নরসিংদীর শিবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কোন্দারপাড়া ও কামারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার আবুল গনির ছেলে রাসেল আল মামুন (৪০), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে শাহ আলম (৫০) এবং ভোলার তমিজউদ্দিন উপজেলার এলাকার আনিসুল হকের ছেলে আরিফুল হক সুমন (৩৮)। আরিফুল হক সুমন দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার।
ইটাখলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অর্জুন বিশ্বাস জানান, আরিফুল হক সুমন ভৈরব থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের কোন্দারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।
আরো পড়ুন : গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি : তথ্যমন্ত্রী
এদিকে শিবপুর কামারটেক এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে রাসেল আল মামুন (৪০) ও শাহ আলম (৫০) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি