রাষ্ট্রপক্ষের সাক্ষীকে বৈরী ঘোষণা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে এক সাক্ষীকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ। রবিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী প্রদীপ কুমার দেব। পাবনা জেলার সাথিয়া থানার বাসিন্দা প্রদীপ তার জবানবন্দিতে বলেন, ১৯৭১ সালে ৮ মে ভোর রাতে মেঘা ঠাকুরের লিচু গাছে উঠি লিচু পাড়ার জন্য। কিছুক্ষণের মধ্যে সেখানে পাকিস্তানি সেনারা মেঘা ঠাকুরের বাড়িটি ঘিরে ফেলে। এরপর পাকিস্তানি সেনারা বাড়ির মধ্যে ঢুকে লোকজনকে ধরে মারধোর করে মন্দিরের পাশে নিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। যাদের হত্যা করা হয় তাদের মধ্যে মেঘা ঠাকুর, দ্বিজু ঠাকুর, করু ঠাকুর, ষষ্টি হালদার, শান্তি হালদার, আদু হালদার, কার্তিক হালদার, সুরেশ হালদার এবং আমার কাকা মুরালী চন্দ প্রমুখ ছিলেন। লাইনে আরেকজনকে দাঁড় করানো হয়েছিল তার নাম তারা হালদার, তিনি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। ঐ হত্যাকাণ্ড দেখে আমি পালিয়ে যাই। ঐ হত্যাকাণ্ডের সময় সেখানে শুকুর, আফজাল, আছাদ, মোসলেম গং উপস্থিত ছিল। তদন্তকারী কর্মকর্তা এই ঘটনা সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কিনা তা আমার মনে নেই। এ জবানবন্দির পর রাষ্ট্রপক্ষ তাকে বৈরী ঘোষণা করে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেনের জেরার জবাবে সাক্ষী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে ২০১১ সালে ৬ নভেম্বর জবানবন্দি দিয়েছি কিনা স্মরণ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মতিউর রহমান নিজামী মেঘা ঠাকুরের বাড়িতে হত্যাকাণ্ড এবং খোদা বক্স চেয়ারম্যানের বোর্ড অফিসে মিটিংয়ে উপস্থিত ছিলেন তা জেনেও গোপন করে মিথ্যা সাক্ষ্য দিয়েছি এ কথা সত্য নয়।