এই নৈরাজ্যের কারণ লুম্পেন অর্থনীতি অনুসরণ
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২১:৩৫
শ্রমিক বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তার কারণ দেখাইয়া গত মঙ্গলবার হইতে আশুলিয়ার সব গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়াছিল তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। পরে এই সিদ্ধান্ত পরিবর্তন করিয়া শুধু গোলযোগপূর্ণ পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকাল বন্ধ রাখার কথা বলা হয়। প্রথম সিদ্ধান্তে এই শিল্প মালিকদের মধ্যেই অসন্তোষ দেখা দেয়। পরে বিজিএমইএকে দ্বিতীয় সিদ্ধান্তে আসিতে হয়। আশুলিয়ায় চলমান শ্রমিক বিক্ষোভের কারণ বহুবিধ। সম্প্রতি সাভারের রানা প্লাজা ধসে এ যাবত্কালের সবচাইতে বেশি শ্রমিকের প্রাণহানি ঘটিয়াছে। সেই ভয়াবহ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াইয়াছে ১১২৭ জন। ইহার কারণে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করিতেছিল। সেই সঙ্গে গত শনিবার একটি পোশাক কারখানায় এক নারী শ্রমিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করিয়া উত্তেজনা বাড়িতে থাকে। অন্যান্য দাবি-দাওয়াও সামনে চলিয়া আসে। আশুলিয়া এলাকায় প্রায় ৩০০ গার্মেন্টস কারখানা রহিয়াছে। দেশের মোট রপ্তানি পোশাকের প্রায় ২৫ শতাংশ এককভাবে এই এলাকার কারখানা হইতে রপ্তানি হইয়া থাকে। তাই শ্রমিকদের অসন্তোষের ঢেউ সহজেই এখানে আছড়াইয়া পড়ে।
গার্মেন্টস কারখানার মালিকদের অভিযোগ, শ্রমিকরা আজকাল কারখানায় ঢুকিয়া কার্ড পাঞ্চ করিয়া তথা হাজিরা দিয়া কাজ না করিয়া বাহির হইয়া যায়। অতঃপর ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। প্রতিষ্ঠানবিরোধী ভূমিকা পালন করে, যাহা দিনের পর দিন চলিতে পারে না। এমনকি মিরপুরে কমপ্লায়েন্স সম্পন্ন (কর্মপরিবেশ) একটি কারখানার মালিকের প্রাণনাশেরও চেষ্টা করা হয়। এই পরিস্থিতিতে যে কোন স্থানে এই ধরনের অস্থির পরিবেশ দেখা দিলে সেখানে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। নেওয়া হয় ‘ নো ওয়ার্ক নো পে’ নীতি। অর্থাত্ বন্ধ থাকার জন্য শ্রমিকদের কোন মজুরি দেওয়া হইবে না। এই পরিস্থিতি এমন এক সময় তৈরি হইল, যখন শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর লক্ষ্যে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়াছে সরকার। তাহাছাড়া শ্রম আইন সংশোধনপূর্বক ট্রেড ইউনিয়ন করার অধিকারের প্রতি গুরুত্বারোপ ও মুনাফার ৫ শতাংশ শ্রমিক কল্যাণে ব্যয় করার বাধ্যবাধকতা আরোপের প্রচেষ্টা অব্যাহত আছে। এমতাবস্থায় বিভিন্ন পক্ষের মধ্যে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ইহার নানা প্রতিক্রিয়া দেখা দেওয়াটা অস্বাভাবিক নহে।
অব্যাহত শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের মুখে মালিকদের কারখানা বন্ধের ঘোষণায় তাহাদের শক্তিমত্তার পরিচয় পাওয়া যাইতেছে। আবার সিদ্ধান্ত পরিবর্তনে তাহাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের বিষয়টিও প্রতিভাত হইতেছে। অর্থাত্ মালিক ও শ্রমিক কেহই তাহার নিজ অবস্থান সম্পর্কে সচেতন নহে। শ্রমিকদের দাবি-দাওয়া মানা না হইলে তাহারা ধর্মঘট করিতে পারেন, কিন্তু ধ্বংসাত্মক বা প্রতিষ্ঠানবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হইতে পারেন না। তাহার সম্মুখে কি কি বিকল্প রহিয়াছে তাহা তাহাদের জানা দরকার। এমনকি আইনগত সুযোগ-সুবিধা ও সীমাবদ্ধতাগুলি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পক্ষান্তরে মালিক শ্রমিকদের চাকরিচ্যুত করিতে পারেন, প্রয়োজনে লক-আউটের মাধ্যমে কারখানা তালাবদ্ধ করিয়া দিতে পারেন। কিন্তু বিনিয়োগ উঠিয়া না আসা পর্যন্ত তিনি সহসা এই ধরনের কঠোর পদক্ষেপ নিতে পারেন না।
কোন শিল্পমালিক সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার ও দক্ষ পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বাড়াইয়া সংশ্লিষ্ট সকলের জীবন মানের উন্নয়ন ঘটাইতে পারেন। কিন্তু আমাদের দেশে বাস্তবে ইহার প্রতিফলন নাই। নৈরাজ্যকর পরিস্থিতির ইহাই মূল কারণ। প্রকৃতপক্ষে এখানে পুঁজিবাদ বা সমাজতন্ত্র কোন অর্থনীতিই কার্যকর নহে। লুম্পেন (Lumpen) বা লুটেরাদের অর্থনীতিই এখানে বলীয়ান ও শক্তিশালী। মার্কস ও এঙ্গেলস কমিউনিস্ট মেনিফেস্টোতে তাহাদের অভিহিত করিয়াছেন সমাজের আবর্জনা হিসাবে। আর উদার পুঁজিবাদ ও মুক্তবাজার অর্থনীতিতে তাহাদের তো কোন স্থানই হইতে পারে না। অর্থনীতির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি ও নিয়ম-কানুন অনুসরণ না করা পর্যন্ত এই শিল্প ব্যবস্থায় বিদ্যমান নৈরাজ্য ও হতাশা হইতে আমাদের পরিত্রাণ নাই।