হকিংসের সিদ্ধান্ত
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:২১
মানুষের সভ্যতার ইতিহাসের পরতে পরতে নির্মমতা ও নিষ্ঠুরতার চিহ্ন দেখিতে পাওয়া যায়। রবীন্দ্রনাথ মনুষ্য সমাজে সভ্যতা বিকাশের পদে পদে এই নিষ্ঠুরতা দৃষ্টে পৃথিবীকে উপলক্ষ করিয়া বলিয়াছিলেন ‘তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তোরণ/ ত্রুটি ঘটিলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে।’ মানুষের সভ্যতা নির্মাণের পথে পথে বিছাইয়া থাকা নির্দয়তার ও নির্মমতার বিপরীতে সমাজের জাগ্রতবিবেক মানুষেরা সর্বদাই রুখিয়া দাঁড়াইয়াছেন এবং কখনও উচ্চৈঃস্বরে আবার কখনও নীরবভাবে প্রতিবাদ জানাইয়াছেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে। আর তাহাদের সেই প্রতিবাদ ধ্বনিত প্রতিধ্বনিত হইয়া সমাজের সকল স্তরের মানুষের কর্ণকুহরে পৌঁছাইতেই গণমানুষ জাগিয়া উঠিয়াছে,সম্বিতহারা জাতি তাহাদের সম্বিত ফিরিয়া পাইয়াছে। আমরা সকল যুগেই তাই অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সমাজের জাগ্রত বিবেক হিসাবে পরিচিত বড় মাপের মানুষদেরকে রুখিয়া দাঁড়াইতে দেখি। বিশ্বে নবী-রসূলদেরও আগমন ঘটিয়াছে মজলুম মানুষের মুখে ভাষা দেওয়ার এবং বুকে সাহস সঞ্চারের জন্য। আমরা মহাকাব্যে, উপন্যাসে বা নাটকে এমন অনেক পরাক্রমশালী ও বীর্যবত্তার অধিকারী মানুষের সাক্ষাত্ পাই যাহারা প্রকৃত প্রস্তাবে আমজনতার প্রেরণার উত্সস্বরূপ হইয়া যুগ হইতে যুগান্তরে, কাল হইতে কালান্তরে বরাভয় মন্ত্র বা বাণী শোনাইতেছেন আমাদেরকে। যাহারা চিন্তায়-চেতনায়, জ্ঞানে-গরিমায় ও মননশীলতায় সমাজের অগ্রবর্তী শ্রেণীর মানুষ তাহাদের মধ্যে মানবকল্যাণকর এবং সমাজ হিতৈষণার আকাঙ্ক্ষা সদাজাগরূক থাকে। প্রতিভার এইসব বরপুত্রের সংস্কৃতি চেতনা, ঔচিত্যবোধ, ঔদার্য এবং মহানুভবতা এতই উচ্চ পর্যায়ের থাকে যে, বিবেকের অনুশাসন মানিয়া কর্তব্য-কর্ম নির্ধারণকেই তাহারা শিরোধার্য জ্ঞান করেন। ফলে তাহাদের সবল ভূমিকা দৃষ্টে সমাজের পশ্চাত্পদ ও দুর্বল মানুষেরা সম্মুখ পানে আগাইয়া যাওয়ার শক্তি ও সাহস পায়।
আগামী জুনে ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজ ইসরাইলে ‘ফেইসিং টুমরো’ শীর্ষক যে সম্মেলন আহ্বান করিয়াছেন উহাতে যোগদানের ব্যাপারে প্রথমে সম্মতি জানাইলেও একালের অন্যতম সেরা বিজ্ঞানী স্টিফেন হকিংস এখন তাহার মত পরিবর্তন করিয়াছেন। তিনি ইসরাইলের ফিলিস্তিন নীতির প্রতিবাদে মত পাল্টাইয়াছেন আর এ ব্যাপারে বিশ্বের আরও বেশকিছু স্বনামখ্যাত প্রতিষ্ঠান ও ব্যক্তিও জেরুজালেমে অনুষ্ঠিতব্য ঐ সম্মেলনে যোগ না দিবার সিদ্ধান্ত লইয়াছে। বলাই বাহুল্য যে, ফিলিস্তিনী ইস্যুর সহিত নির্মমতা, নৃশংসতা, নির্দয়তার অনেকানেক বিষয় জড়াইয়া রহিয়াছে। অনেক অমানবিকতা ও পাশবিকতার কারণে মধ্যপ্রাচ্যের ঐ সংশ্লিষ্ট এলাকাটি আজ বহু যুগ ধরিয়া রক্তাক্ত প্রান্তর রূপে প্রতিভাত। এই রক্তোন্মাদনার প্রতি কোন বিবেকবান মানুষেরই সায় থাকিতে পারে না; হকিংসের মতো জ্ঞানবৃদ্ধেরতো নয়ই! মধ্যপ্রাচ্যে সুদীর্ঘকাল যাবত্ জাত্যাভিমানজনিত কারণে উভয় পক্ষে যে রক্ত ঝরিতেছে উহা জাগ্রত-বিবেক মানুষের জন্য মর্মন্তুদ দীর্ঘশ্বাস হইয়া দেখা দেয় বৈকী!
আমরা সেই বৃটিশ যুগে জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধি প্রত্যাখ্যান করিতে দেখিয়াছি, ভিয়েতনাম যুদ্ধের নির্মমতায় বিচলিত বিশ্বনন্দিত দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে লেবার পার্টির সদস্যপদ প্রত্যাহার এবং প্রতিবাদে ফাটিয়া পড়িতে দেখিয়াছি, আমরা একজিসটেনশিয়ালিজম মতবাদের প্রবর্তক ও বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ফরাসী সাহিত্যিক জাঁ পল সার্ত্রেকে নোবেল প্রত্যাখ্যান করিতে দেখিয়াছি। এমনি অনেক প্রখ্যাত ব্যক্তি এইভাবে প্রতিবাদ জানাইয়া সকলের নিকট প্রাতঃস্মরণীয় হইয়া রহিয়াছেন, যাহাদের প্রতি সকল মানুষের শ্রদ্ধা ও ভালবাসা অশেষ। হকিংসও তাহাদের কাতারে শামিল হইয়া জগত্বাসীর দৃষ্টি কাড়িয়া লইয়াছেন সন্দেহাতীতভাবে।