‘থুথু পার্টি’র কবলে আইনজীবী
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:১২
রাজধানীর তোপখানা রোডে থুথু পার্টির কবলে পড়ে ১ লাখ ১৯ হাজার টাকা খুইয়েছেন জাহাঙ্গীর হোসেন নামে এক আইনজীবী। তার চিত্কারে লোকজন ছুটে এসে ইকবাল নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর কবির জানান, তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সকালে তিনি সুপ্রিম কোর্টের সোনালী ব্যাংক শাখা থেকে ১ লাখ ১৯ হাজার টাকা উত্তোলন করেন। পরে ঐ টাকা পুরানা পল্টন ইসলামী ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় তোপখানা রোডে ৫/৬ জন যুবক থুথু ফেলার অভিযোগ তুলে তার গতিরোধ করে। এ সময় তারা তাকে মারধর করে পকেট থেকে সব টাকা নিয়ে পালিয়ে যায়।
শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর কবিরের চিত্কার শুনে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এ সময় তারা ইকবাল নামে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঐ যুবকের কাছ থেকে ছিনতাইকৃত টাকার ৫৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।