জুট লাইফ এক্সপো
প্রকাশ : ১৩ মে ২০১৩, ১৯:৪৭
‘জুট লাইফস্টাইল এক্সপো ২০১৩’ অনুষ্ঠিত হয়েছে ১০ মে থেকে ১২ মে। ১০ মে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে রবীন্দ্র সরোবরে বেলা ৩টা ৩০ মিনিটে এবং জুট লাইফস্টাইল এক্সপো হয়েছে ঢাকা আর্ট সেন্টারে।
ট্রেডক্রাফ্ট এক্সচেঞ্জ একটি ব্রিটিশ দাতব্য সংস্থা। যাদের মিশন হলো দরিদ্র জনগোষ্ঠীর উন্নতি সাধনের লক্ষ্যে বাণিজ্যের বিভিন্ন ধারাকে প্রমোট করা। তাদের বর্তমান প্রজেক্ট হলো—‘পাট :একটি পরিবেশবান্ধব উপকরণ উন্নত/স্থায়ী ভবিষ্যতের জন্য’। এতে তাদের সাথে আছে ইউরোপীয় কমিশন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার মোখলেসুর রহমান।
বাংলাদেশের অর্থনীতিতে এবং দরিদ্র জনগোষ্ঠীর কাছে পাট এক অন্যতম উপার্জনের ক্ষেত্র হয়ে দাঁড়াচ্ছে। ক্রমবর্ধমান বিশ্ব পরিবেশ সচেতনতা এবং পাট এক পরিপূর্ণ পরিবেশবান্ধব পণ্য হওয়ার কারণে পাট ও পাটজাত দ্রব্যের সম্ভাবনা বিশ্বে অপরিসীম। সেই সাথে ১৬ কোটি মানুষের বাংলাদেশে পাটের ব্যবহার হতে পারে অপার সম্ভাবনাময়।
ট্রেডক্রাফ্ট পাটের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে গত চার মাস যাবত্ ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে পাটজাত দ্রব্য তৈরিতে কাজ করে যাচ্ছে। আর এই কাজে ডিজাইন দিয়ে সহযোগিতা করছেন প্রখ্যাত ডিজাইনার চন্দ্র শেখর সাহা। ৪০টির মতো শিল্পপ্রতিষ্ঠান এই প্রজেক্টের মাধ্যমে ডিজাইন সহযোগিতা পাচ্ছে এবং পাট দিয়ে ৮০ রকমের লাইফস্টাইল পণ্য তৈরি করছে যার ফ্যাশনমূল্য এবং কার্যকারিতা রয়েছে। এর মধ্যে ৩০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের পণ্য এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।