জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করতে দেয়নি পুলিশ

জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার কাউকে সভা-সমাবেশ করতে দেয়নি পুলিশ। সকালে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সমাবেশে পুলিশ বাধা দেয় বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেন। জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সমাবেশ ও স্মারকলিপি প্রদানের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যাত্রার কর্মসূচি থাকলেও পুলিশি বাধার মুখে তা বাতিল করতে বাধ্য হয় সংগঠনটি। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে সভা- সমাবেশ করতে হলে পুলিশ কমিশনারের অনুমতি নিতে হয়। কিন্তু তারা অনুমতি না নেয়ায় তাদের সমাবেশ করতে দেয়া হয়নি। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও প্রেস খুলে দেয়া এবং দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার চালুর দাবিতে বিএফইউজে ও ডিইউজের একাংশের জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। বিএফইউজের একাংশের নেতারা জানান, সকালে পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউনিয়ন অফিসে গিয়ে প্রেসক্লাবের সামনে সভা-সমাবেশ না করার জন্য অনুরোধ জানালে সমাবেশ বাতিল করা হয়।