দেশে ফেরার আগে সান্ত্বনার জয়
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:১২
অবশেষে সান্ত্বনার জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এ জয়ে টানা তিন হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো মুশফিকুর রহিমের দল। বুলাওয়ের কুইন্স ক্লাব মাঠে গতকাল রবিবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজটিও ড্রয়ে সক্ষম হলো বাংলাদেশ দল।
অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবালের দুটি চমত্কার ইনিংসে ১৬৮ রানের পুঁজি পেয়ে স্বাগতিকদের ১৩৪ রানে গুঁড়িয়ে দেয় মুশফিকরা। মাসাধিক সময় ধরে চলা আফ্রিকান সফরের পর আজ সোমবার জিম্বাবুয়ের সময় ধরে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে ক্রিকেটাররা। আগামীকাল বিকেল পৌনে ছয়টায় তাদের ঢাকায় এসে পৌঁছানোর কথা।
বাংলাদেশ দল প্রথমে টেস্ট সিরিজে ড্রয়ে বাধ্য হয়। এরপর খোয়ায় ওয়ানডে সিরিজ। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতেও হেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল মুশফিক বাহিনী। কিন্তু কাল মাঠে নেমে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তাছাড়া দেশে ফেরার আগে বাংলাদেশ দলের জন্য প্রয়োজন ছিল এরকম একটি জয়। সেই জয় এল কাল সাকিব, তামিম, শফিউল, রাজ্জাকদের হাত ধরে।
সঙ্গত কারণেই বিজয়ী অধিনায়ক মুশফিকের কণ্ঠেও শোনা গেছে স্বস্তি। খেলা শেষে তাই তিনি বলতে পারেন, ‘পরিশ্রমের ফসল হিসেবে এসেছে এই জয়। বোলাররাও ভালো বল করেছে। আর আমাদের এখন সবচেয়ে ফিট খেলোয়াড় সাকিব।’ ম্যাচ ও সিরিজ সেরা সাকিবের কণ্ঠেও ঝরেছে আত্মবিশ্বাস, ‘প্রথম ম্যাচে স্কোর করায় আত্মবিশ্বাস পেয়েছি। তাছাড়া আমাদের দলেও রয়েছে ভালো কিছু তরুণ খেলোয়াড়।’
জয় মিললেও খেলাটির রং বদলেছে অনেকবার। বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রটা ছিল এরকম- প্রথম দশ ওভারে এক উইকেটে ৯৯; পরের দশ ওভারে ছয় উইকেটে ৬৬ রান। স্কোরবোর্ডে একশ উঠতেই বড় স্কোরের যে সম্ভাবনা উঁকি দিচ্ছিল বাংলাদেশের ড্রেসিংরুমে তা নিমিষেই ফিকে হয়ে পড়ে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, নাসিরের আউটের পর। গত ম্যাচে ভয়ংকর হয়ে ওঠা প্রসপার উেসয়া ইনিংসের শুরুতে শামছুর রহমান শুভকে ফিরিয়ে দিয়ে ফের আতংক ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সাকিব-তামিমের ব্যাটে ওঠা ঝড়ে সব শংকা দূর হয়ে যায়। এই দুইজন দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে শুরুতেই বাংলাদেশকে বড় স্কোর এনে দেন। ব্রায়ান ভিটোরি, হ্যামিল্টন মাসাকাদজা, তিনাসে পানাইয়াঙ্গার বোলিংকে আহামরি বানিয়েছেন এ দুই ব্যাটসম্যান। মাসাকাদজার বলে অবশ্য জীবন পেয়েছেন সাকিব। সে ওভারে চারটি চার মেরে ১৬ রান নিয়েছেন তিনি। মাসাকাদজার দুর্ভাগ্য, সাকিবের উঁচু ক্যাচটি ধরতে পারেননি সিবান্দা। ৩২ রানে সুযোগ পেয়েও অবশ্য বেশিদূর যেতে পারেননি সাকিব । শেষ পর্যন্ত ২৮ বলে ৪০ রান করে থেমে যান।
তামিমও একই রকম দুর্ভাগ্যের কবলে পড়েন। ছয় মারতে গিয়ে উেসয়ার বলে বিদায় নিতে হয় (৩০ বলে ৪৩) লংঅনে। এই সিরিজে কালই তামিমকে স্বচ্ছন্দে ব্যাটিং করতে দেখা গেছে। অথচ, পুরো সিরিজে তার ব্যাট থেকে বড় কোন সংগ্রহ আসেনি। টেস্টে একবার পঞ্চাশের কাছাকাছি গিয়েও ফিরে আসেন একরানের জন্য। তবুও তামিম রান পেয়েছেন বলে দলও স্বস্তিতে। এই স্বস্তিই বাংলাদেশকে দেড়শ ছাড়াতে সাহায্য করে। ভিটোরির এক ওভারে দুটি উইকেট (নাসির ও মোমিনুল) না পড়লে হয়তো মুশফিকদের সংগ্রহ দুইশ’র কাছাকাছি যেতে পারতো।
জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা ১৬৯ রানের টার্গেটকেও চ্যালেঞ্জ হিসেবে নিয়ে লড়াইটা জমানোর চেষ্টা করেছিলেন। ভূসি সিবান্দা ও সিকান্দার রাজার ৩২ রানের দুটি ইনিংস স্বাগতিকদের স্বপ্ন দেখালেও সাকিব, শফিউল ও রাজ্জাক তাতে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান। চারটি উইকেট নিয়ে ম্যাচ সেরা সাকিব। টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ, তারপরও সান্ত্বনা এই যে সিরিজ সেরার পুরস্কারটি উঠেছে সাকিবের হাতে।