সলিমুল্লাহ এতিমখানা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৪৩
স্যার সলিমুল্লাহ এতিমখানার বর্তমান কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন এতিমখানার শিক্ষার্থী ও কর্মচারীরা। আগামী সাতদিনের মধ্যে এতিমখানার সব ধরনের বিদ্যমান সমস্যার সমাধান করা না হলে কঠোর কর্মসূচিতে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা। গতকাল সোমবার এতিমখানার শিক্ষার্থী ও কর্মচারীরা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এতিমখানার শিক্ষার্থী মো. মোরসালিন। এ সময় আরো উপস্থিত ছিলেন- এতিমখানার ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক নাজমুস সাদাত, সহকারী তত্ত্বাবধায়ক মো. নুরুল ইসলামসহ এতিমখানার শিক্ষার্থী ও কর্মচারীরা।
লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান কমিটির সভাপতি খাজা জাকী আহসানুল্লাহ সানী ও সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান এতিমখানার গঠনতন্ত্র মডিফাই করে প্রতিষ্ঠানটিকে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন। তাদের দুর্নীতির প্রতিবাদ করায় এতিমখানার অর্থ অনুমোদন বন্ধ করে দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে এতিমদের খাদ্য সরবরাহ করা যাচ্ছে না। এতিমখানার উন্নয়নের বাইরে কোনো জমি ব্যবহার করলে তা বাজেয়াপ্ত করা হবে-এই মর্মে একটি লিজ দেয়া হয়। কিন্তু ২০০৩ সালে সভাপতি সানী এতিমখানার ৪০ কাঠা জমি উন্নয়নের নামে ৩০ লাখ টাকা সাইনিং মানি হিসেবে বেআইনিভাবে একটি ডেভেলপার কোম্পানিকে দিয়ে দেন এবং এই জমি ও টাকার কোনো কাগজপত্র এতিমখানার অফিসে নেই। এতিমখানা কর্তৃপক্ষ জানায়, এসব দুর্নীতির বিষয়ে জানতে পেরে চলতি বছরের ৯ জানুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি ৪ এপ্রিল রিপোর্ট পেশ করে এবং ওই রিপোর্টের ভিত্তিতে বর্তমান কমিটি বাতিলের সুপারিশ করা হয়।
এ সময় শিক্ষার্থী ও কর্মচারীরা এতিমখানাটি রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, এতিমখানাটি না থাকলে হয়তো অনেক শিশু অকালে ঝরে যেত এবং এই শিশুরাই খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হতো।