হরতাল ও পরীক্ষার্থীদের দুর্ভোগ
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২০:৪৬
রাজনৈতিক অস্থিরতার কারণে একের পর এক হরতাল ডাকা হইতেছে। ইহাতে ব্যবসা-বাণিজ্যের অপরিসীম ক্ষতিসাধনসহ জনজীবন বিপর্যস্ত হইয়া পড়িতেছে। বিশেষত এবার বিভিন্ন পরীক্ষার্থী বেকায়দায় পড়িয়াছে। প্রথমে হরতালের কারণে এসএসসি পরীক্ষার সময়সূচিতে ছন্দপতন ঘটে। বিভিন্ন পরীক্ষা পিছাইয়া যায় আকস্মিকভাবে। ইহাতে শিক্ষার্থীদের মনসংযোগ নষ্ট হয়। তবে সরকারের আন্তরিকতা ও দৃঢ় পদক্ষেপে শেষপর্যন্ত এসএসসির ফলাফল দ্রুত প্রকাশিত হইয়াছে। এখন এইচএসসি পরীক্ষার্থীরা দুর্ভোগ পোহাইতেছে। তাহাদের অনেকে মনোবল হারাইয়া ফেলিতেছে। সর্বশেষ গতকালের হরতালের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা আরেক দফা পিছাইয়াছে। ইহা লইয়া সাতদিনে মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছাইয়া গেল। এইভাবে তাহাদের পরীক্ষা কখন শেষ হইবে ও কবে নাগাদ ফলাফল প্রকাশিত হইবে তাহা আল্লাহ মালুম। কাঙ্ক্ষিত সময়ের মধ্যে রেজাল্ট না হইলে উচ্চশিক্ষা ব্যবস্থায় সেশনজটের আশঙ্কাকে একেবারে উড়াইয়া দেওয়া যায় না।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পাশাপাশি এ বত্সর ইংলিশ মিডিয়ামের পরীক্ষার্থীদের যে কষ্ট করিতে হইতেছে তাহা এককথায় অবর্ণনীয়। গত সপ্তাহ হইতে বিশ্ব জুড়িয়া কেমব্রিজ ও অ্যাডেক্সেলের সিলেবাসে পরিচালিত এ এবং ও লেভেল পরীক্ষা শুরু হইয়াছে। জুন মাসের মাঝামাঝি পরীক্ষা দুইটি শেষ হইবার কথা। ব্রিটিশ কাউন্সিলের সূত্র মতে, এই দুইটি পরীক্ষায় এবার বাংলাদেশ হইতে প্রায় ২২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করিতেছে। কিন্তু হরতালের কারণে চরম বিপাকে পড়িয়াছে পরীক্ষার্থীরা। কর্তৃপক্ষ সময়সূচি ধরিয়া রাখিতে পারিতেছেন না। যেহেতু এই দুইটি পরীক্ষা সারাবিশ্বে একযোগে অনুষ্ঠিত হইতেছে, তাই পরীক্ষার তারিখ পিছানোর কোন সুযোগ নাই। তাই সকাল ও বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হইবার কথা থাকিলেও অগত্যা রাত্রের দুই শিফটে নেওয়া হইতেছে। সব পরীক্ষাই এখন নেওয়া হইতেছে সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত পৌনে ১২টায়। যাহারা মধ্যরাত্রে পরীক্ষা দিতে যাইতেছে তাহাদের সমস্যা সবচাইতে বেশি। অনেকে চোখে ঘুম নিয়া পরীক্ষা কেন্দ্রে যাইতেছে। পরীক্ষা দিতে গিয়া ঢুলিতেছে। এ সময় একটানা হরতাল হইলে তাহারা আরও ক্ষতিগ্রস্ত হইবে। কোন কারণে পরীক্ষা দিতে না পারিলে পরের বত্সর তাহারা পরীক্ষা দিতে পারিবে না। এইজন্য নূতন করিয়া রেজিস্ট্রেশন করিতে হইবে। ইহাতে শিক্ষার্থীদের জীবন হইতে মূল্যবান সময় ঝরিয়া যাইবার আশঙ্কা দেখা দিবে।
উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও হরতাল-নাশকতাকে ঘিরিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ ও উত্কণ্ঠা বিরাজ করিতেছে। উল্লেখ্য, হরতালের কারণে গত বত্সরও একইভাবে এ এবং ও লেভেলের পরীক্ষা মধ্যরাত্রে নেওয়া হইয়াছিল। কিন্তু এবার তাহাদের উত্কণ্ঠা ও আতঙ্ক গত বত্সরের তুলনায় বেশি। একটি সরকারের মেয়াদান্তে ও নির্বাচনী বত্সরে আসিয়া তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা কম-বেশি লাগিয়াই থাকে। ক্ষমতার পট পরিবর্তনের পথ এসব দেশে কন্টকমুক্ত ও শান্তিপূর্ণ না হওয়ায় বিরোধ-বিসম্বাদ ও সংঘর্ষ ছাড়া এক পর্যায়ে স্থিতিশীলতা আসে না। অনেক সময় সেই সংঘাতময় পরিস্থিতি দীর্ঘমেয়াদি রূপ লাভ করে। এমতাবস্থায় বিরোধী দলের প্রতি আমরা যতই নসিহত বর্ষণ করি না কেন, তাহাতে কোন কাজ হয় না। কাহার কীরূপ ক্ষতি হইবে সেই বিবেচনায় কেহ হরতাল-অবরোধের ন্যায় কঠোর কর্মসূচি দেন না। রাজনৈতিক অস্থিরতার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে হাজার হাজার শিক্ষার্থীর সেশনজটে পড়িবার ভূরি ভূরি দৃষ্টান্ত রহিয়াছে। ইহাতে অনেকের জীবন বরবাদ হইয়া গিয়াছে। কিন্তু এই কথা কোমলমতি শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের বুঝানো মুশকিল। তাই সার্বিক পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করা এবং ব্যথিত ও মর্মাহত হওয়া ছাড়া আমাদের আর কি-ই বা বলার থাকিতে পারে ।