সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণী গেজেট শিগগিরই
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৪৩
সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে ৩০০ আসনের মধ্যে ৮৭টির আপত্তি আবেদনের শুনানি গ্রহণ শেষ হয়েছে। রবিবার ঢাকা বিভাগের আপত্তি আবেদনের শুনানির মাধ্যমে এ শুনানি শেষ হয়। খুব শিগগিরই চূড়ান্ত সীমানা নির্ধারণী গেজেট প্রকাশিত হচ্ছে। গত ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া এ শুনানি চলে ১২ মে পর্যন্ত। এর মধ্যে রংপুর ও খুলনা বিভাগের (আংশিক) ২৩ এপ্রিল (৭৫টি আপত্তি আবেদন), খুলনা ও বরিশাল বিভাগের ২৫ এপ্রিল (৬৯টি), সিলেট ও চট্টগ্রাম বিভাগের (আংশিক) ২৮ এপ্রিল (৩৬টি), চট্টগ্রাম ও ঢাকা বিভাগের (আংশিক) ৩০ এপ্রিল (৪৮টি), ঢাকা বিভাগের জন্য ২ মে (৪৭টি), ৯ মে (৫৭টি) ও ১২ মে (৫১টি) আপত্তির আবেদনের শুনানি সম্পন্ন হয়। সব মিলিয়ে নির্বাচন কমিশন প্রস্তাবিত এসব সীমানা নিয়ে ৮৯৪টি আপত্তি ও পরামর্শ আবেদনের শুনানি হয়েছে। শুনানি শেষে নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ বলেন, আমরা সুষ্ঠুভাবে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে আপত্তি আবেদনের শুনানি শেষ করেছি। এখন যতো দ্রুত সম্ভব দশম জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা গেজেটে প্রকাশ করা হবে।
রবিবার শুনানির শেষদিনে পুরানো সীমানা বহাল রাখার দাবি জানিয়েছেন রাজধানী ঢাকার মাহজোটের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে শুনানিতে অংশ নিয়ে ২০০৮ সালের সীমানা বহাল রাখার পক্ষে প্রায় অভিন্ন দাবী জানিয়েছেন ঢাকার বেশ কয়েকজন এমপি। রাজধানী ঢাকায় দীর্ঘদিন ১৫টি সংসদীয় আসন ছিল। যার মধ্যে সিটি করপোরেশনের আওতাভুক্ত ছিল ৮টি। ২০০৮ সালে রাজধানীতে ৫টি আসন বাড়িয়ে ২০টি করা হয়। যার মধ্যে সিটি করপোরেশন এলাকায় রয়েছে ১৫টি। বর্তমান ইসি চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সারাদেশের ৩০০টি আসনের মধ্যে ৮৭টি আসনের সীমানায় পরিবর্তন করে খসড়া তালিকার গেজেট প্রকাশ করে। এতে রাজধানী ঢাকায় আসন কমানো-বাড়ানো না হলেও ১৬টি আসনের সীমানা পরিবর্তন করা হয়।
ইসির খসড়ায় ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লার আসন থেকে দনিয়া ইউনিয়নকে কেটে ঢাকা-৪ আসনের এমপি সানজিদা খানমের আসনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এতে সানজিদা খাতুনের আপত্তি না থাকলেও হাবিবুর রহমান মোল্লার আপত্তি রয়েছে। তার স্বাক্ষর নিয়ে দনিয়া ইউনিয়নের চেয়ারম্যান জুম্মান মিয়া কমিশনে আপত্তি জানিয়েছেন। অন্যদিকে সানজিদা খানম লিখিত আবেদন না জানালেও তিনি কমিশনে সশরীরে হাজির হয়ে প্রস্তাবিত খসড়া অনুযায়ী তালিকা চূড়ান্ত করার দাবী জানিয়েছেন। রবিবার ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের পক্ষে শুনানিতে অংশ নেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, আদমশুমারিতে এ আসনের জনসংখ্যা কম বা বেশি হয়নি। কিন্তু নির্বাচন কমিশন এ আসনের ওয়ার্ডগুলো অন্য আসনের সঙ্গে কেটে দেয়ায় মূল আসন বিলুপ্ত হয়েছে। শুনানিতে অংশ নিয়ে সাহারা খাতুন বলেন, জনগণের চলাফেরার সুবিধার্থে ঢাকা-১৮ আসনের পূর্বের সীমানা বহাল রাখুন। প্রস্তাবিত সীমানায় ঢাকা-১২ আসনের সঙ্গে দেওয়া ১৭ নম্বর ওয়ার্ডটি ঢাকা-১৮ আসনের সঙ্গে যুক্ত করার দাবি জানান তিনি। ঢাকা-১৩ আসনের এমপি ও এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা-১৪ আসনের এমপি আসলামুল হক আসলাম ২০০৮ সালের আসন বহাল চান। তারা দু’জনেই ইসির শুনানিতে গিয়ে সশরীরে অংশ নেন। ইসির প্রস্তাবিত সীমানায় সাভারের কাউন্দিয়া ইউনিয়নকে ঢাকা-১৩ আসনে ও উত্তর সিটি করপোরেশনের ৯ ও ১০ ওয়ার্ড ঢাকা-১৩ আসনে থেকে ১৪ আসনে স্থানান্তর করা হয়।