ঝালে ঝোলে অম্বলে
তবে কী আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সদ্ভাব অসম্ভব?
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২১:০২
না, অস্বস্তি, অনিশ্চয়তা, সংঘাত কিছুতেই কাটছে না। সারাক্ষণ একটা কী হয় কী হয় পরিস্থিতি। এই দমবন্ধ পরিস্থিতি চলছে তো চলছেই। মানুষ নাখোশ হচ্ছে। ক্ষুব্ধ হচ্ছে। স্বাভাবিক জীবনযাপন, চলাফেরা করতে পারছে না। ঢাকায় আসতে এবং ঢাকার বাইরে যেতে সবাই ভয় পাচ্ছে। কে কখন, কোথায় রাজনৈতিক সহিংসতার শিকার হবে, কোথায় আটকা পড়বে আগেভাগে তার কিছুই ঠাহর করা যাচ্ছে না। একথা ঠিক যে, আপাত সবাই আমরা খাচ্ছি, দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। কিন্তু মনের মধ্যে শঙ্কা আর ভয়। এই পরিস্থিতি কোনো জাতির জন্যই কাঙ্ক্ষিত ও মঙ্গলজনক নয়।
দেশে রাজনীতিতে, রাজনীতির নামে যা চলছে, যা হচ্ছে, তাতে মনে হচ্ছে আমরা যেন বুনোহাতির তাণ্ডবের মধ্যে আছি। আমরা জানি, অনেক সময় জঙ্গল থেকে বুনোহাতির দল এসে লোকালয়ে হামলা চালায়। লোকালয়কে পুরো তছনছ করে দেয়। বুনোহাতিরা অবশ্য এক সময় তাদের গন্তব্যে ফিরে যায়। কিন্তু আমাদের রাজনীতিতে ‘বুনোহাতির’ তাণ্ডব কিছুতেই থামছে না। এই যে অস্বাভাবিকতা—এটাই যেন ক্রমে দেশে স্বাভাবিক ব্যাপারে পরিণত হতে চলেছে। অথচ এই দেশটি একটি স্বাধীন-সার্বভৌম দেশ। দেশের নামে, দেশপ্রেমের নামে আমাদের আবেগ ও মাতমের কোনো শেষ নেই। এই আবেগ ও মাতমের পুরোটাই যে খাদ—এমন কথাও জোর দিয়ে বলা যাবে না। তাহলে কেন এই দীর্ঘস্থায়ী অনশ্চিয়তা, অন্ধকার? যে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকারের মেয়াদের শেষ বছরে বিরোধী দল নিজস্ব কর্মসূচি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামবে, সরকারের ভুল-ত্রুটি বা ব্যর্থতা তুলে ধরে ভোটারের মন জয় করার চেষ্টা করবে—এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে সুস্থ-স্বাভাবিক কোনো কিছুই যেন ঘটতে চায় না, ঘটতে দেয়া হয় না। এখানে সরকার পরিবর্তনে মোটামুটি গণতান্ত্রিক ধারা চলছে দুই যুগেরও বেশি সময় ধরে। কিন্তু আমরা গণতান্ত্রিক চর্চা বা প্রাতিষ্ঠানিকীকরণের পথে খুব একটা এগোতে পেরেছি বলে মনে হয় না। রাজনৈতিক দলগুলো তবু কিছু গণতান্ত্রিক অধিকার ভোগ করে, কিন্তু সাধারণ মানুষের অধিকার দিন দিন খর্ব হচ্ছে। এ প্রসঙ্গে হরতালের কথা ধরা যাক। হরতাল ডাকা যেমন রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার, তেমনি হরতাল না মানাও জনগণের মৌলিক রাজনৈতিক অধিকার। আমাদের দেশে জনগণের সেই অধিকারটুকু হরণ করেছে বিরোধী দলগুলো। ফলে প্রতিটি হরতালেই জানমালের ক্ষয়ক্ষতি একেবারেই যেন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হরতাল ডাকাও এখন সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। সবচেয়ে সহজ কর্মসূচি হচ্ছে হরতাল। হরতাল ডাকতে কোনো কারণ দরকার হয় না। পত্রিকায় একটা বিজ্ঞপ্তি পাঠিয়ে পঞ্চান্ন হাজার বর্গমাইল ভূ-খণ্ডের কিছু স্থানে কয়েকটি বোমা-ককটেল ফাটানো, কিছু গাড়ি-দোকান ভাংচুর করলেই হলো। এর জন্য এখন নাকি লোকও ভাড়া পাওয়া যায়। কিছু টাকা খরচা করতে হয়, এই যা। এই পরিস্থিতি অত্যন্ত দুর্বিষহ।
আমাদের দেশের বিরোধী দলগুলো রাজনৈতিকভাবে প্রায় দেউলিয়া হয়ে গেছে। তারা হরতাল ছাড়া অন্য কোনো কর্মসূচি পালন করতে পারে না। শান্তিপূর্ণ কর্মসূচি পালন তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জ্বালাও-পোড়াও-ভাংচুর-নৈরাজ্য ছাড়া কোনো কর্মসূচিই আমরা তাদের পালন করতে দেখি না। এটা তারা হয়তো চায়ও না। বিরোধী দলের সভা-সমাবেশ-জমায়েত মানেই হচ্ছে জ্বালাও-পোড়াও-ভাংচুর-নৈরাজ্য। এক্ষেত্রে সরকারও খড়গহস্ত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে রাজনৈতিক কর্মসূচিকে তাই শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করা হয়। এতে নৈরাজ্য আরও বেড়ে যায়। ফলে হরতালই হয়ে উঠে বিরোধী রাজনৈতিক দলের একমাত্র সহায়।
কিন্তু হরতাল দিয়ে কী সরকার পতন হয়? হয় না। হরতাল দিয়ে কী দেশের মানুষের কারও কোনো উপকার হয়? হয় না। দিনের পর দিন হরতাল দিয়ে আসলেই কী সরকারের কিছু করা যায়? এখন পর্যন্ত হয়েছে কী? হয়নি। দেশের সমূহ ক্ষতি করে সরকারের সামান্যতমও সমস্যা না করে এই হরতাল দিয়ে লাভটা কোথায়? হরতাল দিয়ে কী হয়? শুধুই ক্ষতি, ক্ষতি এবং ক্ষতি। তাহলে কেন আমরা হরতাল থেকে রেহাই পাচ্ছি না? কেন হরতালের নামে এই নৈরাজ্য, এই ক্ষতি? এর জন্য কী সাধারণ মানুষের কাছে হরতাল আহবানকারী রাজনৈতিক দলের কোনো জবাবদিহিতা থাকবে না?
আমরা জানি ক্ষমতাসীন মহাজোট সরকার হাইকোর্টের আদেশের কিয়দংশ মেনে যেদিন সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়, সেদিন থেকেই বিরোধী জোট একটা মওকা পেয়ে যায়। সরকারবিরোধী আন্দোলনে সংবিধান পরিবর্তন যেন আগুনে ঘি ঢেলে দেয়। এর সঙ্গে যুক্ত হয় মানবতাবিরোধী অপরাধের বিচার। সরকারি দল ও জোট শুরু থেকেই বলে আসছে মানবতাবিরোধী অপরাধের বিচার বানচালের জন্য বিরোধী দল আন্দোলন করছে। প্রধান বিরোধী দলের ভূমিকা সরকারি এ অভিযোগকেই পাকাপোক্ত করে। মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়ায় সরাসরি অভিযুক্ত জামায়াতে ইসলামী নামক দলটি এর বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি যখন মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুলে এর বিরোধিতা করে এবং যুদ্ধাপরাধী জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন করে; ক্ষেত্র বিশেষে জ্বালাও-পোড়াওয়ে সম্পৃক্ত হয়—তখন থেকে জামায়াত যেন আরও বেশি বেপরোয়া হয়ে উঠে। অবশ্য মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন এবং বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই জামায়াত ধ্বংসাত্মক কার্যক্রম করে যাচ্ছে, আর এর বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। জামায়াতের এই ধ্বংসাত্মক অপতত্পরতা চলছে তো চলছেই। জামায়াতের পাশাপাশি হঠাত্ রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়া হেফাজতে ইসলামকে ঘিরেও দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। মাসাধিককালব্যাপী ‘প্রবল গর্জনের’ পর গেল সপ্তাহে এই সংগঠনটি ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য আলটিমেটাম দেয় এবং ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করে। দিনভর উত্তেজনা, ব্যাপক সংঘাত-সংঘর্ষের পর হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের সমাবেশকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে হটিয়ে দেয়ার পর দেশবাসীর মধ্যে এক ধরনের স্বস্তির আভাস লক্ষ্য করা গেছে। যদিও সেই রাতের পুলিশি অভিযানে ‘হাজার হাজার হেফাজতি কর্মীকে হত্যা করে লাশ গুম করা হয়েছে’ বলে বিরোধী দল বিএনপির পক্ষ থেকে রাজনীতি ও অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়। বিএনপি-জামায়াতের এই প্রচারণায় বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম ও কয়েকটি মানবাধিকার সংস্থা হাওয়া দিয়ে যাচ্ছে। যদিও এই প্রচারণাটি বড় বেশি পাত্তা পাচ্ছে না। কেননা, এ ধরনের কোনো ব্যাপক হত্যাকাণ্ড ও লাশ গুমের ঘটনার সপক্ষে কোনো কার্যকর যুক্তি বা প্রমাণ খুঁজে পাওয়া যায় না।
যাহোক, অব্যাহত অচলাবস্থা কোনো দেশের জন্যই সুখকর নয়। যেনতেন প্রকারে ক্ষমতায় যাওয়ার চেষ্টা আর যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকার প্রয়াস—দুটিই বিপজ্জনক। এই বিপজ্জনক পরিস্থিতি থেকে দেশকে ফেরাতে পারে কেবল বিএনপি-আওয়ামী লীগের নেতা-নেত্রীদের শুভবুদ্ধি। সেখানেও অনেক ঝামেলা রয়েছে। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পাস্পরিক সম্পর্কের ব্যাপারেও একশ্রেণির মানুষ হতাশা ব্যক্ত করেন। দেশের উন্নতির জন্য আওয়ামী লীগ ও বিএনপির বর্তমান সাপে-নেউলে সম্পর্কের পরিবর্তে সৌহার্দ্য-প্রীতি ও সহযোগিতার সম্পর্ক অনিবার্য বলেও তারা মত পোষণ করনে। যারা এ ধরনের চিন্তা-ভাবনা করেন তাদের ভাবুক, কল্পনাবিলাসী, দেশহিতৈষী যাই বলা হোক না কেন, বাস্তববাদী বলা যাবে না। তাদের কেন বাস্তববাদী বলা যাবে না, এ ব্যাপারে একটু ব্যাখ্যা-বিশ্লেষণ করা যেতে পারে। প্রথমে আসা যাক বিএনপি-আওয়ামী লীগের ‘অপরিবির্তনীয়’ রাজনীতি প্রসঙ্গে। জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ ও বিএনপি একই স্টাইলে রাজনীতি করছে। প্রতিষ্ঠার পর এই দল দুটির নীতি, আদর্শ, ঘোষণাপত্র, গঠনতন্ত্র, কর্মসূচিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনা হয়নি। নীতি-কর্মসূচিতে যেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, নেতৃত্ব নির্বাচনের ধারা, কর্মী সংগ্রহ ইত্যাদি ক্ষেত্রেও তেমন কোনো পরিবর্তন নেই। বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। কিন্তু দুই দলের পথ চলা, কথা বলা প্রায় একই রকম।
বিএনপিতে একবার যিনি নেতা নির্বাচিত হন যুগ যুগ ধরেই তিনি নেতা। দেহত্যাগ কিংবা দলত্যাগ না করলে নেতৃত্ব খারিজ হয় না। আওয়ামী লীগেও প্রায় একই ধারা। ঈশ্বর তুলে না নিলে নেতৃত্ব থেকে অবসর নেয়া হয় না। দলের শীর্ষপদ আওয়ামী লীগের মতো বিএনপিতে এখনও উত্তরাধিকার সূত্রে দখল বা বদল হয়। যেখানে একই নেতা-নেত্রীরা যুগ যুগ ধরে দলের নেতৃত্বে আসীন, সেখানে কোনোরকম ইতিবাচক পরিবর্তন কীভাবে সম্ভব? সেই একই শেখ হাসিনা, একই খালেদা জিয়া, যারা বছরের পর বছর ধরে দলের সব ক্ষমতা কুক্ষিগত করে শীর্ষপদে আছেন, তারা যদি যুগের পর যুগ এমনকি শতাব্দীর পর শতাব্দীও নেতৃত্বে থাকেন, তাহলে আমরা কী পরিবর্তন আশা করতে পারি? একই মুরগির কাছে বিভিন্নরকম ডিম আশা করা যায় না। সে মুরগি যত বছর ধরেই ডিম উপহার দিক না কেন। কাজেই হাসিনা-খালেদা বা আওয়ামী লীগ-বিএনপির কাছে নতুন কিছু আশা করাটা বোকামি। একই স্টাইলের একই ধরনের নেতৃত্বের আওতায় থাকলে কোনো পরিবর্তন আশা করা যায় না। যারা সেই পরিবর্তন আশা করেন তারা ভুল করেন। এবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরাজমান সম্পর্ক নিয়ে একটু আলোচনা করা যাক। পৃথিবীতে হয়তো অনেক কিছুই সম্ভব, কিন্তু পুরুষের পক্ষে সন্তান ধারণ এবং আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সদ্ভাব প্রতিষ্ঠা আদৌ সম্ভব বলে মনে হয় না। আওয়ামী লীগের স্বভাব এবং বিএনপির বৈশিষ্ট্য পরস্পরকে এমন জায়গায় নিয়ে গেছে যে, এখন এই দুই দলের মধ্যে বৈরিতা ও সংঘাত ছাড়া অন্য কোনো কিছু কল্পনা করা যায় না। এই দল দুটি একে অপরের এমন ক্ষতি করেছে বা এমন ক্ষত সৃষ্টি করেছে যে, এখন আর শত্রুতা ছাড়া তাদের মধ্যে বন্ধুতা সম্ভব নয়। এ ব্যাপারে একটি প্রাচীন গল্প মনে করা যেতে পারে।
এক পাড়াগাঁয়ে ছেলেকে নিয়ে এক বাবা থাকতেন। বাড়ির পাশে একটি গর্তের মধ্যে একটি সাপও থাকত। একদিন লোকটির ছেলেকে ওই সাপটি কামড়াল। ফলে ছেলেটি মারা গেল। ছেলেটির বাবা তখন রাগের বশে একটি কুড়াল হাতে বসল সেই সাপের গর্তের ধারে। বেরুলেই সাপটাকে খতম করে দেবে। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর লোকটি দেখতে পেল সাপটা মাথা বের করছে। লোকটি অমনি জোরে একটা কোপ মারল। কিন্তু কোপটা সাপের মাথায় না লেগে লাগল একটা পাথরের ওপর। আর পাথরটা গেল ফেটে। এবার লোকটি মনে মনে একটু ভয় পেয়ে গেল। সে সাপটাকে মারতে গিয়েছিল, কিন্তু সাপ মরেনি। ফলে সাপটি নিশ্চয়ই তার উপর রেগে রয়েছে। যে কোনো সময় সাপটি তাকেও কামড়াতে পারে। এসব ভেবে লোকটি সাপের সঙ্গে ভাব করতে গেল। বুদ্ধিমান সাপ তাতে রাজি হলো না। সে বলল, আমাদের দু’জনের ভাব হওয়া অসম্ভব। পাথরের ওই ফাটা জায়গাটা দেখলেই আমার মনে পড়বে তুমি আমায় কি করতে চেয়েছিলে। আর তোমার ছেলের কবরের দিকে নজর পড়লেই তোমার মনে পড়বে আমি তোমার কি করেছি। এমন দু’জনের কী ভাব হতে পারে?
যারা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সব বিরোধ মিটিয়ে ফেলে সদ্ভাব প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, তারা এই অমোচনীয় ‘ক্ষত’ সারাবেন কীভাবে? আর বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে সদ্ভাব ছাড়া দেশের এই রাজনৈতিক অস্থিরতা-অনিশ্চয়তা কাটবেইবা কীভাবে?
লেখক :কলামিস্ট