বার্সাকে মরিনহোর শুভেচ্ছা
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:১৩
এস্প্যানিওলের সাথে শনিবার লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করায় চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। লা লিগার ইতিহাসে বার্সেলোনার এটি ২২তম শিরোপা জয়। এই শিরোপা প্রাপ্তিতে কোচ টিটো ভিলানোভার দলকে অভিনন্দন জানিয়েছেন রিয়াল কোচ হোসে মরিনহো।
গত মৌসুমে এই মরিনহোর হাত ধরেই লা লিগার শিরোপা উঠে রিয়াল মাদ্রিদের হাতে। ক্লাবের ওয়েবসাইটে মরিনহো বলেছেন, ‘প্রথমত আমি বার্সেলোনাকে, তাদের কোচ, খেলোয়াড়, পরিচালক এবং ভক্তদের অভিনন্দন জানাতে চাই। মাত্রই তারা লিগ শিরোপা জিতেছে। আমি মনে করি, এই মুহূর্তে আমরা শুধুমাত্র তাদেরকে অভিনন্দনই জানাতে পারি।’
৫০ বছর বয়সী মরিনহো আরও বলেন, ‘ বার্সেলোনাকে অভিনন্দন জানানো আমার কাছে যথেষ্ট যুক্তিপূর্ণ কাজ। শেষ মৌসুমে শিরোপা আমাদের হাতে উঠেছিল। আর সেই সময় আমরা অনেক কিছুই বলেছিলাম। আর আমার মতে, লা লিগার শিরোপা জয় সব সময়ই গুরুত্বপূর্ণ। আর এবার বার্সেলোনা এই শিরোপা জয় করছে। তাদের এই অর্জনকে আমাদের অবশ্যই শ্রদ্ধা জানানো উচিত।’
গোটা মৌসুমের প্রায় অনেকটা সময় রিয়াল মাদ্রিদের অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে মাঠের বাইরে বসিয়ে রাখার জন্য বেশ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে মরিনহোকে। যদিও মরিনহোকে সমালোচনার পরেও নিজের সিদ্ধান্তেই অটল আছেন, ‘আমি দলের দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনে থেকে শেষ দিন পর্যন্ত আমিই আমার দল সাজাবো। আমিই এই দলের কোচ। আমার কারও কাছে জবাবদিহি করার কিছু নেই।’