হলুদ মরিচের গুঁড়ায় ক্ষতিকর কাপড়ের রং!

মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কাপড়ের রং মিশানো হচ্ছে রান্নার মশলা হলুদ ও মরিচের গুঁড়ায়। এছাড়া কাঁচামাল হিসেবে যে হলুদ ও মরিচ ব্যবহার করা হচ্ছে তা পচা ও দুর্গন্ধযুক্ত। গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এবং মহানগর পুলিশের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট বিভিন্ন প্রতিষ্ঠানে প্রস্তুতকৃত মানবদেহের জন্য ক্ষতিকর এসব মশলা ধ্বংস করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে মোবাইল কোর্ট প্রথমে জুরাইন রেলগেইটের নতুন রাস্তায় আলী আকবর রাইস মিলে অভিযান চালায়। সেখানে দেখা যায়, প্রতিষ্ঠানটি পটকা মরিচ দিয়ে মরিচের গুঁড়া উত্পাদন করছে এবং ব্যবহূত কাঁচামাল পচা ও দুর্গন্ধযুক্ত। আদালত প্রতিষ্ঠানটির উত্পাদিত ৩৫ কেজি পটকা মরিচসহ সংরক্ষিত সকল মশলা ধ্বংসের আদেশ দেয়। এরপর একই এলাকার মেসার্স মদিনা অয়েল মিলে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট দেখতে পায় প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর অনুমোদন না নিয়ে ঘি, মধু, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সরিষার তেল এবং নারকেলের তেলের উত্পাদন এবং বিক্রয়, বিতরণ করছে। এছাড়া উত্পাদনস্থলে ধানের তুষের বস্তা পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানের মালিক মহসীন সারোয়ারকে ২১ হাজার টাকা জরিমানা এবং ১০ কেজি ঘি, ১০ কেজি মধু, ১ বস্তা তুষ জনসম্মুখে ধ্বংস করা হয়। পরে মোবাইল কোর্ট রাবেয়া ফ্লাওয়ার মিলে অভিযান চালায়। সেখানে কাপড়ে ব্যবহার উপযোগী রং ব্যবহার করে হলুদ ও মরিচের গুঁড়া উত্পাদন ও বিক্রয় করা হচ্ছে। এই অপরাধে মালিক আব্দুর রবকে ৫ হাজার জরিমানা এবং ১০ কেজি হলুদের ও ১০ কেজি মরিচের গুঁড়া জনসম্মুখে ধ্বংস করা হয়।