নেইমারের ফর্ম ফেরাতে স্কোলারির প্রয়াস

লুই ফিলিপ স্কোলারি কনফেডারেশন কাপের জন্য ঘোষিত ব্রাজিল দল থেকে কাকা ও রোনালদিনহোকে বাদ দিলেও ফর্মে না থাকা নেইমারের অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেছেন। তার দাবি ভালই খেলছেন নেইমার। কাকা ও রোনালদিনহোর ব্যাপারে অবশ্য বলেছেন উভয় খেলোয়াড় যদি নিজেদের ক্লাবের হয়ে দাগ কাটতে পারেন, তাহলে ভবিষ্যতে তাদের জন্য আরো সুযোগ থাকবে। সমালোচকরা সান্টোসের হয়ে নেইমারের হতাশ করা ফর্মের বিষয়টি নিয়ে সোচ্চার। সেজন্য তারা নেইমারকেও জুনে অনুষ্ঠেয় মহাদেশীয় টুর্নামেন্টটি থেকে বাদ দিতে বলেন। কিন্তু ব্রাজিলকে ২০০২ সালের বিশ্বকাপ জেতানো এই কোচ খেলোয়াড়টিকে বাদ দেয়ার আহবান অগ্রাহ্য করে বলেন, ‘নেইমার ভালই খেলছে। আমি জানি কিছু লোক এ ব্যাপারে একমত নয়। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গী হলো সে ভাল খেলছে। এটাই আমরা চাই।’ স্কোলারি আরো বলেন, ‘অনেক বারই আমরা কাউকে না কাউকে নেয়ার কারণে সমালোচিত হয়েছি। পর্তুগালে থাকতে কোস্টিনহাকে নেয়ার জন্য আমি অনেকবার সমালোচিত হতাম। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কোস্টিনহা আমি যা চাইতাম তার সবই করতো। এমন নয় যে তার ক্লাবে সে অখ্যাত কেউ। এখানেও আমার মানদণ্ড একই, দলের জন্য একজন খেলোয়াড় কতটা গুরুত্বপূর্ণ।’ আগামী বছরের বিশ্বকাপের আয়োজক ব্রাজিলের কাকা ও রোনালদিনহো সম্পর্কে বলেন, ‘বর্ষীয়ানদের জন্য ইতিহাসের এখনই শেষ নয়। এই তালিকা কেবল কনফেডারেশন কাপের জন্য। অন্য খেলোয়াড়দেরও দেখে নেয়া দরকার যাতে তারাও বিশ্ব কাপে যোগ হতে পারে। কনফেডারেশন কাপের পর আমরা ইউরোপের রাশিয়া, উক্রাইন ও ইংল্যান্ডে যাবো সেখানকার খেলোয়াড়দের পরখ করতে। আমরা দেখবো এবারেরটা কেমন যায় এবং আমাদের সাথে আরো কারা যোগ দিতে পারে।