আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ

আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে মাঠ থেকে বেরিয় এল বাড্ডা একতা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেটের রেলিগেশনের শেষ ম্যাচে তারা গতকাল সোমবার মিরপুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছিল। যারাই হারবে তারাই নেমে যাবে তৃতীয় বিভাগে। কিন্তু খেলার মাঝপথেই আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদে স্টেডিয়াম থেকে বের হয়ে আসে তারা। তখনো বাড্ডা একতা ব্যাটিংয়ে ছিল (৩১/৯)। বাড্ডা দাবি করেছে, তিন ও চার নম্বর আউটটি ভুল ছিল। তাই তারা খেলতে অস্বীকৃতি জানায়। বাড্ডা একতার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘আম্পায়াররা আমাদের ভুল আউট দিয়েছে। কিছু এলবিডব্লিউ এবং কিছু ক্যাচআউট হয়নি। তাই আমরা মাঠ থেকে বের হয়ে আসি। তাছাড়া মাঠের মধ্যে আম্পায়াররা মোবাইল ফোন নিয়ে ঢুকেছিলেন। তারা মোবাইলের মাধ্যমে আউটের সিদ্ধান্ত দিয়েছেন’। কাল রেলিগেশন এই ম্যাচের দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্যে একজন জাহাঙ্গীর আলম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। মাঠে মোবাইল নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। তারা যে আউটের প্রতিবাদ করেছে সেগুলো হচ্ছে তৃতীয় ও চতুর্থ উইকেট পতনের সময়। কিন্তু তারা নবম উইকেট পতনের পর মাঠ থেকে বের হয়ে যায়। যখন বুঝতে পেরেছে এই ম্যাচে কিছুই হবে না তখনি তারা এটা করেছে’। তবে বাড্ডা একতার কর্মকর্তা জানিয়েছেন, আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ জানাবে তারা। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) কাছে তারা লিখিত অভিযোগ করবে। যদিও তারা জানিয়েছে, এর আগের ম্যাচে তারা আম্পায়ারদের ব্যাপারে লিখিত অভিযোগ করেছিল। কিন্তু সিসিডিএম কোন পদক্ষেপই নাকি নেয়নি।