পাকিস্তানের নূতন সরকারের চ্যালেঞ্জ
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:২৩
সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী পাকিস্তানের সাধারণ নির্বাচনে নেওয়াজ শরীফের মুসলিম লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাইলেও সর্বাধিকসংখ্যক আসন লাভ করিয়াছে। স্পস্টতই নেওয়াজ শরীফের নেতৃত্বে একটি কোয়ালিশান সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়াছে। বিষয়টি তাত্পর্যপূর্ণ নিঃসন্দেহে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার এই আসন্ন পরিবর্তন কাশ্মীর ইস্যুসহ উপমহাদেশের রাজনীতিতে দৃষ্টিগ্রাহ্য বাঁক বদলের ইঙ্গিতবহ। বাংলাদেশের রাজনীতিতেও ইহার প্রভাব পড়িতে পারে বলিয়া মনে করেন তথ্যাভিজ্ঞ মহলের অনেকেই। প্রসঙ্গত:উল্লেখ করা বাঞ্ছনীয় যে, সহিংসতায় ক্ষত-বিক্ষত পাকিস্তানের জন্য নির্বাচন হইতে পারাটাই বৃহত্ এক সাফল্য হিসাবে গণ্য হইতে পারে। সাতচল্লিশে জন্ম লইবার পরে এই প্রথমবারের মত একটি নির্বাচিত সরকারের মেয়াদপূর্তি এবং তাহার ধারাবাহিকতাতে সাধারণ নির্বাচন অনুষ্ঠান অসংখ্য সমস্যা জর্জরিত পাকিস্তানের জন্য আশার এক আলোকবর্তিকা বটে। সন্দেহ নাই যে, যাহারা ক্ষমতায় আসিতেছেন তাহাদিগকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিচিত্রতর সমস্যার মুখোমুখি হইতে হইবে। ক্ষমতায় বসিতে যাওয়া প্রধান শরীকদের অতীত ইমেজও প্রশংসা করিবার মত নহে। তথাপি আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে আশা করা যাক যে, পাকিস্তানে এইবার শান্তি নামিয়া আসিবে।
ধর্মীয় উগ্রবাদীদের অবিরাম হামলার মুখে রাষ্ট্রের সক্ষমতা লইয়া পাকিস্তানের সাধারণ নাগরিকদিগের মধ্যে আস্থার সঙ্কট তৈরি হইয়াছে। মৌলবাদী দমনের অজুহাতে দেশের ভিতরে সাম্রাজ্যবাদী হামলাগুলোও আস্থার সঙ্কট তৈরিতে ভূমিকা রাখিয়াছে। নূতন সরকারের প্রথম চ্যালেঞ্জ হইবে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরাইয়া আনা। দুই পরাক্রমশালী কর্তৃপক্ষের বিরুদ্ধে দাঁড়াইয়া নূতন সরকার কেমন করিয়া রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপদ করে তাহা দেখিবার বিষয় হইবে বটে। শক্তিশালী রাষ্ট্র নির্মাণ করিবার খোয়াবে আক্রান্ত হইয়া জাতীয় সংহতিকে যথাযথ গুরুত্ব প্রদানে শুরু হইতেই ব্যর্থ হইয়াছে পাকিস্তান। একাত্তরে অঙ্গহানি হইয়া উহার জন্য চূড়ান্ত মূল্য দিতে হইয়াছে দেশটিকে। কিন্তু এতদিনেও সেই সমস্যার সমাধান হয় নাই; পাঞ্জাবীদের আধিপত্য লইয়া অন্য জাতিগোষ্ঠীগুলোর ক্ষোভের নিরসন হয় নাই। আয়তনের দিক হইতে সর্ববৃহত্ বেলুচিস্তানে শক্তিশালী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পাকিস্তানে জাতীয় সংহতির সমস্যার বড় একটি প্রমাণ।
প্রধান প্রতিবেশী ভারতের সঙ্গে সমপর্কের মাত্রা লইয়া নূতন সরকারকে সমস্যায় পড়িতে হইবে। বিশেষ করিয়া কাশ্মীর লইয়া নূতন সরকার কিভাবে অগ্রসর হয় সেইদিকে কেবল ভারত নহে গোটা আন্তর্জাতিক সম্প্রদায় তাকাইয়া থাকিবে। অপর প্রতিবেশী আফগানিস্তানের সহিত সম্পর্ক উন্নয়ন এবং দেশটির সহিত বিস্তৃত সীমান্ত অঞ্চল জুড়িয়া ধর্মীয় উগ্রবাদের প্রাদুর্ভাব মোকাবিলা করিতেও যে নূতন সরকারকে বিশেষ বেগ পাইতে হইবে তাহাতে সন্দেহ নাই। আবার, ধর্মীয় উগ্রবাদী তাণ্ডব, রাজনৈতিক সহিংসা, সর্বব্যাপ্ত দুর্নীতির মত বিষয়গুলো প্রকট হইয়া উঠিবার কারণে বহির্বিশ্বে ভয়াবহ ইমেজ সঙ্কটের মধ্যে পড়িয়া আছে পাকিস্তান, যাহার সরাসরি প্রভাব পড়িতেছে অর্থনীতিতে ও পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে। নূতন সরকার চাহিলেই যে এই সমস্যাগুলো কাটাইয়া উঠিতে পারিবে তাহা নহে। আরেকটি কথা হইতেছে ক্ষমতায় যাহারা আসিতেছে তাহারা এই সমস্যাগুলির মূলোত্পাটন কতখানি গুরুত্বপূর্ণ মনে করিবে তাহাও দেখিবার বিষয়।