ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির সুপারিশ
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:০২
দেশে সাড়ে ছয়ের উপরের মাত্রার ভূমিকম্প হলে সম্ভাব্য যে দুর্যোগ হতে পারে সে পরিস্থিতি মোকাবেলার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অধিদফতরকে সুপারিশ করেছে সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। সম্প্রতি জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, মোহাম্মদ সিরাজুল আকবর, শেখ মুজিবুর রহমান, এস কে আবু বাকের, মোহাম্মদ রফিকুল ইসলাম ও ফরিদুন্নাহার লাইলী অংশ নেন।
বৈঠকের শুরুতে সাভার ট্রাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনাসহ তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। বৈঠকে সামগ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা (সিডিএম) প্রোগ্রামের মাধ্যমে বেশি পরিমাণে দুর্যোগ মোকাবেলায় সক্ষম প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সঠিক সময়ে কাজে লাগাতে একটি টেকসই কাঠামো দাঁড় করানোর সুপারিশ করা হয়। প্রয়োজনে সব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের একটি আইনের মাধ্যমে আলাদা বোর্ডের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়।
১৯৯১ সালের পর থেকে সারা দেশে ভবনধস, অগ্নিকাণ্ডসহ সব দুর্যোগ আঘাত হেনেছে তা মোকাবেলার বিবরণের পূর্ণাঙ্গ তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। সাইক্লোন শেল্টার নির্মাণসহ সব নির্মাণ কাজের গুণগত মান ঠিক রাখার সুপারিশ করা হয়। বিগত চার বছরের মতো টিআর, কাবিখা, ৪০ দিনের কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির আওতায় প্রতি নির্বাচনী এলাকায় সমভাবে বরাদ্দ বন্টনের সুপারিশ করা হয়। স্বচ্ছতা ও নিশ্চিতকল্পে সেবা পাওয়ার উপযোগী জনগণের মাঝে সেবা বিতরণের পরামর্শ দেয়া হয় বৈঠকে। দুর্যোগ ব্যবস্থাপনায় আগামী বাজেটে চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দের বিষয়ে পরিকল্পনা কমিশনকে অনুরোধ জানানোর জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।