ঝুঁকির মুখে টিকাদান

দেশের কিছু কিছু অঞ্চলে টিকাদান কর্মসূচির সফলতা ঝুঁকির মুখে পড়িয়াছে। আমাদের ভবিষ্যত্ প্রজন্ম ও বিশ্বস্বাস্থ্যের জন্যও বিষয়টি অতি উদ্বেগের। যে কারণে গুটিকয়েক অঞ্চলে টিকাদান বাধার মুখে পড়িয়াছে তাহা অবহেলার নহে। মাত্র মাসদুই পূর্বে দেশ জুড়িয়া ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ঔষধ গ্রহণ করিয়া দেশের নানা প্রান্তে শিশুরা অসুস্থ হইয়া পড়িয়াছিল। কোনো কোনো ক্ষেত্রে শিশুমৃত্যুও ঘটিবার খবর দেশব্যাপী নানা ডালপালা লইয়া ছড়াইয়া পড়িয়াছিল। তাহার কিছু কিছু ‘সত্য’ আর কিছুটা ‘গুজব’— যাহাই হউক— সাধারণ মানুষের মনে গভীরভাবে নেতিবাচক ছাপ রাখিয়াছে। তাহাই এইবার বুঝা গেল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পোলিওসহ বিভিন্ন রোগের প্রতিষেধক গ্রহণের হার হ্রাস পাইবার চিত্রে। এই হাওর অঞ্চলে টিকাদানের হার প্রায় ৬০ শতাংশ কমিয়া গিয়াছে। স্বাস্থ্যকর্মীরা বাড়িতে বাড়িতে শিশুদের টিকাদানে আসিলে অভিভাবকেরা তাহাদের বাধা দিতেছেন। টিকাদানে অনাগ্রহী অভিভাবকদের দুশ্চিন্তা হেলাফেলার নহে। তাহারা গত মার্চের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ঔষধের কারণে অসুস্থতা ও মৃত্যুগুজবের পরিপ্রেক্ষিতে বলিতেছেন, ‘টিকা নিয়া পুলাপান মারা গেছে। এর লাগি আমার পুলারে টিকা দেই না।’ অথচ গত মার্চের পূর্বে ওইসব অঞ্চলে পোলিওসহ বিভিন্ন রোগের প্রতিষেধক গ্রহণের হার ছিল শতভাগ। বিপরীতে বর্তমানে টিকা গ্রহণের হার ২০ বত্সর পূর্বের অবস্থায় চলিয়া গিয়াছে। অথচ সমপ্রসারিত এই টিকাদান কর্মসূচির (ইপিআই) অধীনে শিশুদের যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস-বি এবং বিভিন্ন রোগের টিকাদান দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার অতি গুরুত্বপূর্ণ অংশ। যেইসব প্রাণঘাতী রোগ প্রতিহত করিবার জন্য বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি পরিচালিত হয়, তাহা সমগ্র মানবজাতির জন্য অপরিহার্য স্বাস্থ্যসেবা। গুটিবসন্ত এককালে মহামারি আকারে জনপদের পর জনপদ উজাড় করিয়া দিত। তাহা সম্পূর্ণ নির্মূল সম্ভবপর হইয়াছে বিশ্বব্যাপী এই টিকাদান কর্মসূচির মাধ্যমেই। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চেষ্টা করিতেছে পোলিও-কে বিশ্ব হইতে নির্মূল করিতে। ইহার জন্য এই রোগের ঝুঁকির ভিতরে রহিয়াছে এমন প্রতিটি শিশুকে টিকাদান বাধ্যতামূলক। তাহার ব্যত্যয় ঘটিলে এই রোগ কখনই বিশ্ব হইতে নির্মূল হইবে না। আজি হইতে ৬০ বত্সর পূর্বে সফলভাবে পোলিও টিকা কর্মসূচি আরম্ভ হইলেও দীর্ঘ ছয় দশকে বিশ্বের মাত্র কয়েক অঞ্চলের প্রতিকূলতার কারণে রোগটি নির্মূল সম্ভবপর হইতেছে। অথচ ভাইরাসটি সমূলে উত্পাটন করা সম্ভব না হইলে ভবিষ্যতে রোগটি পুনরায় মহামারির আকার ধারণ করিতে পারে। পাকিস্তান, নাইজেরিয়া ও আফগানিস্তানে নানা বিভ্রান্তির কারণে এই টিকা ফতোয়ার শিকার হইতেছে। ইহার ফল ভালো হয় নাই। এমত ফতোয়ায় পোলিও ভাইরাস মহানন্দে তাহাদের বংশবৃদ্ধির পরিধি বাড়াইয়াছে। সমপ্রতি পাকিস্তানে দুই শত’র অধিক শিশু পোলিও আক্রান্ত হইয়াছে। অথচ, ১৯৯৪ সালে দেশটিতে যেইখানে পোলিও আক্রান্ত শিশুর সংখ্যা ছিল প্রায় ২০ হাজার, সেইখানে তুলনামূলক সফল টিকাদান কর্মসূচির কারণে ২০০৫ সালে এই সংখ্যা মাত্র ২৮-তে নামাইয়া আনা সম্ভব হইয়াছিল। আমাদের দেশে পাকিস্তানের মতো সমস্যা নাই। কিন্তু যে কারণে দেশের কিছু প্রান্তে টিকাদান কর্মসূচি ঝুঁকির মুখে পড়িয়াছে, সেই কারণে শুরুতেই সমূলে উত্পাটিত করিতে হইবে। যেই ভেজাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করিয়া গত মার্চে শিশুরা অসুস্থ হইয়া পড়িয়াছিল, তাহার নেপথ্যের সাধু মুখোশধারী মুনাফাখোরদের ব্যাপারে সরকারকে জিরো টলারেন্স দেখাইতে হইবে, যাহাতে শিশুস্বাস্থ্য লইয়া কেহ ছিনিমিনি খেলিতে না পারে। মনে রাখিতে হইবে, প্রাণঘাতী ভাইরাসের মতোই ‘সন্দেহ’ ও ‘গুজব’ আমাদের দেশে অতিমাত্রায় সংক্রামক। সুতরাং হাওর অঞ্চলের অভিভাবকদের টিকাদান বিরোধী মনোভাব দেশের অন্য অঞ্চলেও ছড়াইতে বা সৃষ্টি হইতে পারে। প্রাণঘাতী রোগের একটি টিকাও বাদ পড়িলে শিশু, অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের বাচ্চা নানাবিধ শারীরিক ক্ষতির সম্মুখীন হইবে, ইহা পরীক্ষিত সত্য। সুতরাং নিজেদের কর্মক্ষম ও সুস্থ জাতি হিসেবে গড়িয়া তুলিতে হইলে টিকাদানের পথের সকল কাঁটা অবিলম্ব উত্পাটন করতে হইবে।