জয়েই শিরোপা উত্সব বায়ার্নের
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:১৩
চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ গত শনিবার অগসবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ২২তম বুন্দেসলিগা শিরোপা নিয়ে উত্সবে মেতে উঠে। প্রায় দুই সপ্তাহ পরেই চ্যাম্পিয়ন্স লিগের অল জার্মান ফাইনাল। আর ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মোকাবেলা করার আগে নিজেদের প্রস্তুতিটা ভালভাবেই নিচ্ছে বায়ার্ন।
বায়ার্নের উত্সবের রাতে ছিলেন জার্মান ফুটবলের প্রধান ও বায়ার্নের সাবেক ২২ খেলোয়াড়। এছাড়াও বাভারিয়ান রাজনীতির সাথে যুক্ত উচ্চপদের ব্যক্তিবর্গ। তবে চ্যাম্পিয়নরা প্রথমার্ধে মলিন থাকলেও দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে। তিনটি গোলই এসেছে পরের অর্ধে। থমাস মুলার, শেরডেন শাকিরি এবং লুইস গুস্তাভো একে একে গোল করেন। ৩৩ লিগ ম্যাচে এটি রেকর্ড ২৮তম জয় বায়ার্নের। এখনো লিগের আরো একটি ম্যাচ রয়েছে। কয়েক সপ্তাহ আগে বায়ার্ন ২৩তম লিগ শিরোপা নিশ্চিত করেছিল। ৫০ বছর আগে বুন্দেসলিগা নামকরণ হয় জার্মান লিগের। বুন্দেসলিগা যুগে বায়ার্নের ২২তম শিরোপা এটি।
বায়ার্নের খেলোয়াড় ও কোচ ইয়ুপ হেইঙ্কসের জন্য অসাধারণ এক অভিজ্ঞতা। কারণ খেলোয়াড়দের অভিনন্দন দিতে মাঠে উপস্থিত ছিলেন ফ্রেঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, লোথার ম্যাথিউস এবং রয় ম্যাকে। মিউনিখের অ্যালিয়েঞ্জ এরেনায় বায়ার্নের কোচ হিসাবে হেইঙ্কসের শেষ ম্যাচ ছিল এটা। সমর্থক ও খেলোয়াড়দের শুভেচ্ছা পেয়েছেন তিনি। তবে হেইঙ্কসের সামনে ট্রেবল জয়ের হাতছানি। জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে আছে বায়ার্ন।