ক্ষতিগ্রস্তদের সহায়তায় পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:১১
সাভারের মর্মান্তিক ভবন ধসের ঘটনায় আহতদের সুচিকিত্সা এবং আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসনের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকার অনুদান প্রদান করেছে। সমপ্রতি পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা বলা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহিগণ উপস্থিত ছিলেন।