শাপলা চত্বরে যা ঘটে গেলো?
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:২৭
৫ই মে’র শাপলা
চত্বর :গণতন্ত্রের
আসল রূপ
৫ই মে, ২০১৩ এদেশের সবচেয়ে ভদ্র, ধার্মিক, সহজ সরল তৌহিদী জনতা, আলেমরা মতিঝিলে সমাবেশ করছিলো। কি অপরাধ। আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা সংবিধানে সংযোজন, মহানবীর অবমাননার বিচার ও প্রতিকার করবার জন্য তারা জমায়েত হয়েছিল। কিন্তু শাসকদলের পক্ষে ‘মত’ ছিলো না। তাই বিদ্যুত্ বন্ধ করে, ঘুমন্ত আলেমদের উপর হায়েনার মত আক্রমণ? পক্ষান্তরে ঐ শিয়ালের মত ‘মত’ প্রকাশ যারা করছে। শাসক দলের পক্ষে হওয়ায় তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি হাসপাতালের, রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি সত্ত্বেও তাদের জামাই আদর। এই হচ্ছে বাংলাদেশের প্রকৃত গণতন্ত্রের স্বরূপ। মজার ব্যাপার হলো মিডিয়াগুলো যেভাবে ‘তাণ্ডব তাণ্ডব’ বলে চেঁচাচ্ছে। দেশের মানুষের বুঝতে অসুবিধা হয় না যে, হয় সেখানে ‘বুলি’ অথবা একপেশে রিপোর্ট এগুলো। অস্ত্র হাতে যারা ত্রাস সৃষ্টি করলো, হেফাজতকর্মীদের মারলো, ঐ এলাকা তো পুলিশ ও অস্ত্রধারী সোনার ছেলের জিম্মায় ছিল, তাহলে জ্বালানো-পুড়ানোর জন্য দায়ী কে? সাহস করে বলার কেউ কি নেই?
এম আবদুল্লাহ
এমএসসি (বোটানী),
সরকারী তিতুমীর কলেজ, ঢাকা
০০০০০০০০০০০০০
হেফাজতী নেতাদেরকে কে দিয়েছে ইসলামের ঠিকাদারির দায়িত্ব?
হেফাজতে ইসলামের নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বর্তমান পরিস্থিতি নিয়ে বিচার বিশ্লেষণ করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবার কথা। প্রথমে যদি প্রশ্ন করি হেফাজতে ইসলামের নাম ধারণ করে যারা বসে আছেন তাদেরকে এইভাবে ইসলামের হেফাজত করার দায়িত্ব কে দিয়েছেন? যেহেতু ইসলামের সাথে এর একটি সম্বন্ধ আছে তাই কুরআনের একটি আয়াত এখানে উল্লেখ করা সমীচীন মনে করি। কুরআনে আছে আল্লাহ বলছেন- ‘নিঃসন্দেহে আমরা নিজেই স্মারকগ্রন্থ অবতরণ করেছি, আর আমরাই তো এর সংরক্ষণকারী। (সূরা আল হিজর, আয়াত-৯)। তাহলে তাদেরকে ইসলামের হেফাজত করার দায়িত্ব কি আল্লাহতায়ালা দিয়েছেন? তাও শাপলা চত্বরে যে সকল ঘটনা ঘটানো হলো সেইগুলোকে পর্যালোচনার মাধ্যমে আমরা ইসলামের শিক্ষা এই হেফাজতীদের মধ্যে পাইনি। ডা. ইমরান এইচ সরকার বার বার বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছাড়া অন্য কোন দাবি নেই। এইসব বলার পরও তাদেরকে অমুসলিম, নাস্তিক বলার কারণ কি? হেফাজতী নেতাদেরকে কে দিয়েছে ইসলামের ঠিকাদারির দায়িত্ব। এটা সকলেই জানে যে রসুল করীম (সা.) বলেছেন-যে নিজেকে মুসলমান বলে দাবি করবে সে অবশ্যই মুসলিম। হেফাজতীরা বলবে এরা মুখে বলছে অন্তরে অন্যকিছু। তার মানে এরা মুনাফিক। আমরা বলবো মদীনার সবচাইতে বড় মুনাফিক যে ছিলো তার জানাজার নামাজও রসুল করীম (সা.) পড়েছিলেন। মুনাফিক জানার পরও মুসলমান হিসাবে জানাজার নামাজ পড়িয়েছিলেন। এতোকিছু জানার পরও হেফাজতীরা নিজেদের হাতে ইসলামের ঠিকাদারির দায়িত্ব গ্রহণ করেছেন। জোর করে অন্যজনের মুসলমানিত্বের অধিকারও কেড়ে নিচ্ছেন। ইসলামকে পুঁজি করে দেশের সাধারণ জনগণের মনে আতঙ্ক তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাতো হেফাজতের কাজ নয়। এই হেফাজতীদেরকে যারাই সমর্থন যোগাবে তাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে তারা কি করছেন।
মোহাম্মদ এহিয়া
মিরপুর ল’ কলেজ, মিরপুর, ঢাকা
০০০০০০০০০০০০০
শাপলা চত্বর; যেন দুষ্ট রাজনীতির খেলা!
হেফাজতের সমাবেশে চার ভাগের তিন ভাগ ছিল বিভিন্ন মাদ্রাসার ছাত্র। যারা নিজেরাই জানে না এটা কিসের সমাবেশ? কেন তাদেরকে এখানে আনা হলো? সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করলে সহজেই বুঝা যায় এ যেন এক দুষ্ট রাজনীতির খেলায় পরিণত হয়েছে। এরা হেফাজতের আদর্শে নয় বরং এই হেফাজতকে ঢাল হিসেবে রেখে অন্য কোন উদ্দেশ্যে মেতেছিল কিছু লোক। ধীরে ধীরে তা জনগণের সামনে ফুটে উঠছে। মাঝখানে যা ঘটলো, যে হেফাজতকে অনেকে ভালো চোখে দেখতো তা এখন উঠে গেছে। তাদের আচার-আচরণ আর ইসলাম পরিপন্থি রইলো না। সর্বোপরি পুলিশ-র্যাব-বিজিবি’র যৌথ অভিযানে তাদেরকে শাপলা চত্বর ছাড়তে বাধ্য করা হয়। যদিও এই অভিযানকে অনেকে গণহত্যা বলছে! লাশগুলো কোথায় রাখছে তা বলতে পারছে না? আমাদের দেশের মানুষ খুব গুজব প্রিয়। গুজব নিয়ে আমাদের দেশে অনেক কিছু হয়ে গেছে। সেদিন যদি তাদেরকে হটানো না হতো তবে দেশের জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করছিল। সরকারের উচিত যারা শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে অরাজকতা সৃষ্টি করে তাদেরকে এমন সমাবেশ করতে না দেয়াই ভালো। কারণ সে দিন মতিঝিল ও শাপলা চত্বরের আশেপাশে তারা যা করেছে তা ‘সিডর’ তাণ্ডব এর চেয়ে ভয়াবহ। এখন প্রশ্ন হলো, তাদের আন্দোলন যদি নাস্তিকদের বিরুদ্ধে হয় তবে, দেশের সম্পদ কি ক্ষতি করলো? ধর্মের দোহাই দিয়ে আর অরাজকতা করবেন না। যার ধর্ম তার, রাষ্ট্র সবার। নিজেদের ধর্মের মূল্যবোধকে নিজেরাই ধূলায় গড়াগড়ি খাওয়াবেন না। দেখতে খারাপ দেখায়। আশা করি হেফাজতের শুভবুদ্ধির উদয় হবে। ধর্মকে ব্যবহার করে রাজনীতি থেকে দূরে থাকবে।
সনেট দেব
বি.এস.এস সম্মান,
তৃতীয় বর্ষ অথর্নীতি বিভাগ,
চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম
০০০০০০০০০০০০০
এ দেশে শান্তিপূর্ণ
নির্বাচন অসম্ভব
দেশ ও জাতির কল্যাণের জন্য নয় এ দেশে চলে ধ্বংস, খুন, হানাহানি ও ক্ষমতা দখলের রাজনীতি। এ দেশে যে কোন বিজয়ী দলের কাছে নির্বাচন সঠিক ও সুষ্ঠু হয় কিন্তু পরাজিত দলের কাছে তখন সেই নির্বাচন হয়ে যায় অনিয়মের নির্বাচন। তাহলে এ দেশে কিভাবে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব? আর এভাবে চলছে আমাদের দেশের রাজনৈতিক পর্যায়। এদেশের জনগণ চায় একটি সুখী সমৃদ্ধ দেশ আর এর জন্য তারা অন্ধের মত সরকার গঠন করে কিন্তু সেই সরকার এদেশের মানুষকে কি দিয়েছে ? আসছে আবার দশম সংসদ নির্বাচন, কিন্তু সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য কোন সুনির্দিষ্ট পথ নির্ধারণ হয়নি । যা কখনোই কাম্য নয়। তাই রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত নয় বরং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সবাই একসাথে সংলাপে বসে এমন কোন পথ বের করা হোক যা হবে সকলের কাছে গ্রহণযোগ্য একটি পথ।
মনিরুল ইসলাম (মনির)
অনার্স ৪র্থ বর্ষ (ইংরেজী বিভাগ)
ঢাকা কলেজ, ঢাকা