ইউকে ভিসার জন্য আবেদন অনলাইনে
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৪৪
ব্রিটিশ হাইকমিশন, গত রবিবার ভিসা প্রক্রিয়া একধাপ এগিয়ে নিয়ে ইউকে ভিসা আবেদন অনলাইনে করার ঘোষণা দিয়েছে। আগামী ১৯ মে থেকে ডিপেন্ডেন্টসহ সকল পয়েন্টস বেজড সিস্টেম (পিবিএস) আবেদন এবং আগামী ২ জুন থেকে অন্যান্য আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পাদিত হবে। নির্ধারিত সময়ের পর আর কোন হাতে পূরণকৃত আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের জন্য www.visa4uk.fco.gov.uk ঠিকানায় ভিজিট করে প্রদত্ত নিয়মাবলী অনুসরণপূর্বক অনলাইনে আবেদন জমা দিতে হবে। নিয়মাবলী বাংলা এবং ইংরেজী দুই ভাষাতেই দেয়া আছে। এ প্রক্রিয়ায় অনলাইন আবেদনপত্র পূরণে স্বজনরাও সহায়তা করতে পারবেন।
আবেদনকারী পূরণকৃত ও অনলাইনে প্রেরিত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি ও আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে ঢাকা অথবা সিলেটে তাদের নিকটস্থ ভিসা আবেদন কেন্দ্রে যাবেন। প্রিমিয়াম সার্ভিসের সেবা গ্রহিতা না হলে আগাম কোন অ্যাপয়েন্টমেন্ট দরকার হবে না। আগের মতোই আবেদন কেন্দ্র আবেদনকারীর বায়োমেট্রিক বিবরণী (আঙ্গুলের ছাপ ও ডিজিটাল ছবি) সংগ্রহ করবে। আবেদনকারী কেন্দ্রে এসে তাঁর আবেদন ফি জমা দেবেন অথবা ব্র্যাক ব্যাংকের পূর্বনির্ধারিত শাখায় অর্থ জমা দেবেন, দ্বিতীয় ক্ষেত্রে আবেদন কেন্দ্র অর্থ প্রদানের প্রমাণ দিতে বলবে।
যাদের ইন্টারনেট ও প্রিন্টারযুক্ত কম্পিউটার ব্যবহারের সুবিধা নেই তারা সামান্য অর্থের বিনিময়ে আগে থেকে যোগাযোগ করে ভিএফএস গ্লোবাল (যুক্তরাজ্যের ব্যবসা পার্টনার) এর আবেদন কেন্দ্রের কম্পিউটার ব্যবহার করতে পারবেন। পুনরায় উপস্থিত না হয়ে, একইসময় তারা আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র জমা দিতে পারবেন। সেখানে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করা এবং আবেদন জমা দেয়ার পূর্ণাঙ্গ নিয়মাবলী প্রদর্শন করা হবে। ভিএফএস’র আইটি সিস্টেম ব্যবহারের জন্য যোগাযোগ করতে হবে নিচের ঠিকানায়; ঢাকা: dhakakiosk@ vfshelpline.com ফোন +৮৮০২ ৯৮৮৫১৩। সিলেট: sylhetkiosk@ vfshelpline.com ফোন +৮৮০৮২১ ৭১৭৫৭০।
আইটি সেবা গ্রহণের জন্য প্রথম ৩০ মিনিটে ১৬০ টাকা এবং পরের প্রতি ১৫ মিনিটের জন্য ৮০ টাকা প্রদান করতে হবে। প্রতি পৃষ্ঠার প্রিন্ট কপি পেতে আরো ৩০ টাকা করে দিতে হবে। প্রিমিয়াম লাউঞ্জ, ফার্স্ট ট্র্যাক এবং প্রাইম টাইম সেবা গ্রহিতারা ইচ্ছা করলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবেদন জমা দিতে পারবেন। এসব সেবার ক্ষেত্রে আরো তথ্য পাওয়া যাবে www.vfs-uk-bd.com ঠিকানায়।