সাভার ট্রাজেডি :এ মুহূর্তে যা করণীয়
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২১:০২
বাংলাদেশ প্রাকৃতিক দুর্বিপাকের দেশ হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত হলেও সামপ্রতিক সময়ে মানবসৃষ্ট দুর্যোগের দেশ বলে অধিকতর খ্যাতিলাভ করেছে। সাভারের রানা প্লাজা ধ্বংসযজ্ঞের ১৯তম দিনে ১১২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো কত গলিত-অর্ধগলিত লাশ বা কংকালের অপেক্ষায় রয়েছে স্বজনরা। কংক্রিটের নিচে চাপা পড়ে একসাথে সহস্রাধিক মানুষ হতাহতের ঘটনা স্বাধীন বাংলাদেশসহ বিশ্বে এই প্রথম। মিডিয়ার কল্যাণে সাভার ট্রাজেডি সকলেরই জানা। তেল ব্যবসায়ী খালেক কুলুর ছেলে সোহেল রানা সংখ্যালঘু সমপ্রদায়ের এক ব্যক্তি রবীন্দ্রনাথ সরকারের জমি অবৈধ দখল, জলাশয় ভরাট, ইমারত বিধিমালা লঙ্ঘন, আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম ও ক্ষমতার প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে পাঁচতলা ভবনের অনুমোদন নিয়ে ৯ তলা ভবনে পরিণত করেন। ঘটনার দিন রানা প্লাজার অবৈধ মালিক যুবলীগ নেতা সোহেল রানা এবং পোশাক শিল্পের মালিকগণ মিলে চাকরিচ্যুতি ও বেতনের ভয় দেখিয়ে হাজার হাজার শ্রমিককে ফাটল ধরা ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করতে বাধ্য করেন। ধসে পড়ার আগেরদিন রানা প্লাজার ফাটলের কথা এখন সর্বজনবিদিত। ফাটল দেখার পরপর সংশ্লিষ্ট ব্র্যাক ব্যাংক শাখার কর্যক্রম স্থগিত করলো। শিল্প পুলিশ নিষেধ করা সত্ত্বেও ইউএনও ভবনে মানুষ তোলার অনুমতি দিয়েছেন। রাতের মধ্যে কী হলো, স্থানীয় ইউএনও বললেন ভবন ভাংবে না। পরদিন সকালে সেই ফাটল ধরা ঝুঁকিপূর্ণ ভবনে হাজার হাজার মানুষ ঢুকানো হলো। ২৪ এপ্রিল সকাল নয়টার দিকে মুড়মুড় করে হাজার হাজার শ্রমিক নিয়ে ভবনের ফাউন্ডেশন ভেঙে পড়ে। এ বিপর্যয়ের মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে যোগ দেন। অনেকক্ষেত্রে উদ্ধারকারীরা নিজের জীবনকে বিপন্ন করেছেন। কায়কোবাদ এজাজের নাম উল্লেখ করার মতো। একেবারেই অন্তর থেকে নিঃসরিত ভালোবাসা থেকে সেবার এক অনন্য নজির স্থাপন করেছেন উদ্ধারকারীরা। অলৌকিকভাবে বেঁচে থাকা রেশমাকে ১৭তম দিনে উদ্ধার করা হয়। ‘মানুষ যে মানুষের জন্য’ তার উদাহরণ সম্ভবত এবার এ সাভার ট্রাজেডিতে অনন্যভাবে প্রত্যক্ষ করলাম। ব্যাপক প্রাণহানির ঘটনা ছাড়াও আহত-জীবিত অবস্থায় দুই হাজার ৪৩৮ জন শ্রমিককে উদ্ধার করেন। স্বল্পতম সময়ে মৃত্যুপুরীতে পরিণত হয় রানা প্লাজা।
কত মৃত্যু, কত কান্না, কত লাশ, কত গলিত, কত অর্ধগলিত; শত শত লাশের পাহাড় গড়ে উঠেছে সেখানে, তার সাথে মিশেছে নবজাতকের কান্না। এ কান্না কি সদ্যভূমিষ্ঠ শিশুর স্বাভাবিক কান্না, নাকি জন্মেই আজন্ম পাপের কান্না। সাভারজুড়ে বাতাসে লাশের গন্ধ। সেই গন্ধ এখন বিস্তৃত হয়েছে রানা প্লাজা ঘিরে আশপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকায়। লাশ পচা গন্ধে শোকের উপত্যকায় মানুষের আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। নাক-মুখ খোলা রেখে দু-তিন কিলোমিটার দূর দিয়েও আর চলাফেরার উপায় নেই। যাদের জীবিত উদ্ধার করা হলো তাদের কারো হাত কেটে, কারো পা কেটে ধ্বংসযজ্ঞ থেকে বের করা হলো। মানুষ পঙ্গু হয় আমরা জানি, রণাঙ্গনেও দেখি। সাভারে যা হয়েছে তা বর্ণনা করার মতো নয়। ১১০০-এর অধিক মানুষ পঙ্গু হয়েছে। তাদের কারো হাত, কারো পা বা বুকের পাঁজর ভেঙে গেছে। শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে গলিত-অর্ধগলিত মৃতদেহের। এ কোন নির্মমতা, এ কোন বর্বরতা, এ কোন নিষ্ঠুর সমাজে আমরা বসবাস করি। এমন মৃত্যুতে দেশের ১৬ কোটি মানুষের সাথে বিশ্ব বিবেককে নাড়া দিলেও পোশাক মালিক এবং সোহেল রানাকে নাড়া দেয় না। এদের কোনো জাতীয় চরিত্র, দেশপ্রেম এবং দেশের প্রতি আনুগত্য নেই। অধিক মুনাফাই তাদের লক্ষ্য। রানা প্লাজায় কত শ্রমিক ছিল তার সঠিক হিসেব কারও কাছে নেই। কেউ বলেন সাড়ে চার হাজার, আবার কেউ বলেন পাঁচ হাজার। তৈরি পোশাক কারখানার মালিকরা সঠিক সংখ্যা বলবেন কিনা সন্দেহ। যদি ক্ষতিপূরণ দিতে হয়, তাই মৃতের সঠিক সংখ্যা পাওয়া যাবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে অনেকের। আমাদের বাংলাদেশে আশি ও নব্বই-এর দশকে তৈরি পোশাক শিল্পের দ্রুত বিকাশ ঘটে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক প্রস্তুতকারী দেশ হিসেবে ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার তৈরি পোশাক কারখানায় ৩৫ লাখ শ্রমিক কাজ করেন। পর্যায়ক্রমে এ খাতটি আমাদের দেশের সবচেয়ে বৃহত্ ও সম্ভাবনাময় শিল্পখাতে পরিণত হয়, পাশাপাশি সর্বাধিক বৈদেশিক মুদ্রা (২০ বিলিয়ন ডলার) অর্জিত হয় এ শিল্প থেকে। কিন্তু যারা বিশ্ববাসীর জন্য কাপড়ের সংস্থান করে থাকেন, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না। সরকার ও কারখানার মালিক এসব শ্রমিককে সবচেয়ে কম মজুরি দিয়েই সন্তুষ্ট থাকতে চান। শ্রমিকের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত না হলে বর্তমান নাজুক পরিস্থিতিতে পোশাক শিল্পখাতটি ধ্বংসের পথে ধাবিত হবে। ২৫ এপ্রিল মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সাভারের ঘটনা জিএসপি শুনানিতে প্রভাব ফেলবে। অনুরূপভাবে ইউরোপের বাজারেও জিএসপির প্রভাবের কথা বলা হয়েছে। এ খবর খুবই উদ্বেগজনক। জিএসপি সুবিধা আমাদের জাতীয় স্বার্থেই প্রয়োজন। ২০ বিলিয়ন ডলারের ব্যবসা যেখানে, সেখানে নেই কোনো পৃথক মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়গুলোর উপর নজরদারির জন্য ইউজিসি যেমন কাজ করেন, তেমনি পোশাক শিল্পের জন্য একটি নিয়ন্ত্রণ সংস্থা অবশ্যই প্রয়োজন। থাইল্যান্ডে গার্মেন্টস শ্রমিকের বেতন ৩০০ ডলার। আর আমাদের এখানে মাত্র ৬৪ ডলার। অথচ থাইল্যান্ড ও আমাদের জীবনযাত্রার মান একই। তৈরি পোশাকও বিক্রি হয় একই দামে। পৃথিবীর আর কোথাও এত সস্তা শ্রমশক্তি পাওয়া যায় না। নেপাল বা কম্বোডিয়ার মতো অনুন্নত দেশেও নয়। আমাদের শ্রমিকদের থাকার-ভদ্রভাবে বাঁচার উপায় নেই।
শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুরো পদ্ধতিতেই সংস্কার করে পোশাক কারখানাগুলোকে টিকিয়ে রাখতে হবে। পাশাপাশি শ্রমিকদের ইউনিয়ন গঠন করাসহ নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. ইউনূসর সাভার ট্রাজেডির বিষয়ে যে প্রস্তাবনা রেখেছেন তা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে বিশ্বাস করি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শ্রমিকের কল্যাণের জন্য মুনাফার পাঁচ ভাগ ব্যয় করার মাধ্যমে পোশাক শ্রমিকদের কাজের প্রতি গুরুত্ব বাড়বে। আইন কাঠামোর মাধ্যমে ক্ষতিপূরণ-পুনর্বাসন করা উচিত । পোশাক শিল্প রক্ষার স্বার্থে দৃষ্টান্তমূলক বিচার সকলের প্রত্যাশা। এটি নিশ্চিত না হলে আইনের শাসনে যেমন ব্যত্যয় ঘটবে, তেমনি পোশাক শিল্প সোনালী আঁশ পাটের মতো আমাদের দেশ থেকে বিদায় নিবে। সংশ্লিষ্ট সকলের বোধোদয় হোক।
লেখক:বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
E-mail: ahcparvezdu@gmail.com