স্বাস্থ্যকর্মীর সেবায় দেশে শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে

স্বাস্থ্যকর্মীর স্থানীয়ভাবে মা ও শিশুর সেবা দেয়ার কারণে বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। তারপরও দেশে প্রতি সাত মিনিটে একজন শিশু মারা যাচ্ছে বলে সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। শনিবার নগরীর একটি হোটেলে এই রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোর্টে বলা হয় সংস্থাটির বার্ষিক স্টেট অফ মাদারসের মতে, দক্ষিণ এশিয়ায় প্রতিদিন দীর্ঘকালীন পুষ্টিহীনতা, মানসিক অথবা শারীরিক অবনতি অথবা খর্বাকৃতি দৈহিক গঠনের কারণে সারা বিশ্বে ৪২০,০০০ নবজাতক মারা যায়। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের দেশগুলোতে ২০ থেকে ৪০ শতাংশ মহিলা খুবই শীর্ণকায় হয়। তারা অতিমাত্রায় প্রসবকালীন ঝুঁকির মধ্যে থাকে। জন্মকালীন ঝুঁকি তালিকার মাধ্যমে দেখা যায় প্রতিদিন যে ১০ লক্ষ নবজাতক মারা যায়, তাদের প্রায় ৪০ শতাংশই ভারত, পাকিস্তান আর বাংলাদেশে। সেভ দ্য চিলড্রেনের মতে, চারটি পণ্য সার্বজনীনভাবে সহজলভ্য করা গেলে প্রতিবছর দশ লক্ষেরও বেশি নবজাতকের জীবন বাঁচানো সম্ভব হত। বর্তমানে এই পণ্য বাবদ খরচ হয় মাত্র ২৫ সেন্ট থেকে ২ মার্কিন ডলার। এসব পণ্যের মধ্যে রয়েছে- অপরিণত বয়সে গর্ভধারণ করা মহিলাদের জন্য কর্টিকস্টারয়েড ইঞ্জেকশন যা শ্বাস- প্রশ্বাসের বিঘ্ন ঘটার কারণে শিশু মৃত্যু রোধ করে, সদ্যোজাত শিশুর শ্বাস-প্রশ্বাস সমস্যা নিরসনের জন্য যন্ত্রসমূহ, নাড়ীর রোগ সংক্রমণ বন্ধের জন্য ক্লোরহেক্সিডাইন নাড়ী পরিষ্কারক এবং নবজাতক শিশুর নিউমোনিয়া আর পচন রোধ করার উপযোগী অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন।