জয় দিয়েই বার্সার শিরোপা উত্সব

রিয়াল মাদ্রিদ গত ম্যাচে এস্প্যানিওলের বিপক্ষে ড্র করায় শিরোপা আগে থেকেই চলে এসেছিল বার্সেলোনার হাতে। তাই গত রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। তবে ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে জয় দিয়েই নিজেদের ২২ তম শিরোপা উত্সব করলো কাতালানরা। উত্সবের এই ম্যাচে বার্সেলোনার জন্য আছে বড় একটি দুঃসংবাদ; আবারও ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেসি গত ছয় ম্যাচের মধ্যে এই প্রথম খেলার শুরু থেকেই মাঠে নামেন। কিন্তু খেলার ৬৮ তম মিনিটে আবারো চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে। মেসি যখন মাঠ ছাড়লেন বার্সা তখন ১-০ গোলে পিছিয়ে ছিল। অ্যাটলেটিকোর রাদামেল ফ্যালকাও ৫২ মিনিটে দলের হয়ে দারুণ গোল করেন। মেসি মাঠের বাইরে চলে গেলে দশজনের দল হয় বার্সা। কারণ সবগুলো বদলি খেলোয়াড় ব্যবহার করা হয়ে গিয়েছিল ততক্ষণে। অ্যালেক্সিস সানচেজ ৭২ মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান। অ্যাটলেটিকোর মিডফিল্ডার গাবি ফার্নান্দেজ ৮০ মিনিটে আত্মঘাতী গোল করলে বার্সা ২-১ গোলে এগিয়ে যায়। ফলে জয়েই শিরোপা উত্সব জমে ওঠে বার্সেলোনার। বার্সেলোনার কষ্টার্জিত জয়ের ফলে বিরল এক রেকর্ড এখন উঁকি দিচ্ছে। রিয়াল মাদ্রিদ গত মৌসুমে রেকর্ড ১০০ পয়েন্ট তুলতে সক্ষম হয়েছিল। কাতালানরা এখন লিগে অবশিষ্ট তিন ম্যাচে জয় তুলে নিতে পারলে মাদ্রিদের মাইলফলক ছুঁয়ে ফেলবে। বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে বলেন, ‘এই শিরোপার অনেক গুরুত্ব এবং হতে পারে আমাদের কাছে অনেক মূল্যবান, কারণ গত বছর এটা আমরা জিততে পারিনি। ১০০ পয়েন্টে যেতে পারলে বিশেষ কিছু; কিন্তু আমরা লিগের শেষ তিন ম্যাচে লড়াই করব।’ তবে শিরোপা উত্সবের রঙ আরো উজ্জ্বল হবে যখন দলটি নিজ শহরে ফিরবে। গতকাল সোমবার সমর্থক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্যারেড ছিল সিটি সেন্টারে। এদিকে বার্সেলোনা জানিয়েছে, মেসির ইনজুরিটি নিবিড় পর্যবেক্ষণ করা হবে। তবে ধারণা করা হচ্ছে আবারো পুরনো হ্যামস্ট্রিং ইনজুরিতেই পড়েছেন তিনি। বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা মৌসুমের শেষের দিকে দলের সাথে থাকতে পারেননি ক্যান্সারের চিকিত্সার জন্য। জর্দি রৌরা দায়িত্বে ছিলেন এ সময়। তিনি ম্যাচ শেষে বলেন, ‘এই মৌসুমে আমার খেলোয়াড়রা যা করেছে তা অসাধারণ।’ অ্যাটলেটিকোর খেলোয়াড়রা চ্যাম্পিয়ন বার্সেলোনার খেলোয়াড়দের গার্ড অফ অনার দিয়েছে। আগামী শুক্রবার অ্যাটলেটিকো মাদ্রিদ কোপা ডেল রে‘র ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদের সাথে।