খুলনায় বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের মধ্যকার দ্বিতীয় তিনদিনের ম্যাচটি ড্র হয়েছে। গতকাল শেষ ম্যাচটি ড্র হলেও সফরকারীদের বিরুদ্ধে তিনদিনের ম্যাচের সিরিজটি ১-০ তে জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ফতুল্লায় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল স্বাগতিকরা।
খুলনায় প্রথম ইনিংসে ৭২ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ১০১ রানে এগিয়ে ছিল দলটি। গতকাল আট উইকেটে ১৮৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। আগের দিনের দুই উইকেটে ২৯ রান নিয়ে খেলতে নেমে গতকাল আরো ছয় উইকেট হারিয়ে ১৫৪ রান যোগ করে রিহাদ খানের দল। আইচ মোল্লা ৮৭, সাকিব শাহরিয়ার ৩২, রাফসান জানি ২৮ রান করেন।
আরও পড়ুন : বিমানের যাত্রীদের তথ্য জানাতে হেল্প লাইন চালু
পাকিস্তানের আসীর মুগল, উমর ঈমান তিনটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ২৫৬ রান। সফরকারীরা তিন উইকেটে ১০৩ রান তুলতেই ম্যাচ ড্র মেনে নেয় দু'দল। পাকিস্তানের সামীর সাকিব ৩৫, শেহজাদ ২৬, ওয়াকাস অপরাজিত ২৮ রান করেন। বাংলাদেশের মাহফুজুর রহমান দুটি উইকেট পান।
উল্লেখ্য, আগামী ১১, ১৩ ও ১৫ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তানের কিশোররা।
ইত্তেফাক/কেআই