হকিতে আবার ঘোলাটে পরিবেশ

হকিতে এটা নতুন কোনো ঘটনা নয়। খেলোয়াড়দের দল বদলের জন্য আন্দোলন করতে হয়। প্রায় এক যুগ ধরেই এমনটাই চলে আসছে হকি ফেডারেশনে। এবারও দল বদলের জন্য আন্দোলন করছেন জাতীয় দলের খেলোয়াড়রা। গতকাল বিকালে ১৮-২০ জন খেলোয়াড় হকি স্টেডিয়ামে গিয়ে সমবেত হয়ে আন্দোলনের কথা জানিয়ে বলেন দাবী না মানা হলে মাঠে নামবেন না তারা। গতকাল এশিয়া কাপ হকির অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাতে অনুশীলন স্থগিত করে ফেডারেশন। জাতীয় হকি দলের অধিনায়ক গোলকিপার জাহিদ হোসেন বলেন, ‘আমরা আগেই জানিয়েছিলাম দল বদল ঘোষণা না করা হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে সেটাই আমরা জানাইনি। তার আগেই জাতীয় দলের অনুশীলন প্রথম দিন থেকেই স্থগিত করা হয়েছে।’ তিনি বলেন, ফেব্রুয়ারিতে জানানো হয়েছিল দল বদলের কথা। কিন্তু কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তাই আমরা এখন ঘোষণা করছি সব ধরনের হকি খেলা থেকে বিরত থাকব।’ খেলোয়াড়দের দাবী ফেডারেশনের নির্বাচন তাদের বিষয় নয়। তারা চায় দলবদল ঘোষণা করা হোক। কিন্তু লিগ কমিটি মঙ্গলবার রাতে সিদ্ধান্ত নেয় জুনে ফেডারেশন নির্বাচন সম্পন্ন হলে এক সপ্তাহের মধ্যেই নতুন কমিটি দল বদল ঘোষণা করবে। কিন্তু সে কথার উপর আস্থা রাখতে পারছেন না খেলোয়াড়রা। জাতীয় দলের ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি বলেন, ‘নতুন কমিটি এসে বলবে আমরা মাত্র দায়িত্ব নিয়েছি। একটু সময় দাও- এই সব কথা বলে এ বছরটাই পার করে দেবে। প্রতিবারই দল বদলের জন্য আন্দোলন করতে হয়।’ জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড মাহবুব এহসান রানা খেলোয়াড়দের আন্দোলনে যোগ দিয়ে বলেন, ‘২০০১ সাল থেকে আমরা দল বদলের জন্য আন্দোলন করছি।’ কালকের আন্দোলনে ছিলেন মামুনুর রহমান চয়ন, মিমো, পিন্টু, নান্নু, কামরুজ্জামান রানা, আসাদুজ্জামান চন্দন, প্রিন্স, সারোয়ার, কৌশিক, রাসেল, রুবেল প্রমুখ খেলোয়াড়। খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পী এবং সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্সও শরীক হন এতে। খেলোয়াড়দের অভিযোগের সাথে অবশ্য একমত নয় ফেডারেশন। সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ বলেন, ‘লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে জুনে ফেডারেশন নির্বাচন হয়ে গেলে এক সপ্তাহ পরই দল বদল ঘোষণা করা হবে। আর এখনই নির্বাচন না হলে আরেকটি সভা ডেকে দল বদলের তারিখ ঘোষণা করা হবে।’ জিমি এ প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনের সাথে আমাদের কী সম্পর্ক ? আমরাতো নির্বাচন করছি না।’ কিন্তু ফেডারেশরন সম্পাদক রহমতউল্লাহ বলেন, ‘সম্পর্ক খেলোয়াড়দের নেই। ক্লাবগুলোর রয়েছে’। এডহক কমিটির এই কর্মকর্তার দাবী-‘দল বদলের সময় শেষ হয়ে যায়নি। গত আগস্টে লিগ শেষে হয়েছে। এমন তো না যে এক বছর ধরে দল বদল হচ্ছে না। ৬ মাস আগেই ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে মে মাসে দলবদল।’ খেলোয়াড়দের আন্দোলন নিয়ে তিনি আরো দাবি করেন, ‘কিছু লোক খেলোয়াড়দেরকে উস্কানী দিচ্ছে। তিনি নাম প্রকাশ না করে মোহামেডান ক্লাবের হকি কর্মকর্তা আরিফুল হক প্রিন্সের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘একজন ব্যক্তি লিগ কমিটির সভায় এসে বলেছেন নির্বাচনের পর দল বদল। আবার এখন দেখছি তিনি খেলোয়াড়দের আন্দোলনে সবার আগে। এই দ্বৈত ভূমিকা কী কারনে ? এটা তো উস্কানীমূলক আচরণ।’ নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি। কিন্তু তোড়জোড় চলছে প্রার্থীদের। এর মধ্যে হকি খেলোয়াড়দের আন্দোলন হকি অঙ্গনকে ঘোলাটে পরিবেশের মধ্যে ঠেলে দিল। কারণ আগস্টে মালয়েশিয়ায় হবে এশিয়া কাপ হকি।