‘ওরা মানুষের মতো বাঁচতে এসে ফিরে গেলেন লাশ হয়ে’
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:১০
‘চারদিকে শুধু লাশ আর লাশ! স্বজন হারানোর কান্নায় ভারী আকাশ-বাতাস! কেউ ছেলেকে খুঁজে পেলেও মেয়েকে পেয়েছে লাশ হিসেবে। কেউ কেউ স্ত্রীকে জীবিত পেলেও, হাত-পা নেই। কারো ভাই ভবনের নিচে চাপা পড়ে মৃত্যুর প্রহর গুনছে। কেউ কেউ বাঁচার জন্য বিলাপ করছে’। এসব কথা মনে হলে এখনও ঘুমাতে পারি না। চোখ বুজলেই সেই মুখগুলো ভেসে উঠে। ওরা বেঁচে থাকার স্বপ্ন নিয়ে সাভারের রানা প্লাজার গার্মেন্টসে কাজ নিয়েছিল। লাশ হয়ে বাবার কাঁধে ফিরে যেতে নয়। এভাবেই কথাগুলো বলছিলেন ধসে যাওয়া রানা প্লাজার স্বেচ্ছাসেবী আসমা আক্তার লিজা। টানা তের দিন ধ্বংসস্তূপে উদ্ধারকর্মী হিসাবে কাজ করেছেন তিনি।
বুধবার বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে অনুষদের কনফারেন্স রুমে সাভার দুর্ঘটনায় হতাহতের মাঝে এক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি তার এ অভিজ্ঞতার কথা জানান। এভাবে সাভারের মৃত্যুকূপ থেকে ফিরে আসা এনামুল ও সুমি যখন সেই দুর্বিষহ অভিজ্ঞতার কথা বলছিলেন তখন পুরো কনফারেন্স রুমে নেমে এসেছিল পিনপতন নিরবতা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার কথা শুনে সবার চোখে জল নেমে আসে।
মানবতার সেবায় ঢাকা বিশ্ববিদ্যালয় শ্লোগানকে ধারণ করে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা সাভারের ক্ষতিগ্রস্তদের জন্য এ অনুদান সংগ্রহ করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫২ জনকে মোট সাড়ে ৫ লাখ টাকার অনুদান দেয়া হয়। তাদের মধ্যে ৩১ জনকে সেলাই মেশিন, ১৫ জনকে রিক্সা এবং বাকি ৬ জনকে ১০ হাজার টাকা করে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া উপস্থিত ছিলেন, প্রো-ভিসি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথির বক্তব্যে বলেন, কেবল অনুদান প্রদানের জন্য নয় বরং দুর্গতদের পাশে দাঁড়াতে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রয়াস মাত্র। তিনি বলেন, দুর্ঘটনা হতে পারে তবে এই রকম পরিকল্পিত দুর্ঘটনা মেনে নেয়া যায় না। সাভার ট্রাজেডির সাথে জড়িতদের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।