মুশফিকের পুনরাবৃত্তি: ‘ভুল করেছি’
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২০:৫৯
অধিনায়কত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্তটি ভুল ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেও গতকাল মঙ্গলবার একই কথা বললেন মুশফিকুর রহিম। অপরদিকে কোচ শেন জার্গুনসেন দাবি করলেন তারা ব্যর্থ হননি, বরং আগের সফরের তুলনায় ভাল করেছেন।
মুশফিক বুলাওয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পর যে ভুলের কথা স্বীকার করেছিলেন, কাল ঢাকায় এসেও একই কথার পুনরাবৃত্তি করলেন। কিন্তু জিম্বাবুয়ে সিরিজের পর এমনিতেই তিনি অধিনায়কত্ব থাকছেন না, তারপরও এই ঘোষণা দেয়ার কারণ কি জানতে চাইলে তার স্বীকারোক্তি, ‘ভুল করেছি’।
বাংলাদেশ দল জিম্বাবুয়েতে এক মাসের সফর শেষে কাল বিকেলে ঢাকায় এসে পৌঁছায়। তামিম ইকবাল, নাসির হোসেন ও শফিউল ইসলাম দলের সাথে আসেননি। জানা গেছে, শপিং করতে দুবাইয়ে থেকে গেছেন তামিম। অপরদিকে চিকিত্সা নিতে হারারে থেকে দক্ষিণ আফ্রিকায় গেছেন শফিউল ও নাসির।
জিম্বাবুয়ে সফরের ঠিক দুই সপ্তাহ আগে শ্রীলংকা সফর শেষ করে দেশে ফেরার প্রাক্কালে বাংলাদেশের ছবিটা ছিল অন্যরকম। প্রত্যেকের মাঝে দেখা গিয়েছিল আনন্দের ছাপ, ছিল স্বস্তি। মাত্র দেড় মাসের ব্যবধানে ফের বিমানবন্দরে বাংলাদেশ দল। কিন্তু এবারের দলটির মধ্যে ছিল না কোন আনন্দ কিংবা তৃপ্তির ছাপ।
মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, জিয়াউর রহমান জিয়া, শামছুর রহমান শুভ, সাকিব আল হাসান, সাজেদুল ইসলাম, আব্দুর রাজ্জাকদের চোখে-মুখে অস্বস্তির ছাপই বলে দিচ্ছিল জিম্বাবুয়ে সফরটি তাদের জন্য কতটা বেদনাদায়ক হয়েছে। নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে চাইছেন খেলোয়াড়রা। তাই আক্ষেপ করেই এদিন বিমানবন্দর থেকে বের হতে হতে সাকিব বললেন, ‘ভাই আমরা আসলে ভালো খেলতে পারিনি’।
অভিন্ন কথা শোনা গেল আশরাফুলের কাছ থেকেও, ‘সফরটি আমাদের ভালো যায়নি’। জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের কাছে টেস্টে ড্র এবং ওয়ানডে সিরিজের হার- এটি যেন মানতে পারছিলেন না অধিনায়ক। তাই বিমানবন্দরে নেমে বুলাওয়ের সংবাদ সম্মেলনের কথাটি পুনরাবৃত্তি করলেন মুশফিক, ‘ওদের মাটিতে আমরা হেরে গেছি। এটি আমি মানতে পারিনি। তাই আবেগের বশে এই সিদ্ধান্ত নিয়েছিলাম’।
মুশফিকের এই সিদ্ধান্তের কথা জেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তার সাথে কথা বলেছিলেন। দলের ভেতরে টিম ওয়ার্ক নেই বলে বোর্ড সভাপতির কাছে অভিযোগও করেছিলেন তিনি। কিন্তু কাল বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বললেন, ‘টিম ওয়ার্ক বলতে আমি বোঝাতে চেয়েছি কেউ পারফর্ম করছে না। হয়তো আমার চেয়ে কেউ বেটার আছেন যিনি দলকে নেতৃত্ব দিতে পারবেন। বোর্ড আমার সাথে কথা বলবে বলেছে। পরবর্তিতে অধিনায়ক হিসেবে থাকবো কিনা সেটা বোর্ডের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব। এই মুহূর্তে বিষয়টি নিয়ে তেমন কিছু বলতে চাইছি না’।
নিজেদের বাজে পারফর্মেন্সের কারণে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজটি খোয়ানোর আগে টেস্ট সিরিজেও ড্রয়ে বাধ্য হয়েছিল মুশফিকরা। অধিনায়ক দাবি করেন জিম্বাবুয়ে কর্তৃপক্ষের ‘আতিথেয়তা’ বেশ ভুগিয়েছে তাদেরকে। সিরিজ হেরে যাওয়ার পেছনে এটিও অন্যতম কারণ দাবি করে মুশফিক বলেন, ‘আমরা কোন সুযোগ-সুবিধাই পাইনি। একদিন সকালে প্র্যাকটিস করতে চাইলাম সেটাও দেয়নি। এমনকি আমাদেরকে নেট বোলার পর্যন্ত দেয়নি’।
স্বাগতিকদের বাজে আতিথেয়তার পাশাপাশি বুলাওয়ের উইকেটকেও সমানভাবে দায়ী করেন তিনি। এ ব্যাপারে মুশফিক বলেন, ‘আমরা আগে জানতাম বুলাওয়েতে স্পিনিং উইকেট হয়ে থাকে। এবার তা আমাদের ধারণা পাল্টে দিয়েছে। সেখানে সিমিং উইকেট হওয়ায় সমস্যায় পড়েছি’।
শ্রীলংকা সফরে এত ভালো একটি সিরিজ শেষ করার পর জিম্বাবুয়ে সফরে খেলোয়াড়রা খারাপ করলেও কোচ শেন জার্গুনসেন এই সফরকে ইতিবাচক বলে মনে করছেন। দলের সাথে ঢাকায় এসে তিনি বলেন, ‘অবশ্যই আমরা ব্যর্থ হয়নি। জিম্বাবুয়ের মাটিতে গত সিরিজের তুলনায় আমরা ভালো করেছি। কিছু সমস্যা ছিল ঠিকই কিন্তু তা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। ছেলেরা সত্যিই ভালো করেছে আমি তাদের জন্য গর্বিত। আপনারা দেখেন, যখন তারা নিজেদের মাটিতে খেলে তখন বাড়তি সুবিধা পেয়ে থাকে। তবে খারাপ সময়টা কাটিয়ে উঠতে তারা চেষ্টা করেছে। আমি বলবো গতবারের তুলনায় আমাদের সফরটি ভালো হয়েছে’।
জিম্বাবুয়েতে ২০১১ সালের সফরে টেস্ট এবং ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তাদের কাছে এভাবে আত্মসমর্পণের পর স্বভাবতই প্রশ্ন উঠেছে তাহলে জিম্বাবুয়ে বাংলাদেশের তুলনায় ভালো দল। কোচ অবশ্য এর কোন সদুত্তর দিতে পারেননি। শুধু বললেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। জিম্বাবুয়ে ভালো ক্রিকেট খেলেছে। আমরাও নিশ্চয়ই ভালো করেছি। যদিও ম্যাচে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। নিজেদের মাটিতে জিম্বাবুয়ে ভালো দল, পরবর্তিতে আবার যখন তাদের মুখোমুখি হবো তখন এই সফর থেকে শিক্ষা নিতে পারবো। তখন প্রমাণ করা যাবে কারা সেরা দল’।