পাকিস্তানের গণতন্ত্র : একটি পর্যালোচনা
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২১:৩৮
এই প্রথমবারের মতো পাকিস্তানের ৬০ বছরের ইতিহাসে একটি গণতান্ত্রিক সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক উপায়ে অপর একটি সরকারের হাতে দেশের দায়িত্বভার অর্পণ করতে যাচ্ছে। এই ইস্যুটিকে পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যারা নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তারা পাকিস্তানে গণতন্ত্র এবং অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করেছেন। ৯/১১ পরবর্তীকালে আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব গণতন্ত্রায়নের যে নীল নকশা প্রণয়ন করেছিল তারই বর্তমান বহিঃপ্রকাশ ঘটেছে পাকিস্তানের নির্বাচনে। এবারের নির্বাচনে জাতীয় পরিষদেও ৩৪২টি আসনে প্রতিনিধি নির্বাচন করার জন্য ৮ কোটি ৬০ লাখ ভোটারের ভোট দেয়ার কথা থাকলেও ৬০ শতাংশের মতো ভোট পড়েছে। সবচেয়ে ইতিবাচক বিষয়টি হলো তালেবানদের ভয়-ভীতি উপেক্ষা করে দেশের জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে এবং তাদের গণতান্ত্রিক অধিকারের সুষ্ঠু প্রয়োগ করেছে।
সার্বিক নির্বাচনী প্রক্রিয়ায় এটাই প্রতীয়মান হয় যে,পাকিস্তানের জনগণ দীর্ঘদিন ধরেই এরূপ গণতন্ত্রের প্রতীক্ষা করে আসছিল। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান আসিফ আলী জারদারী, তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান এবং সাবেক ক্রিকেটার ইমরান খান এবং বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী নওয়াজ শরীফ। বলা ভালো যে, সাবেক পিপিপির নেতা আসিফ আলী জারদারী থেকে জনগণের মুখ ফিরিয়ে নেয়ার কারণ হিসেবে ধরা হয় আমেরিকার প্রতি জারদারীর একপ্রকার আনুগত্য ও দুর্নীতি। এছাড়াও তার স্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডে তাকে নির্বাচনে জয়ী হতে সহযোগিতা করেছিল অতীতে। তবে এ ধারা থেকে জনগণ বেরিয়ে এসেছে। পাশাপাশি নতুন দল হিসেবে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ জনগণের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএলএমএন) এককভাবে দেশটির দায়িত্ব নিতে পারছে না। কারণ হলো এককভাবে অর্থাত্ কেন্দ্রীয় সরকারের দেশ পরিচালনার জন্য প্রয়োজন হলো ১৩৭টি আসনের যেটি তার নেই। কারণ তিনি পেয়েছেন ১৩০টি আসন। তবে সকলের কাছে একটা বিষয়ই প্রতীয়মান হচ্ছে যে, নওয়াজ শরীফ এককভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। আর এজন্যই তিনি বাকি সাতটি আসনের জন্য পিএলএমএফের সাথে জোট গঠন করতে পারবেন অথবা অনেক ছোট দল রয়েছে যারা নওয়াজ শরীফের সাথে জোট গঠনে আগ্রহী। আরও একটি বিকল্প হিসেবে ধারণা করা হয় ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের সাথে তিনি জোট গঠন করতে পারেন। বলা ভালো নতুন দল হিসেবে তেহরিক-ই-ইনসাফ পাখতুয়ান প্রদেশে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। একটি বিষয় সুস্পষ্ট যে, নওয়াজ শরীফ তৃতীয়বারের মতো পাকিস্তানের শাসনভারের দায়িত্ব নিতে যাচ্ছেন। এছাড়াও তার মন্ত্রিসভা গঠন নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হচ্ছে। তবে নওয়াজ শরীফ ক্ষমতা গ্রহণের পর যে বিষয়গুলো তার নিকট চ্যালেঞ্জ হিসেবে আসবে তা হলো— জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, বৃহত্ পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, সামরিক বাহিনীর সাথে নওয়াজ শরীফের সম্পর্ক, মুদ্রাস্ফীতি, প্রতিবেশী দেশগুলোর সাথে বিরূপ সম্পর্ক বিশেষ করে ভারত। অভ্যন্তরীণ সম্পর্ক হিসেবে সিন্ধু, পাখতুয়ান ও বেলুচিস্তানের ক্ষমতায় আসা পিপিপি, পিটিআই, এককিউএম এবং বেলুচিস্তানের কিছু ছোট দল রয়েছে যেগুলোর সাথে কেন্দ্রীয় সরকার তথা নওয়াজ শরীফের বিশেষ নজর রাখতে হবে। বর্তমানে নির্বাচনে জয়ী হওয়া নওয়াজ শরীফের অতীতের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন প্রশাসনের সাথে তার ভালো সম্পর্ক ছিলো না। এমনকি ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় নওয়াজ শরীফ হোয়াইট হাউস ভ্রমণ করেন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। কিন্তু ক্লিনটন প্রশাসন তাকে ইতিবাচক কোন সাড়া দেয়নি বরং যুদ্ধ থামাতে নির্দেশ দেয়। এছাড়া আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো পাকিস্তানের পরমাণু কর্মসূচি নওয়াজ শরীফের সময়ই পরিপূর্ণতা পায়। সুতরাং পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন তার নির্বাচনী প্রচারণার অন্যতম একটি বিষয় হিসেবে বিবেচিত হয়েছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে নওয়াজের সম্পর্ক ভালো হবে না খারাপ হবে তা এখনই বলা যাচ্ছে না। কারণ ধারণা করা হয়ে থাকে নওয়াজ শরীফের সাথে কিছু কট্টরপন্থি দলের সম্পর্ক রয়েছে যা যুক্তরাষ্ট্র কখনই ভালোভাবে দেখে না। তবে নওয়াজ শরীফ পাকিস্তানের শাসনভার হাতে নিতে যাচ্ছেন কিন্তু তার ব্যাপারে অনেকেই বিরূপ মনোভাব পোষণ করেন। নওয়াজ শরীফের সাথে সৌদি আরবের নেতৃবৃন্দের সুসম্পর্ক রয়েছে। নির্বাসনে থেকে দেশে ফিরে আসার পর নির্বাচনী প্রচারণায় তিনি ঘোষণা দিয়েছিলেন সামরিক বাহিনী দ্বারা তিনি দেশ পরিচালনা হতে দেবেন না। এছাড়াও তিনি জারদারীর সময় যেসব অর্থনৈতিক অবকাঠামোগত বিষয়গুলোর নিম্নমুখী মাত্রা ছিল সেগুলোরও উন্নয়নের কথা বলেছিলেন। তিনি ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনেরও আশ্বাস দিয়েছিলেন। সকলেই তার নির্বাচনী প্রচারণায় জনগণের নিরাপত্তা এবং ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের আশ্বাসকে ইতিবাচক বলে মনে করেছিলেন। যে ব্যর্থ রাষ্ট্রের উদাহরণ হিসেবে পশ্চিমাদের নিকট পাকিস্তান এতোদিন পরিগণিত হয়ে আসছিল তা অনেকাংশেই দূর করতে সক্ষম হয়েছে গণতান্ত্রিক উপায়ে সংঘটিত হয়ে যাওয়া পাকিস্তানের সাধারণ নির্বাচন। ভারতের সাথে সম্পর্ক স্থাপন, আফগানিস্তানের তালেবানদের সমর্থন বন্ধ করা, পাশাপাশি নির্বাচনের মাধ্যমে অভ্যন্তরীণ সমস্যা দূর করার যে ইঙ্গিত তার নির্বাচনী প্রচারণায় ছিলো তা ফলপ্রসূ করতে নওয়াজ শরীফকে অনেকটা বেগ পেতে হবে। কারণ নির্বাচনের মাধ্যমে ঐক্যের পরিবর্তে প্রদেশগুলোর মাঝে একপ্রকার বিভাজন সৃষ্টি হতে পারে। নির্বাচনের ফলাফল অনুযায়ী দেখা যায় বেলুচিস্তানে যারা স্বাধীনতাকামী তারা নির্বাচিত হয়েছে। সিন্ধু প্রদেশে জারদারীর সমর্থিত দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পাঞ্জাবে নওয়াজ শরীফের আধিপত্য বরাবরের মতোই অক্ষুণ্ন রয়েছে। এছাড়া তালেবান সমস্যা সমাধান করাও নওয়াজ শরীফের নেতৃত্বাধীন দলের পক্ষে অনেক কষ্টসাধ্য হবে বলে ধারণা করা হয়। তবু আশা করা যায় যদি পাকিস্তানকে একটি শান্তিপূর্ণ এবং অগ্রসরমান রাষ্ট্র হিসেবে এগুতে হয় তাহলে সুষ্ঠু গণতন্ত্রায়নের চর্চা ব্যতীত অন্য কোন পথ খোলা নেই। এই নির্বাচনের মাধ্যমেই তার প্রমাণ পাওয়া যায়, সেটা হলো যদি গণতন্ত্র নিশ্চিতকরণের সুযোগ থাকে তবে জনগণ অবশ্যই তাতে সাড়া দেবে। এছাড়াও আরো প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের জনগণ ধর্মীয় এবং কট্টরপন্থি দলগুলোর সকল ভীতি এবং বাধা-বিপত্তি অতিক্রম করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে এবং দেশে একটি গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে যা মূলত পাকিস্তানের ছয় দশকের রাজনীতির ইতিহাসে এই প্রথম।
লেখক :সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ই-মেইল :kafi.juniv@yahoo.com