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। চার সিটি নির্বাচনের প্রত্যেক সিটিতে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা তা মনিটরিংয়ে মাঠে থাকবেন। ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা ইত্তেফাককে বলেন, চার সিটির ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোবাইল টিম হিসেবে কাজ করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আর বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোট কেন্দ্র ঘুরে দেখবেন এবং প্রয়োজনে কেন্দ্রে অবস্থান করবেন। ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রতিটি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করে থাকেন। আর নির্বাচনী অপরাধগুলো বিচারের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিচারিক ম্যাজিস্ট্রেটরা কাজ করেন। সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১০-এর বিধানের বিধিমালার কোন বিধান লঙ্ঘন করলে বিধি ৯ অনুসারে দণ্ডীয় অপরাধের শাস্তি দেবেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা। কমিশন সংশ্লিষ্টদের মতে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের আগের দুদিন এবং পরের একদিনসহ মোট চারদিন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটির নির্বাচনী এলাকায় থাকবেন। ভোটগ্রহণের দিনসহ আগের দুদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী, তারপক্ষে কোন কর্মী-সমর্থক এবং যেকোনো ব্যক্তি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাত্ক্ষণিক অর্থসহ ন্যূনতম ৭ দিন জেল দিতে পারবেন। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। প্রার্থীর মনোনয়পত্র যাচাই-বাছাই ১৫ ও ১৬ মে এবং ২৬ মের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।