রিয়ালকে নিরাশ করলো পিএসজি
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২১:০১
কার্লো আনচেলোত্তিকে পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দিলেন প্যারিস সেন্ট জার্মেইর সভাপতি নাসের আল খেলাফি। রিয়ালের বর্তমান কোচ হোসে মরিনহো এ মৌসুম শেষেই দল ছাড়ার আভাস দিয়েছেন। তাই নতুন মৌসুমে নতুন কোচের অধীনেই হয়তো মাঠে নামতে হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের। আর নতুন কোচের আশাতেই তারা কড়া নেড়েছিল পিএসজির দরজায়। কারণ, বাতাসে গুজব এ মৌসুম শেষেই প্যারিস ছাড়তে পারেন তাদের ইটালিয়ান কোচ আনচেলোত্তি। তবে রিয়াল সাধারণ সম্পাদক হোসে অ্যাঞ্জেল সানচেজকে নিরাশ করে দিয়ে আল খেলাফি তাকে স্মরণ করিয়ে দেন আনচেলোত্তির সঙ্গে তাদের চুক্তির বিষয়টি। এলইকুইপেকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘কিছুদিন আগে রিয়ালের সম্পাদক আমার অনুমতি চায় আনচেলোত্তির সঙ্গে কথা বলার জন্য। সাথে সাথে আমি বলি, যদি আপনি কার্লোর কাছে যাবার আগে আপনার মনে রাখা দরকার তার সঙ্গে আমাদের চুক্তির এখনো এক বছর বাকি আছে। দয়া করে চুক্তিকে সম্মান করুন। আমরা সব দলকেই সম্মান করি এবং তার বিনিময়ে একই ব্যাপার আমরা কামনা করি।’