পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক তৈরি করছে স্যামসাং

কয়েক বছর ধরেই অ্যাপল’র সাথে নানা ধরনের প্যাটেন্ট মামলা নিয়েই প্রযুক্তি বিশ্বে আলোচিত হয়ে রয়েছে স্যামসাং। তবে এর বাইরে নিজেদের উদ্ভাবনীতেও পিছিয়ে নেই তারা। স্মার্টফোন তো বটেই, অন্যান্য প্রযুক্তি পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে তাদের চেষ্টা থেমে নেই। এরই ধারাবাহিকতায় এবারে তারা জানিয়েছে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্কের কথা। হ্যাঁ, চতুর্থ প্রজন্মের এলটিই ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে বিশ্বের পরিচয় খুব অল্পদিনের। তবে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক ছড়িয়ে পড়ার সাথে সাথেই পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এবারে স্যামসাং জানালো, তারা এই পঞ্চম প্রজন্মের নেটওয়ার্কের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে। সম্প্রতি তারা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে, যাতে তারহীন নেটওয়ার্কে সেকেন্ডে ১ গিগাবিটেরও বেশি গতিতে তথ্য স্থানান্তর করতে সক্ষম হয়েছে তারা। শুধু তাই নয়, এই তথ্য তারা স্থানান্তর করেছে ২ কিলোমিটার দূরত্বে। ফলে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্কের মূল প্রযুক্তি হাতে চলে এসেছে বলেই জানিয়েছে স্যামসাং। স্যামসাং জানিয়েছে, প্রথমবারের মতো তারাই উদ্ভাবন করেছে ‘অ্যাডাপ্টিভ অ্যারে ট্রান্সসিভার’। এর মাধ্যমেই মিলিমিটার ব্যান্ডে পঞ্চম প্রজন্মের তারহীন মোবাইল নেটওয়ার্ক কাজ করবে। তবে এখনও পর্যন্ত পরীক্ষামূলক এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে বাজারে আসতে আরও বছর সাতেক সময় লাগবে বলেই জানিয়েছে স্যামসাং। সেই হিসেবে আগামী ২০২০ সাল নাগাদ এই পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সকলের ব্যবহারের জন্য উপযোগী হয়ে বাজারে আসবে বলে আশা প্রকাশ করছে তারা। বাজারে আসার উপযোগী হতে এই সময়ের প্রয়োজনীয়তার কথা অবশ্য বলেছেন সংশ্লিষ্ট অন্যান্য গবেষকরাও। পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক নিয়ে সারে বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা চলছে, তার প্রধান অধ্যাপক রহিম তাফাজোলি জানিয়েছেন, স্যামসাং এই অভূতপূর্ব গতি অর্জন করলেও একে বাস্তবে নিয়ে আসতে যে প্রাযুক্তিক অবকাঠামো প্রয়োজন, তা তৈরি হতে অনেক সময়ই লাগবে। আর স্যামসাং যে সাফল্য লাভ করেছে, তা পঞ্চম প্রজন্মের নেটওয়ার্কের একটি অংশ মাত্র। বিশ্লেষকরা জানিয়েছেন, পঞ্চম নেটওয়ার্কের এই নেটওয়ার্কে সর্বোাচ্চ ১০ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড) গতির মোবাইল ওয়্যারলেস সংযোগ প্রদান করতে সক্ষম হবে। সেক্ষেত্রে এখনকার এলটিই নেটওয়ার্কও অনেকের কাছে খুবই ধীরগতির মনে হতেই পারে।