মাদ্রিদে জয়ের পর প্যারিসে চোখ সেরেনার
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৩১
মারিয়া শারাপোভাকে হারিয়ে মাদ্রিদ ওপেনে গত রবিবার টানা দ্বিতীয় শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। আর ক্লে কোর্টের এই টুর্নামেন্টে পাওয়া জয়টাকেই ফ্রেঞ্চ ওপেনে টেনে নিতে চান সেরেনা। অন্যদিকে পুরুষ এককে অন্য সব ফেভারিটের অনুপস্থিতিতে প্রত্যাশিতভাবেই শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল।
উইম্বল্ডন, ইউএস এবং অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত হলেও ফ্রান্সের লাল কোর্টে সেরেনার রেকর্ডটা মোটেই সুবিধার নয়। ক্যারিয়ারের মোট ১৫টি শিরোপার মধ্যে এখানে জিততে পেরেছেন মাত্র একটি। টুর্নামেন্টের গত আসরে তাকে বিদায় নিতে হয়েছিল প্রথম রাউন্ড থেকেই। তবে সেই দু:খ ভুলে যেতে এবার বদ্ধপরিকর এই আমেরিকান তারকা। মূল টুর্নামেন্টের আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলে তাই ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। আর মাদ্রিদ ওপেনের এই শিরোপাও সেরেনার আশার পালে জোগাচ্ছে বাড়তি হাওয়া। শক্তিশালী রাশিয়ান প্রতিপক্ষ শারাপোভাকে ফাইনালে ৬-১, ৬-৪ গেমে হারানোর পরে সেরেনার আশাবাদ, ‘এখানের (মাদ্রিদ) কোর্টটা একেবারেই রোলা গারোর কোর্টের মতো। এটা অবশ্যই ইতিবাচক একটা ব্যাপার। গত বছরের তুলনায় এবারের কোর্টটা কিছুটা মন্থর। সত্যিকারের ক্লে কোর্টগুলো এমনই হয়। আমার মনে দারুণ একটা প্রস্তুতিই হলো।’
তবে শিরোপা জিততেই হবে এমনটা ভেবে আগেই নিজের উপর চাপ বাড়িয়ে নিতে নারাজ উইলিয়ামস বোনদের ছোটটির। তিনি বলেন,‘ এটা কঠিন একটা চ্যালেঞ্জ সন্দেহ নেই। তবে আমি যে পর্যন্তই যাই না কেন, আগেই ওসব ভেবে নিজের উপর চাপ বাড়ানোর কোন অর্থ নেই।’
এদিকে স্বদেশী সমর্থকদের সামনে নাদাল স্তানিস্লাস ওয়াওরিঙ্কাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারের ৫৫তম এটিপি শিরোপা জিতে নিয়েছেন। হাঁটুর চোটের কারণে সাত মাস কোর্টের বাইরে কাটানো স্প্যানিশ তারকাটি চোট থেকে ফিরে সাতটি টুর্নামেন্ট খেলে তার সবগুলোতেই খেললেন ফাইনালে। নিজের ইনজুরি সমস্যার দিকে ইঙ্গিত করে জয়ের পর নাদাল বলেন, ‘আমি খুবই খুশি। বছরটা যেসব ঝামেলার মধ্য দিয়ে আমাকে কাটাতে হয়েছে, সেটা এই শিরোপাকে আরো বিশেষ করে তুলেছে। টুর্নামেন্টটা এর চেয়ে ভালো হওয়া সম্ভব ছিল না। আমার মনে হয় ফাইনালেই আমি আমার সেরা খেলাটা খেলতে পেরেছি।’
টুর্নামেন্টের মাঝপথেই নোভাক জোকোভিচ, রজার ফেদেরার এবং অ্যান্ডি মারে বিদায় নেয়ায় নাদালের জন্য অপেক্ষাকৃত সহজ হয়ে যায় শিরোপা জয় করাটা।