এবার কাউন্টি অভিযানে সাকিব

আইপিএল খেলতে পারেননি সাকিব আল হাসান; সে জন্য আফসোস থাকতে পারে তার। তবে আইপিএল মিস হলেও কাউন্টি মিস করছেন না সাকিব। নতুন চুক্তি হওয়া দল লিস্টারশায়ারের হয়ে খেলতে এবার ইংল্যান্ড যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। গতবছর উষ্টারশায়ারের হয়ে খেলেছেন তিনি; তবে এবার পেয়েছেন নতুন দল। লিষ্টারশায়ারের হয়ে খেলার জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। আজ ইংল্যান্ডের ভিসার জন্য দাঁড়াবেন। ইচ্ছা আছে এ মাসের শেষ সপ্তাহে উড়াল দিবেন লন্ডনে। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে ইংল্যান্ডের ভিসা আবেদনপত্র পূরন করতে এসে সাকিব বললেন, ‘কাউন্টি খেলতে এ মাসের শেষ সপ্তাহে ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে। সেখান থেকে সুযোগ পেলে আমেরিকায় যেতে পারি’। বিয়ে করার পর সস্ত্রীক তেমন একটা বেড়াতে পারেননি সাকিব। এবার ইংল্যান্ড থেকেই আমেরিকায় যেতে চাচ্ছেন তিনি। সাকিবের স্ত্রী শিশির আমেরিকাতেই আছেন এখন। ইংল্যান্ড ও আমেরিকার ভ্রমনের কারণে প্রায় তিনমাস দেশের বাইরে থাকতে হবে তাকে। এরমধ্যে ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হলেও খেলতে পারবেন কিনা, সে সিদ্ধান্ত এখনও নিতে পারেননি, ‘লিগ খেলতে পারবো কিনা তা বলতে পারছিনা। আল্লাহই ভালো জানেন’। টি-টোয়েন্টি ভিত্তিক কাউন্টি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ২৭ আগষ্ট পর্যন্ত। পুরো টুর্নামেন্ট খেলে আসলে সেপ্টেম্বরের আগে দেশে ফেরা হবেনা সাকিবের। তবে ঢাকার লিগ শুরু হলে মাঝপথে দেশে ফিরে আসতেও পারেন তিনি, সেটিও নির্ভর করবে তার দলের ম্যানেজম্যান্টের উপর।