মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সোমবার মিরপুরের একটি গার্মেন্টসে শ্রমিকরা ভাঙচুর করেছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট এলাকার প্রধান সড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে শ্রমিকরা অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করেন। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে জানিয়েছেন, মিরপুর-১৪ নম্বরে এমবিএম গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা দাবি করেছেন, কোনো কারণ ছাড়াই কয়েক দিন আগে ১৩ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এসব শ্রমিককে চাকরিতে পুনর্বহাল রাখার দাবিতে গতকাল তারা বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটায় শ্রমিকরা এসে কাজ যোগ দেন। এক ঘণ্টা পর জড়ো হয়ে ১৩ শ্রমিকের চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং কারখানায় ভাঙচুর চালান। এক পর্যায়ে তারা নিকটবর্তী প্রধান সড়কে গিয়ে অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কাফরুল থানা পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিলে তারা সড়ক থেকে চলে যান।