স্বর্ণমুদ্রায় টেন্ডুলকার

জীবনে অনেক সোনালী অর্জন তার। ক্রিকেটের অনেক সোনায় মোড়ানো মুহূর্ত এসেছে তার হাত ধরে। বিশ্বের লাখো লাখো ক্রিকেট ভক্তের কাছে তার মূল্য স্বর্ণের চেয়েও বেশি! সেই শচীন রমেশ টেন্ডুলকারের মুখের ছাপওয়ালা স্বর্ণমুদ্রা এবার আপনার হাতের নাগালে! হ্যা, চাইলে এমন একটা স্বর্ণমুদ্রার মালিক হয়ে যেতে পারেন আপনিও! গত মঙ্গলবার মুম্বাইয়ে টেন্ডুলকারের মুখের ছবি সমৃদ্ধ স্বর্ণমুদ্রা উন্মোচন করেছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান নিজেই। মুম্বাইয়ের নামকরা ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘ভলমার্ট গোল্ড অ্যান্ড জুয়েল লিমিটেড’ তৈরি করেছে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম ওজনের এই মুদ্রা। প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা এই একই মাপ ও ওজনের মোট এক লাখ মুদ্রা বাজারে ছাড়বে। যার প্রতিটির বাজার মূল্য হবে ভারতীয় মুদ্রায় ৩৪ হাজার রূপী। হিন্দু শাস্ত্র মতে, সোনা ক্রয়ের শ্রেষ্ঠ তিথি অক্ষয়তৃতীয়ার দিনেই এই মুদ্রা উন্মোচন করতে গিয়ে টেন্ডুলকার বলেন, ‘জীবনে মনে রাখার মতো সোনালী মুহূর্ত অনেক। তবে এটা অনন্য এক মুহূর্ত। আমি নিজেও সোনা সংগ্রহ করতে খুব ভালোবাসি। ফলে ব্যাপারটা ভালো লাগছে।’—বিবিসি