দেড়শ পাখি উদ্ধার, ১৩ জনকে কারাদণ্ড

কাপ্তান বাজারে সোমবার অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রজাতির ১৪৮টি পাখি উদ্ধার করেছে। র্যাব-৩ এর নেতৃত্বে পাখির ৮টি দোকানে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা। এসময় অবৈধ বন্যপাখি রাখার অপরাধে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে— ময়না-১৪ টি, টিয়া-১৮ টি, ঈগল-১ টি, চড়ুই-৩ টি ও মুনিয়া-১১২ টি। ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানিয়েছেন, টিয়া, ময়না, ঈগল, মুনিয়া ও শালিক ইত্যাদি বন্যপাখি ক্রয়-বিক্রয় ও পোষা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই অভিযান পরিচালনা করা হয়। অনেকেই না বুঝে শখ করে এগুলো পোষার জন্য বাসায় রাখেন। ফলে এসব পাখি ক্রমশ বিলুপ্তির পথে। এ জাতীয় পাখি ক্রয়-বিক্রয় ও বাসায় বন্দি করে রাখলে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ি বনাঞ্চল থেকে এগুলো ধরে এনে এসব দোকানে গোপনে বিক্রয় করছে।