বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও ঐক্য ভাবনা

প্রায়ই আমরা ভাবমূর্তি নিয়ে কথাবার্তা বলি, বলতে পছন্দ করি। পান থেকে চুন খসলেই দেশের ভাবমূর্তি ‘গেল গেল’ বলে আওয়াজ তোলা মানুষের অভাব নেই। ফের রক্তগঙ্গায় বহমান স্বদেশ দেখেও অনেকে মনে করেন এতে ভাবমূর্তির কিচ্ছুটি হবে না। একটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও চারিত্র কিসের ওপর নির্ভরশীল বা কি কি বিষয় এর নিয়ন্ত্রক, সে ব্যাপারে জ্ঞানের অভাবেই মানুষ এমন অন্ধ হয় বা হতে পারে। মূলত আমাদের দেশের মতো উন্নয়নশীল নামে পরিচিত দরিদ্র দেশের ভাবমূর্তি নির্ভর করে তার অগ্রযাত্রা আর নিরাপত্তার ওপর। পৃথিবীর যেসব দেশ শান্তি ও নিরাপত্তায় অগ্রগণ্য তাদের আর্থিক সূচকের হেরফের হলেও ভাবমূর্তি বদলায় না। বাংলাদেশকে নিরাপদ রাখাটা কঠিন, আরো কঠিন এর শাসন ব্যবস্থা বা রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখা। গত কিছুদিন থেকে এক চরম অস্থিরতা আর নৈরাজ্যমূলক পরিস্থিতির দিকে দ্রুত ধাবমান এই দেশ দেখে মানুষের চোখ কপালে ওঠার যোগাড়। নভেম্বরেও দেশে ছিলাম আমি। রাজনীতির দুর্নীতি, গোষ্ঠী ও দলগত সন্ত্রাস মস্তানির বাইরে তেমন কিছু চোখে পড়েনি। কিন্তু গত কয়েক মাসে সে চেহারা আমূল পাল্টে এখন বাংলাদেশকে চরম প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে রাজনীতি। কোনটা সত্য, কে ভুল করছে বা আখেরে কারা টিকবেন তারচেয়েও বড় প্রশ্ন ভবিষ্যত্ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আগেই বলেছি গরিব দেশের ভাবমূর্তির উন্নয়ন চাট্টিখানি কথা নয়। তার উন্নতি বা অগ্রগতির রেখাটি প্রবল হলেও কর্তারা মানতে নারাজ। তাছাড়া সবাই ভাবে হঠাত্ করে বা আচমকা কিছু ঘটে গেছে। কয়েকমাস বা কিছুদিন পর আবার যথাস্থানে ফিরে যাবে। বাংলাদেশ যে বাস্তবতার মুখে কুলুপ এঁটে এগুতে শুরু করেছিল, বস্ত্র, জাহাজ নির্মাণ, ঔষধ, এমনকি মেধা বিনিয়োগেও তার এগিয়ে যাবার চিহ্ন প্রকট হয়ে উঠছিল। অস্ট্রেলিয়ার মিডিয়ায় বাংলাদেশের প্রশংসা ও শ্রমের উজ্জ্বলতা দেখে পুলকিত হয়েছি। বেশ ক’বছর আগেও এরা আমাদের চিনতো না, চিনলেও নাক উঁচু মনোভাব ও গরিব ভেবে পাশ কাটানোর প্রক্রিয়া থেকে বেরুতে পারতো না। বিগত ক’বছরে সে অবস্থা পাল্টাতে শুরু করেছিল। একদিকে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মেধা ও শ্রম, অন্যদিকে দেশের ভেতর আর্থিক উন্নয়নের চাকায় গতি, পালে হাওয়া লাগায় ভাবমূর্তি দ্রুতই উজ্জ্বল হয়ে উঠছিল। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গে বিশ্বাসী রাজনীতি তাকে দীর্ঘস্থায়ী হতে দেয়নি। বর্তমান বাস্তবতায় দেশের মতো বিদেশেও বাংলাদেশিরা আজ চরম অনৈক্য আর বিভাজনের শিকার। বাস্তবতা এই, বন্ধুত্ব ভাংছে, একজন আরেকজনের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, কোথাও কোথাও আড্ডা বা বিনোদন পরিণত হচ্ছে মারমুখী আক্রমণে। দেশে না থাকা, কালেভদ্রে ঘুরতে যাওয়া মানুষের এই আচরণের নাম কী দেশপ্রেম? না উগ্রতা? স্বভাবসুলভতায় এই উগ্রতা নিজেদের ভেতর সীমাবদ্ধ থাকতে পারছে না। এখন উভয়পক্ষ নিজেদের অবস্থান ও ভূমিকা জায়েজে বিদেশিদের কাছে ধরনা দেয়া শুরু করেছে। পৃথিবীর প্রায় সব দেশে উদ্যোগী কর্মনিষ্ঠ পরিশ্রমী বাংলাদেশিরা নিজেদের মিডিয়া অর্থাত্ প্রিন্ট মিডিয়া, টিভি চ্যানেল, রেডিওর শাখা খুলে সংস্কৃতি চর্চা করেন। সাথে থাকে দেশের নিউজ ও ভিউজ। কোনটাই এখন আর ঠাণ্ডা মাথায় চলতে পারছে না। এর বাইরে পা ফেলে বিদেশি মিডিয়াকে নিজেদের অবস্থান তুলে ধরার নামে চলছে অপপ্রচার। উভয়পক্ষ ক্ষমতাসীন দল বা বিদেশে ঐসব দেশের বিরোধী দলের সাথে লবিং করতেও ছাড়ছে না। এই যে ক্রিয়া-প্রতিক্রিয়া এর সারমর্ম বা মূল কথা হচ্ছে আমরা দ্বিধাবিভক্ত, অনৈক্য আর ভেদাভেদে লিপ্ত। এর ফলে আমরা নিজেরাই নিজেদের ছোট করে, তুচ্ছ করে অপমানের রাস্তা তৈরি করছি। অথচ দেশের বিবাদ বিদেশে বয়ে বেড়ানোর আসলেই কোন কারণ নেই। দেশ থেকে যোজন যোজন দূরে বসবাসরত প্রবাসীদের অনেকেই হয়তো আর কোনদিন দেশে ফিরে যাবেন না, কেউ কেউ বেড়াতেও যাবেন না। তারপরও আদাজল খেয়ে যে কোন এক পক্ষের উগ্র হয়ে নামার কারণ বোঝা দায়। অধ্যাপক, বুদ্ধিজীবী, শ্রমজীবী, নারী-পুরুষ সবার ক্ষেত্রেই এর প্রতিফলন দেখছি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভাবমূর্তি কি আদৌ টিকে থাকবে? বিগত কয়েক মাসের বাংলাদেশ ও এর চেহারা যুদ্ধরত দেশগুলো বা দাঙ্গা-বিক্ষুব্ধ রাষ্ট্রগুলোর চেয়েও ভয়াবহ। মাঝে মাঝে তা বীভত্স ভয়ানকও বটে। আমরা দেশের মানুষ বলে ছাড় দেই, বুঝতে পারি, সহনীয় করে মেনে নেই। বিদেশিদের তো সে দায় নেই। দেয়া-নেয়ার সম্পর্ক আর চাক্ষুস অভিজ্ঞতায় বিশ্বাসী আন্তর্জাতিক মহলকে ভাবমূর্তি বোঝানোর উপায় একটাই— উন্নয়ন ও শান্তির বার্তা পৌঁছে দেয়া। দেশের রাজনীতি যদি তা করতে ব্যর্থ হয় কোন আদর্শ বা চেতনাই তাকে নিরাপদে রাখতে পারবে না। সবার ওপর মানুষ ও দেশ, এই ঐক্যবোধ এখনো আমাদের বাঁচাতে পারে কি দেশে কি বিদেশে। (সিডনি থেকে)