ম্যান সিটির পথে পেলিগ্রিনি

ম্যানুয়েল পেলিগ্রিনিকে কোচ হিসেবে পাওয়ার ব্যাপারে আরো একধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। কারণ, পেলিগ্রিনির বর্তমান দল মালাগা এরই মধ্যে জানিয়ে দিয়েছে মৌসুম শেষে নতুন দল বেছে নিতে কোন বাধা নেই এই চিলিয়ান কোচের। প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালনের পর ১৩মে সিটি বিদায় জানায় কোচ রবার্তো মানচিনিকে। তারও আগ থেকেই মানচিনির উত্তরসূরী হিসেবে শোনা যাচ্ছিল পেলিগ্রিনির নাম। ৫৯ বছর বয়সী এই কোচের ব্যাপারে আগ্রহের কথা স্বীকার করে সিটি কর্তৃপক্ষও। পেলিগ্রিনির চ্যাম্পিয়নস লিগ সাফল্যই সিটিকে তার প্রতি আগ্রহী করেছে। তবে মালাগার সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় ধারণা করা হচ্ছিল পেলিগ্রিনিকে নিয়ে আগামী মাসের আগে দু’পক্ষ কোন সমঝোতায় আসতে পারবে না । সেজন্যেই অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে তারা ঘোষণা করে ব্রায়ান কিডের নাম। তবে গতকাল বুধবার স্প্যানিশ ক্লাবটি ঘোষণা করে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ চাইলে মৌসুম শেষেই নতুন ঠিকানা খুঁজতে পারেন। স্প্যানিশ মিডিয়া এরই মধ্যে জানিয়ে দিয়েছে, দুই বছরের জন্য সিটির সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছেন পেলিগ্রিনি। চুক্তি মোতাবেক বার্ষিক প্রায় ৩৫ লাখ পাউন্ড পাবেন তিনি। এটি অবশ্য সদ্য সাবেক হওয়া মানচিনির বেতনের অর্ধেকেরও কম। দু’পক্ষে এখনো চূড়ান্ত কোন সমঝোতা না হলেও সিটি জানিয়েছে, তাদের চুক্তিতে মৌখিকভাবে সম্মত হয়েছেন পেলিগ্রিনি।