অবিস্মরণীয় এক উদ্ধার অভিযান
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২০:৪৬
রানা প্লাজার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষিত হইয়াছে। বিশাল এই অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর পক্ষ হইতে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পরবর্তী দায়িত্ব তুলিয়া দেওয়া হইয়াছে ঢাকা জেলা প্রশাসনের হাতে। সকল বিচারেই ইহা ছিল অনন্য ও অবিস্মরণীয় এক উদ্ধার অভিযান। দুই পর্বে বিভক্ত এই অভিযানে জীবিত ও মৃত অবস্থায় উদ্ধার করা হইয়াছে ৩৫৫৩ জনকে। তন্মধ্যে ভবন ধসের দীর্ঘ ১৭ দিন পর পোশাককর্মী রেশমাকে জীবিত উদ্ধারের বিষয়টি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করিয়াছে। সেই সাথে সরাইতে হইয়াছে ধসিয়া পড়া ভবনটির কয়েক হাজার টন লোহা ও কংক্রিটের আবর্জনা। বাস্তবিকই বাংলাদেশের জন্য ইহা ছিল অভূতপূর্ব এক অভিজ্ঞতা। এমনকী একক ভবনধসে একসাথে এতো মানুষ হতাহত হওয়ার উদাহরণ বিশ্বের অন্যত্রও বিরল। বিবিসি ইহাকে বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্পবিপর্যয় হিসাবে অভিহিত করিয়াছে। গর্বের বিষয় হইল, বাংলাদেশ একাই এই বিশাল বিপর্যয় সামাল দিয়াছে। মুহূর্তের জন্যও মনোবল হারায় নাই আমাদের অদম্য উদ্ধারকারী দল। বরং হতাহতদের উদ্ধারে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপাইয়া পড়া সাধারণ মানুষ যেই সাহসিকতা, আত্মত্যাগ ও মমত্ববোধের পরিচয় দিয়াছে তাহা লইয়া যে কোনো দেশ গর্ব করিতে পারে। শাহীনাকে উদ্ধার করিতে গিয়া দুইটি শিশুসন্তানের জনক তরুণ স্বেচ্ছাসেবী কায়কোবাদ যেইভাবে নিজের জীবন উত্সর্গ করিয়াছেন তাহার তুলনা বিরল। উদ্ধার অভিযানের শুরু হইতে শেষাবধি সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা অমানুষিক পরিশ্রমই শুধু করেন নাই, সেই সাথে স্থাপন করিয়াছেন পেশাদারিত্ব, দেশাত্মবোধ ও মানবিকতার এক অনন্য মাইলফলক। পিছাইয়া ছিলেন না সরকারি-বেসরকারি চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী, পুলিশ ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষও। তাহাদের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখিবে বলিয়া আমাদের বিশ্বাস। এই সুযোগে আমরা তাহাদের আন্তরিক অভিনন্দন জানাই।
দুই পর্বের উদ্ধার অভিযানের প্রথম পর্বে হালকা যন্ত্রপাতি এবং দ্বিতীয় পর্বে ভারি যন্ত্রপাতি ব্যবহার করা হইয়াছে। দমকল বাহিনীর প্রশিক্ষিত কর্মীদের সাথে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগও যোগ দেওয়ার কারণে উদ্ধার কাজে দক্ষ কর্মীর অভাব খুব একটা অনুভূত না হইলেও প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতির অভাব প্রকটভাবে অনুভূত হইয়াছে শুরু হইতে শেষাবধি। ফায়ার সার্ভিসের নিজস্ব ভারি যন্ত্রপাতি তো ছিলই না, এমনকী হালকা যন্ত্রপাতির জন্যও হাহাকার করিতে হইয়াছে উদ্ধারকর্মীদের। গলদঘর্ম হইতে হইয়াছে টর্চলাইট, হেলমেট ও বহনযোগ্য অক্সিজেন সিলিন্ডারের সন্ধানে। এই অভিজ্ঞতাগুলি খুবই মূল্যবান বলিয়া আমরা মনে করি। লক্ষণীয় যে, রাজধানীর সন্নিকটে সাভারে মাত্র একটি ভবন ধসিয়াই সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়াছে। সংলগ্ন প্রশস্ত রাস্তা, নিকটবর্তী সেনানিবাস এবং বৃহত্ একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্বক্ষণিক চিকিত্সা সুবিধা সত্ত্বেও এই একটি বিপর্যয় সামাল দিতেই কয়েক সপ্তাহ লাগিয়াছে। এই বিপর্যয়টি ছিল মানুষের গাফিলতিজনিত। অনুরূপ আরো অনেক বিপর্যয়ের আশঙ্কার মধ্যেই আমাদের বসবাস। সেই সাথে অব্যাহতভাবে উচ্চারিত হইতেছে ভূমিকম্পের সতর্কবার্তা। বিশেষ করিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে চিহ্নিত করা হইয়াছে রাজধানী ঢাকাকে। সেই সাথে ইহাও বলা হইয়াছে যে, রিখটার স্কেলে ৭ বা ততোধিক মাত্রার ভূমিকম্পে ঢাকার ৭০ শতাংশ ভবনই ধসিয়া পড়িতে পারে। অতএব, মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক উভয়বিধ দুর্যোগের আশঙ্কাকে বিবেচনায় রাখিয়াই আমাদের উপযুক্ত অবকাঠামো নির্মাণসহ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করিতে হইবে। এখনই উদ্যোগ নিতে হইবে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের। একই সাথে নজর দিতে হইবে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত উদ্ধারকর্মী তৈরির উপর। সাভারের ঘটনায় আবারও প্রমাণিত হইয়াছে যে, আমাদের দেশে আগ্রহী ও নিবেদিতপ্রাণ মানুষের কোনো অভাব নাই। ফায়ার সার্ভিসের মাধ্যমে স্থানীয়ভাবে তাহাদেরকে সংগঠিত করিয়া উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে দুর্যোগকালে আর দক্ষ কর্মীর অভাব হইবে না। পাশাপাশি, সাধারণ মানুষের মধ্যেও ভূমিকম্প, ভবনধস ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির প্রয়োজন রহিয়াছে। এই ক্ষেত্রে বেশি মনোযোগ দেওয়া উচিত স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কারখানার শ্রমিকদের উপর।