তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে আট হাজার কোটি টাকা
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:০৩
ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। গত তিন মাসের ব্যবধানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৮ হাজার ২৯৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিবরণী থেকে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, চলতি অর্থ বছরের (২০১২-১৩) মার্চ প্রান্তিক শেষে সবগুলো ব্যাংক মিলে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ হাজার ২০ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ৯০ শতাংশ। অথচ আগের প্রান্তিক অর্থাত্ ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল বিতরণ করা মোট ঋণের ১০ দশমিক শূন্য তিন শতাংশ। টাকার অংকে এর পরিমাণ ছিল ৪২ হাজার ৭২৫ কোটি। অর্থাত্ এ তিন মাসেই আট হাজার কোটি টাকার বেশি ঋণ খেলাপি হয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, খেলাপি ঋণ সবচেয়ে বেশি বেড়েছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোতে। মার্চ শেষে রাষ্ট্রীয় মালিকাধীন সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৪০৩ কোটি টাকা। যা বিতরণ করা মোট ঋণের ২৭ দশমিক শূন্য ৬ শতাংশ। ডিসেম্বর শেষে এর পরিমাণ ছিল ২১ হাজার ৫১৫ কোটি টাকা বা ২৩ দশমিক ৮৭ শতাংশ। একই সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোতেও মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা বেড়েছে। আলোচ্য সময়ে এখাতের ব্যাংকগুলোতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৬৭৮ কোটি টাকায়। যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ২৭ দশমিক ১৭ শতাংশ। ডিসেম্বর প্রান্তিক শেষে এ খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ছিল ২৬ দশমিক ৭৭ শতাংশ। টাকার অংকে যার পরিমাণ ছিল ৭ হাজার ৩৩০ কোটি টাকা।
এদিকে, বেসরকারি খাতের ব্যাংকগুলোর মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পরিমাণ ১৭ হাজার ৮৭৯ কোটি টাকা। যা মোট ঋণের ছয় দশমিক ২৩ শতাংশ। ডিসেম্বর শেষে যা ছিল চার দশমিক ৫৮ শতাংশ এবং পরিমাণ ছিল ১৩ হাজার ৩৫ কোটি টাকা। অন্যদিকে, বিদেশি ব্যাংকগুলোর মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ১ হাজার ৫৮ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের চার দশমিক ৯০ শতাংশ। ডিসেম্বরে এটা ছিল ৩ দশমিক ৬৩ শতাংশ, টাকার অংকে ৮৪৫ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী ঋণ শ্রেণিকরণের তিনটি পর্যায় রয়েছে। তা হলো- সাব স্ট্যান্ডার্ড বা নিম্নমান, সন্দেহজনক এবং মন্দ বা ক্ষতি। এই তিনটি পর্যায় বিবেচনায় নিয়ে ব্যাংকগুলোকে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে হয়। মার্চ প্রান্তিকের মোট খেলাপি ঋণের মধ্যে মন্দ বা ক্ষতি মানে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৫ কোটি টাকা, ডিসেম্বর শেষে যা ছিলো ২৮ হাজার ৫০৪ কোটি টাকা। সন্দেহজনক মানে শ্রেণিকরণ করা হয়েছে ৫ হাজার ১৫৬ কোটি টাকা, ডিসেম্বর শেষে যা ছিল ৬ হাজার ৭৯ কোটি টাকা। আর নিম্নমানে শ্রেণিকরণ করা হয়েছে ৯ হাজার ৮২৯ কোটি টাকা, ডিসেম্বর শেষে যা ছিল ৮ হাজার ১৪২ কোটি টাকা।
এসব ঋণের মধ্যে নিম্নমান ঋণ শ্রেণিকৃত হলেও ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এগুলোকে খেলাপি বলা যাবে না। কেননা ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণের ৬ মাস পার হলে তাকে খেলাপি বিবেচনা করা হয়। তবে নতুন নিয়মে তিন মাস মেয়াদোত্তীর্ণ ঋণ এই ক্যাটাগরিতে পড়েছে। গত ডিসেম্বরের আগে ৬ মাস মেয়াদোত্তীর্ণ ঋণকে নিম্নমান হিসেবে বিবেচনা করা হতো। যদিও এধরনের ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে আগের নিয়মেই প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে। এতে তাদের মুনাফার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।