চেলসির সামনে ইতিহাসের হাতছানি
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২১:০০
ইউরোপা লিগের ফাইনাল আজ
আজ বুধবার
ফাইনাল
বেনফিকা-চেলসি
সরাসরি রাত ১২:৪৫ মিনিট
(টেন স্পোর্টস ও টেন অ্যাকশন)
চেলসি দুই মৌসুমে সমানসংখ্যক ইউরোপীয় শিরোপা জয়ের লক্ষ্যে আজ বুধবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বেনফিকার মুখোমুখি হবে।
ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। তাই আজকের ইউরোপা লিগের ফাইনাল জিতলে ইতিহাস গড়বে দলটি। কেননা এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ২৫ মে। কাজেই পর্তুগীজ ক্লাবটির বিরুদ্ধে জিতলে চেলসি একাধারে দুটি ইউরোপীয় টুর্নামেন্টের শিরোপাধারী প্রথম দল হওয়ার কৃতিত্ব অর্জন করবে।
ইউরোপা লিগ যুগে বেনফিকা কখনো এই শিরোপা জিততে পারেনি। চেলসিরও একই অবস্থা।
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি চলতি মৌসুমে বড় কোন সফলতার মুখ দেখেনি। প্রিমিয়ার লিগ ছাড়া অন্য ঘরোয়া টুর্নামেন্টেও ব্যর্থ হয়েছে তারা। কিছুটা অস্থিরতায় কেটেছে তাদের পুরোটা মৌসুম। গতবারের দুর্দান্ত ইংলিশ দলটি খেঁই হারিয়ে ফেলেছে অনেকটাই। তবে মৌসুমের শেষে এসে একটি দারুণ সুযোগ এসেছে তাদের সামনে। অন্যদিকে বেনফিকা ঘরোয়া লিগে পোর্তোর সাথে এখনো লড়ে যাচ্ছে। গত দুই মৌসুম তারা চিরপ্রতিদ্বন্দ্বী পোর্তোর কাছে পর্তুগীজ লিগ (পর্তুগীজ লিগা) শিরোপা হারিয়েছে। গেল শনিবার দলটির কাছে ২-১ গোলে হেরেই আমস্টার্ডামে খেলতে আসছে বেনফিকা।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে চেলসি প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এমন নজির আর খুঁজে পাওয়া যাবে না। চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এবং জনপ্রিয় কোচ রবার্তো ডি ম্যাত্তিও বরখাস্ত হলে এর নেতিবাচক প্রভাব পড়ে চেলসিতে। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে দলে আসেন সমর্থকদের একাংশের ঘোরতর অপছন্দের কোচ রাফায়েল বেনিতেজ। কিছু সমর্থক তাকে মেনে নিতে পারেননি। তারপরও পুরো মৌসুমে লড়াই করে তোপে থাকা স্পানিশ কোচটি শেষ পর্যন্ত একটা সফলতার দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের দলটিকে। তাছাড়া গত শনিবার অ্যাস্টন ভিলার সাথে ২-১ গোলে জিতে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে রেখেছে ব্লুজরা। বেনফিকার সাথে ফাইনালটি জিতলে তা হবে মৌসুমের ভাল সমাপ্তি। কারণ পুরো মৌসুমে চেলসির ফলাফল খুশি করার মত কিছু ছিল না।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের অল জার্মান ফাইনালটির আগে আরেকটি শিরোপা জয় চেলসির সমর্থকদের বেদনার হাত থেকে রক্ষা করবে। শুধু তাই নয় টানা মৌসুমে দ্বিতীয় শিরোপার পাশাপাশি আরো একটি নজির স্থাপন করতে পারে বেনিতেজের দল। বায়ার্ন মিউনিখ, জুভেন্তাস এবং আয়াক্সের পর তারাই হবে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও অধুনা বিলুপ্ত কাপ উইনার্স কাপ জয়ী চতুর্থ দল।
চেলসি গত মৌসুমে শিরোপা জয়ের আগে কোয়ার্টার ফাইনালে বেনফিকাকে হারিয়েছিল। চেলসি তারকা জুয়ান মাতা কোচ জর্জ জেসাসের দল বেনফিকাকে নিয়ে তাই শঙ্কায় রয়েছেন। ব্যক্তিগত ব্লগে তিনি লিখেছেন, ‘আমাদের বেনফিকার বিপক্ষে খেলতে হবে। ইউরোপের ঐতিহাসিক দল। ওদের হারানো কঠিন হবে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আমরা এটা ভালভাবেই অনুধাবন করেছি।’
বেনফিকার জন্য আমস্টার্ডাম অবশ্য স্মৃতি জাগানিয়া। ৫১ বছর আগে তারা এখানেই ইউরোপিয়ান কাপ জয় করেছিল। ১৯৬২ সালের পর তারা আর ইউরোপের শিরোপা মুঠোবন্দি করতে পারেনি। এটি ছিল ইউরোপিয়ান ফাইনালে তাদের সর্বশেষ সফলতা। এরপর তারা ছয়বার শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছে। এর মধ্যে সর্বশেষটি আবার ২৩ বছর আগে যখন ইউরোপিয়ান কাপ ফাইনালে এসি মিলানের বিপক্ষে তারা ১-০ গোলে হেরে গিয়েছিল। ১৯৯০ সালের পর আর শিরোপার এত কাছে যেতে পারেনি বেনফিকা।
দলটির কোচ জেসাস ফাইনালকে সামনে রেখে বলেন, ‘কঠিন এক মুহূর্ত আমাদের জন্য। কারণ বুধবার আমাদের ফাইনাল খেলাটি রয়েছে। হেরে গেলে আমরা আবারো পিছিয়ে যাবো।’ ফাইনাল জয়ের ব্যাপারে অবশ্য আশাবাদি এই কোচ।
ভ্যালেন্সিয়া ২০০৪ সালে বেনিতেজের অধীনে ইউরোপা লিগ শিরোপা জয় করেছিল। স্প্যানিশ এই কোচের সামনেও একটি বিরল রেকর্ড অপেক্ষা করছে। দুটি ভিন্ন ক্লাবের হয়ে এর আগে ইউরোপা লিগ জিতেছেন শুধু জিওভান্নি ট্রাপাতোনি। দ্বিতীয় কোচ হিসেবে এমন কৃতিত্ব দেখাতে পারেন আজ বেনিতেজ।