যেতে যেতে পথে পথে
সংসারের সর্বপরিতৃপ্ত লোকের জবানবন্দি
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:২২
:আপনার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা কী?
:সংসারে আমি অনেক মানুষের চেয়ে ভালো আছি। সংসারে অনেক মানুষের দুঃখের ভার আমার চেয়ে বেশি। সংসারে অনেক মানুষ আমার চেয়ে বেশি কেঁদেছে, বেশি কাঁদছে ও বেশি কাঁদবে।
:আপনার জীবনের বড় বড় কয়েকটি পরিতৃপ্তির কথা বলুন।
:সবচেয়ে বড় পরিতৃপ্তিটির কথাই আগে বলি। আমার জীবনের সবচেয়ে বড় পরিতৃপ্তি হচ্ছে আমি এখনও বেঁচে আছি, আমি এখনও শ্বাস নিচ্ছি; অনেক মানুষ সংসারে আমার অনেক পরে এসে অনেক আগে হারিয়ে গেছে, কিন্তু আমি এখনও টিকে আছি। আমি অকালে অসময়ে বিনা চিকিত্সায় পিতা হারিয়েছি, উদ্বন্ধনরজ্জুর স্পর্শে ও আপন দুর্বোধ্য নির্বাচনে মা হারিয়েছি, আমি ছাত্র হারিয়েছি, বন্ধু হারিয়েছি এবং একেবারেই অকারণে সন্তান হারিয়েছি, আমি অমানুষের রায়ে বিচারে সম্ভাবনা হারিয়েছি; তারপরও আমি বেঁচে আছি, তারপরও আমি ভালো আছি, সুস্থ আছি।
আমার অন্যান্য পরিতৃপ্তি হচ্ছে, আমার ভালো ঘুম হয়, ঘুমের জন্য কেঁদে কেঁদে আমাকে এপাশ-ওপাশ করতে হয় না। সুস্থাবস্থায় আমি ঘুম থেকে উঠতে পারি। আমার বয়েসী লোকদের শতকরা ষাটভাগ মানুষের জন্য সচেতক মধুমেহ ছাড়া বড় কোন রোগ আমাকে স্পর্শ করেনি, হার্ট আমার এখনও ভালো চলছে, আমিষ বর্জন করলেও প্রচুর পরিতৃপ্তি নিয়ে আমি পর্যাপ্ত খেতে পারি এবং উদরের ফার্নেস-এ সেগুলো যথাসময়ে পুড়ে ফেলে আরেকবারের জন্য রেডি হতে পারি, অন্যের ফেলে দেয়া পুরোনো শার্টপ্যান্ট জুতো পরে কলেজ বিশ্ববিদ্যালয় জীবন চালিয়ে দিলেও এখন আমি আমার বিবেচনা পৃথিবীর শ্রেষ্ঠ পোশাকটি পরতে পারি, নিজের শার্টপ্যান্ট কোটকমপ্লিট ব্লেজারট্রাউজার জুতো-মোজা টাই-কাফলিঙ্ক-কোটপিন আর চাদরপাঞ্জাবির দিকে তাকিয়ে আমি বলতে পারি এগুলো আমি শেষ করবো কখন!
প্রতিদিন তিনবেলা পৃথিবীর শ্রেষ্ঠ ভোজটি আমি গ্রহণ করতে পারি, সবচেয়ে সুন্দর ব্রিফকেসটি নিয়ে বড় পরিপাটি অবস্থায় বড় আরামের একটি বাহনে চেপে সান্ত্রীপরিবেষ্টিত অবস্থায় নিজের শ্রমের জায়গায় গিয়ে আমি বসতে পারি। আমি এখনও ভালো গদ্য ও কবিতা পড়ে এবং গান যদি তেমন হয় গানের পরে গান শুনে আমি আনন্দ পাই। এখনও রবীন্দ্রনাথের নেতৃত্বে পঞ্চকবি আমাকে টেনে রাখে, এখনও আমি সাম্প্রদায়িকতা ঘৃণা করে এবং ছদ্মসাম্প্রদায়িকতাকে সবচেয়ে বেশি ঘৃণা করে ও মুক্তিযুদ্ধের আদর্শকে সবচেয়ে বেশি ভালোবেসে লিখে যাওয়ার দম রাখি, আবৃত্তি করে এবং মানবতাবিরোধী যুদ্ধাপরাধী ও ধর্মবাদীদের বিরুদ্ধে জোরালো শব্দচয়নে অনর্গল কথা বলি। অর্থের জন্য আমি অনেক খরচ করতে পারিনি, অনেক কিছু খেতে কিংবা পরতে পারিনি, অনেক ভ্রমণে যেতে পারিনি, এখন এই কারণে কিছুই আমার ঠেকে থাকে না, কারও কারও হাতে আমি নিজের আনন্দে ও তাদের প্রয়োজন কিছু কিছু তুলেও দিতে পারি। আপনি বা আপনার বন্ধুরা কী মনে করেন জানি না, আমি আমার অতি দামি ও অতি অনুল্লেখ্য জীবনের অভিজ্ঞতা দিয়ে বড় পরিতৃপ্তি ও সততার সঙ্গে মেনে নিতে প্রস্তুত আছি—এরচেয়ে বেশি কিছুর দরকারও নেই, এরচেয়ে বেশি কিছু ম্যানেজও করতে পারবো না।
লেখক :শ্রমজীবী কথাসাহিত্যিক