[ রা জ নী তি ]

অন্তর্বর্তীকালীন সরকার-এর নীতিকৌশল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী চলমান জাতীয় সংসদ এর মেয়াদ উত্তীর্ণের (২৪ জানুয়ারি ২০১৪) তিন মাস পূর্ব (২৪ অক্টোবর ২০১৩) থেকে ক্ষমতাসীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে দায়িত্ব পালন করবে। যা প্রধান বিরোধী দল, দেশের প্রগতিশীল বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, গবেষণাধর্মী প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠনসহ আপামর জনসাধারণ অগ্রহণযোগ্য মর্মে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ক্রমাগত মতামত ব্যক্ত করছেন। অর্থাত্ বর্তমান ক্ষমতাসীন সরকারের ছোট আকৃতির পরিবর্তে সর্বজন গ্রহণযোগ্য “অন্তর্বর্তীকালীন সরকার”ই আগামী দশম জাতীয় সংসদ-এর নির্বাচন অনুষ্ঠান করবে মর্মে মত প্রকাশ করছেন। এদেশে গণতন্ত্রকে চলমান রেখে অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণপূর্বক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে “অন্তর্বর্তীকালীন সরকার” গঠন এখন সময়ের ব্যাপার। উল্লেখ্য যে, চারদলীয় জোট সরকার ২৭ অক্টোবর ২০০৬, তত্কালীন কেয়ারটেকার/ অন্তর্বর্তীকালীন সরকার-এর নিকট ক্ষমতা হস্তান্তর করে। সে হিসাবে আগামী ২৪ অক্টোবর ২০১৩ পর্যন্ত ৭ বছর সময় অতিবাহিত হচ্ছে। বর্তমান পরিস্থিতি :দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুঁজিবাজার (শেয়ার মার্কেট) বিনিয়োগ, আর্থিক প্রতিষ্ঠানের সীমাহীন দুর্নীতি, ঋণদান ক্ষমতা, কর্মসংস্থানের সুযোগ (দেশ ও বিদেশে), প্রাতিষ্ঠানিক কাঠামোর সক্ষমতা, জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার মান, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, যোগাযোগ অবকাঠামোর বেহাল অবস্থাসহ নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা আগামী “অন্তর্বর্তীকালীন সরকার” পরিচালনায় বড় ধরনের বাধা মর্মে প্রতীয়মান হয়। অন্তর্বর্তীকালীন সরকার-এর দায়িত্ব :অন্তর্বর্তীকালীন সময়ে সরকার পরিচালনাপূর্বক লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের নিমিত্ত করণীয় ঃ আইন-শৃঙ্খলা সম্পৃক্ত :১. দেশের অভ্যন্তরে স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা। ২. জেলা থেকে গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা বজায় রাখার সুবিধার্থে জেলা ম্যাজিস্ট্রেসীর আওতাধীন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’গণের মামলা আমলে নেয়ার ক্ষমতা ফৌজদারী কার্যবিধির ১৯০ এ.বি.সি এবং সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা ২৬০-এর আওতায় ছোটখাটো অপরাধের বিচার ও শাস্তি প্রদানের ক্ষমতা সুনির্দিষ্টকরণ। ৩. আইন-শৃঙ্খলা বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে দলবাজিসহ শৃঙ্খলা ভঙ্গের. পক্ষপাতিত্বের সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারকরণ। ৪. দলীয় বিবেচনায় গঠিত উপজেলা/ইউনিয়ন/ওয়ার্ড গ্রাম ‘পুলিশিং কমিটি’ সমূহ পুনর্গঠন। ৫. অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদারকরণসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারকরণ, দাগী আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। জনপ্রশাসন সম্পৃক্ত :১. দেশে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনাকরণ, অর্থনৈতিক অগ্রগতি এগিয়ে নেয়াসহ দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির লক্ষ্যে একটি দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থা ফিরিয়ে আনা। এক্ষেত্রে বর্তমানে কর্মরত দলবাজ সচিব, বিভাগীয় প্রধান, কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহারকরণ। ২. যেসব দক্ষ, অভিজ্ঞ ও সত্ কর্মকর্তাগণ সকল যোগ্যতা থাকা সত্ত্বেও বিগত বছরসমূহে বার বার সচিব/অতিরিক্ত সচিব/ যুগ্ম সচিব/ উপসচিব পদে পদোন্নতি বঞ্চিত করেছে, তাদেরকে জ্যেষ্ঠতা সংরক্ষণ ও আর্থিক সুবিধাদিসহ পদোন্নতি প্রদানপূর্বক দ্রুত পদায়নকরণ। ৩. প্রজাতন্ত্রের যেসব পদে (দূতাবাস, রেগুলেটরী বডি ও শাসনতান্ত্রিক প্রতিষ্ঠানসহ) চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে তা বাতিলকরণ। ৪. জেলা পরিষদের মনোনীত প্রশাসক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মনোনীত চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ, সেবাদানকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মনোনীত ব্যক্তিবর্গের মনোনয়ন বাতিল সংক্রান্ত পরিপত্র জারিকরণ। ৫. বিগত ৭ বছরে দলীয় বিবেচনায় নিয়োগ ও পদোন্নতিপ্রাপ্তদের চিহ্নিতকরণপূর্বক তাদেরকে সাময়িকভাবে আগামী নির্বাচনসহ সকল দায়িত্ব থেকে দূরে রাখা এবং যেসব কর্মকর্তার বিরুদ্ধে দলবাজি, দুর্নীতি ও নিরপেক্ষতা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ উঠবে তাত্ক্ষণিকভাবে আইনগত পদক্ষেপ গ্রহণ। ৬. বিগত ৭ বছর যারা মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/ চীফ হুইপ/উপদেষ্টা/সংসদীয় কমিটির সভাপতিগণের একান্ত সচিব/সহকারী একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন বা প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন বা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ করেছেন বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে কাজ করেছেন ডিও লেটার-এর ভিত্তিতে বা দলবাজির সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে নির্বাচন সম্পৃক্ত সকল দায়িত্ব থেকে প্রত্যাহারকরণ। ৭. পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি কার্যকর করে এবং পূর্বে পদোন্নতিপ্রাপ্ত কিন্তু ফিট লিস্টে রাখা বা পদায়ন করা হয়নি এমন কর্মকর্তাদের থেকে নতুনভাবে দপ্তর/অধিদপ্তর/ প্রধান বিভাগীয় কমিশনার/জেলা প্রশাসক/পুলিশ সুপার/উপজেলা নির্বাহী কর্মকর্তা/থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে দ্রুত পদায়নকরণ। সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠন : ১. বর্তমান নির্বাচন কমিশনের প্রধান ও কমিশনারবৃন্দ একটি দলের অনুগত, আজ্ঞাবহ এবং অদক্ষ বিধায় সর্বজন গ্রহণযোগ্য সত্ ও দক্ষ ব্যক্তিবর্গ নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনকরণ। ২. নির্বাচন কমিশনের আওতাধীন পদসমূহে দলবাজ হিসাবে পরিচিত কর্মকর্তাগণকে নির্বাচন সংক্রান্ত সকল দায়িত্ব থেকে প্রত্যাহারকরণ এবং তদস্থলে নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়ন করতে হবে। ৩. ভোটার তালিকায় অন্তর্ভুক্ত মৃত ব্যক্তিগণের নাম বাদ দেয়া, একাধিক সংসদীয় এলাকায় দ্বৈত ভোটার বাদ দেয়া এবং ভুয়া ভোটার দ্রুত চিহ্নিতকরণপূর্বক বাদ দেয়ার পদক্ষেপ গ্রহণ। ৪. দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সরকারি/বেসরকারি স্কুল/কলেজ/মাদ্রাসার শিক্ষক এবং দলীয় শিক্ষক নেতাদের নির্বাচনী সকল দায়িত্ব থেকে দূরে রাখা। ৫. ভোট কেন্দ্রসমূহের বিষয়ে একমাসের মধ্যে আপত্তি গ্রহণপূর্বক চূড়ান্তকরণ। এক্ষেত্রে ভোট গ্রহণের সুবিধা, কেন্দ্রে ভোটার আসা-যাওয়ার সুবিধা এবং নিরাপত্তার বিষয় প্রাধান্য পাবে। ৬. জাতীয় সংসদ-এর যেসব আসনসমূহের সীমানা একরতফাভাবে বিগত সময়ে নির্ধারণ করেছে তার বিরুদ্ধে উত্থাপিত সকল আপত্তি দ্রুত নিষ্পত্তিকরণ। ৭. নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষকরণের নিমিত্ত এনজিও/অবজারভার গ্রুপ এবং মিডিয়ার ভূমিকা সম্পর্কিত গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন। এক্ষেত্রে রাজনৈতিক দলসমূহের মতামত নিয়ে তা চূড়ান্তকরণ। রাজনৈতিক দলসমূহের জন্য সমান সুযোগ সৃষ্টি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিকরণ : ১. বিগত ৭ বছরে রাজনীতিবিদ/নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহের কার্যক্রম দ্রুত প্রত্যাহার/ স্থগিতকরণ। ২. সকল রাজবন্দীর মুক্তির ব্যবস্থাকরণসহ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। ৩. অধস্তন আদালতের যেসব চিহ্নিত বিচারক উচ্চ আদালতের (মহামান্য হাইকোর্ট) জামিনপ্রাপ্ত রাজনৈতিক নেতা/কর্মীর জামিন বাতিলপূর্বক জেলহাজতে প্রেরণ করেছে, আইনের ব্যত্যয় করে দীর্ঘ সময় রিমান্ড মঞ্জুর করছে; জামিনযোগ্য ধারার ক্ষেত্রে জামিন মঞ্জুর করেননি বা আইন মন্ত্রণালয়ের অঙ্গুলীর নির্দেশে কাজ করেছেন, তাদেরকে বিচারিক দায়িত্ব থেকে এমনকি নির্বাচনকালীন ম্যাজিস্ট্রেট-এর দায়িত্ব থেকে দূরে রাখা। অনুরূপভাবে যে সব নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের নামে রাজনৈতিক নেতা/কর্মীদের জেল দিয়েছেন তাদেরকে নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা। ৪. উচ্চ আদালতের যে সব বিচারকের ক্ষেত্রে জাতীয় সংসদ রেজুলেশন করেছেন বা যাদের বিচারিক দায়িত্ব পালন ঠিক হচ্ছে না মর্মে পাবলিক পারসেপশন আছে বা দলীয় বিবেচনায় কাজ করায় যাদের পাবলিক পারসেপশন ভাল নয়, তাদেরকে বিচারিক দায়িত্ব থেকে দূরে রাখা। ৫. নির্বাচনকালীন সময়ে নির্বাচন অনুষ্ঠানের ৮ দিন পূর্ব থেকে নির্বাচনের ৫ দিন পর পর্যন্ত অর্থাত্ ৮+১+৫=১৪ দিনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গমন, ভোট প্রদান, ফিরে আসা, ভোট গণনা ও ভোটবক্সসহ ফলাফল সহকারী রিটার্নিং অফিসার-এর নিকট পৌঁছানো নিশ্চিত করণে সেনাবাহিনী মোতায়েনকরণ। উহা RPO 2013-তে আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্তকরণ। ৬. প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে পুনঃগঠিত নির্বাচন কমিশন, The Representation of Peoples order (RPO) 2013 চূড়ান্তকরণ। ৭. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সর্বজনীন দশম জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরণ-এর ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্টেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবে মর্মে RPO-2013 তে অন্তর্ভুক্তকরণ। বিবিধ :১. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে বিগত ৫ বছরে নিয়োগ অনিয়ম/ত্রুটি চিহ্নিতকরণপূর্বক স্বচ্ছ নিয়োগ প্রদ্ধতি সুপারিশের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটো পৃথক কমিশন গঠনকরণ। ২. সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের [বিদ্যুত্, গ্যাস, পানি ও ব্যাঙ্ক...] সেবা প্রদান কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে তথাকথিত রাজনৈতিক সংগঠন/শ্রমিক সংগঠনের কার্যক্রম সময়িকভাবে স্থগিতকরণ। ৩. দুর্নীতি দমন কমিশন পুনঃগঠনসহ সকল রেগুলেটরি কমিশন যথা বিটিআরসি, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, বিদ্যুত্, গ্যাস রেগুলেটরি কমিশন, আইন কমিশন ইত্যাদি দ্রুত পুনঃগঠনকরণ। ৪. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাসহ জিপি/পিপি পদে দলনিরপেক্ষ, দক্ষ ব্যক্তিবর্গের নিয়োগ কার্যক্রম গ্রহণ। এবং ৫. এতদসম্পৃক্ত আনুসঙ্গিক বিষয়সমূহ। উপসংহার ঃ আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে এ সকল বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে দলনিরপেক্ষ হিসেবে গড়ে তুলতে না পারলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। একই সঙ্গে সকল রাজনৈতিক দলকে সম অবস্থায় (লেভেল প্লেয়িং ফিল্ড) আনতে হবে। যা কোনো অযৌক্তিক দাবি নয়।  লেখক : সাবেক আইজিপি ও সাবেক সচিব